শিশুর মৃত্যু, হাজারো মানুষ পানিবন্দী, ব্যাপক ফসলহানি, ত্রাণ পৌঁছায়নি অনেক এলাকায়
ভাঙনের পদধ্বনি

ব্রহ্মপুত্র ও যমুনা নদীর পানি গতকাল শনিবার কয়েকটি এলাকায় কমলেও দেশের বন্যাদুর্গত এলাকাগুলোতে ভাঙনের প্রকোপ বেড়েছে। পানি বেড়ে যাওয়ায় এবং বাঁধ ভাঙার ফলে নতুন কিছু এলাকা প্লাবিত হয়েছে। এতে ফসলহানি ঘটেছে ব্যাপক। হাজার হাজার মানুষ এখনো পানিবন্দী হয়ে আছে। বন্যার পানিতে পড়ে এক শিশু মারা গেছে গতকাল। বেশির ভাগ এলাকায় ত্রাণসামগ্রী পৌঁছায়নি। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে বিভিন্ন এলাকায়। পশুখাদ্যেরও অভাব দেখা দিয়েছে অনেক স্থানে। নদীভাঙনের শঙ্কার মধ্যে কাটাচ্ছে হাজার হাজার মানুষ।
পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা তথ্যকেন্দ্রের বরাত দিয়ে গতকাল বাসস জানায়, আগামী ৭২ ঘণ্টায় গঙ্গা-পদ্মা এবং ঢাকা শহরসংলগ্ন নদ-নদীর পানি বাড়তে পারে। ২৪ ঘণ্টা পর যমুনার পানি কমা শুরু হতে পারে। এ ছাড়া, ৭২ ঘণ্টায় ব্রহ্মপুত্র ও মেঘনার পানি কমে যেতে পারে।
বগুড়ার সারিয়াকান্দি উপজেলার চন্দনবাইশা শেখপাড়ায় বন্যানিয়ন্ত্রণ বাঁধের আরও প্রায় ৩০ মিটার অংশ নতুন করে ধসে গেছে গতকাল। এতে উপজেলার চন্দনবাইশা ও রোহদহ ইউনিয়নের ঘুঘুমারি, রৌহাদহ, ইছামারা, ফকিরপাড়া, কড়িতলাসহ আশপাশের গ্রামের হাজার মানুষ আতঙ্ক-উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে। গতকাল ভেঙে যাওয়া ৩০ মিটারসহ গত এক মাসে বাঁধের ছয়টি অংশে প্রায় ৩৭০ মিটার ধসে গেছে। বাঁধটি প্রায় পৌনে সাত কোটি টাকা খরচ করে গত জুন মাসে নির্মাণ করে পাউবো। ধসে যাওয়া অংশে জিও টেক্স ব্যাগ ফেলে ভাঙন প্রতিরোধ করার চেষ্টা চালাচ্ছে পাউবো। এতে আরও প্রায় পাঁচ কোটি টাকা ব্যয় হয়েছে।
বগুড়ার পাউবোর নির্বাহী প্রকৌশলী নুরুল ইসলাম সরকার বলেন, আট কিলোমিটার বাঁধের পুরোটাই ‘ঝুঁকিপূর্ণ’ এবং সোয়া এক কিলোমিটার অংশ ‘অতিঝুঁকিপূর্ণ’ ঘোষণা করা হয়েছে। কোনোভাবেই ধস ঠেকানো যাচ্ছে না।
সারিয়াকান্দির বোহাইল ইউনিয়নের যমুনার চর মাঝবাড়িতে বন্যার পানিতে পড়ে গতকাল চার বছরের শিশু শামীম হোসেন মারা গেছে। শামীম মাঝবাড়ির শাহ আলমের পুত্র। জেলা পাউবো সূত্রে জানা গেছে, গতকাল সারিয়াকান্দির যমুনার পানি ১ সেন্টিমিটার কমেছে।
ধুনটের ভান্ডারবাড়ি ইউনিয়নের সাড়ে তিন হাজার লোক এখনো পানিবন্দী।
কুড়িগ্রামের জেলা পানি উন্নয়ন বোর্ড জানায়, চিলমারী পয়েন্টে ব্রহ্মপুত্রের পানি বিপৎসীমার ১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এ ছাড়া ধরলা নদীর পানি স্থিতিশীল রয়েছে। নুনখাওয়া পয়েন্টে দুধকুমার নদের পানি ৯ সেন্টিমিটার ও কাউনিয়া পয়েন্টে তিস্তার পানি ৬ সেন্টিমিটার কমেছে। পানিবন্দী এলাকায় দেখা দিয়েছে খাদ্য, বিশুদ্ধ পানি, জ্বালানি ও গোখাদ্যের সংকট। সরকারি ত্রাণ অপ্রতুল হওয়ায় সবার ভাগ্যে জুটছে না চাল। চলতি বন্যায় ১৮ হাজার হেক্টর আমনখেত, বীজতলা, শাকসবজির খেত পানিতে তলিয়ে গেছে। সেই সঙ্গে গবাদিপশুর খাদ্যসংকট দেখা দিয়েছে।
ব্রহ্মপুত্র নদের ঝুনকার চরের মজিবর রহমান (৩৭) বলছিলেন, গত সাত দিন নৌকার ওপর পুরো পরিবার নিয়ে দিন-রাত কাটাচ্ছেন।
যাত্রাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৮ নম্বর ওয়ার্ডের মেম্বার আনোয়ার বলেন, প্রতিদিন গরিব মানুষগুলো ছুটে আসে বাড়িতে ত্রাণের আশায়।
নীলফামারীর ডালিয়ায় অবস্থিত দেশের বৃহৎ সেচ প্রকল্প তিস্তা ব্যারাজ পয়েন্টে শনিবার সকাল ছয়টায় তিস্তা নদীর পানি বিপৎসীমার ১২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হলেও বেলা তিনটায় আরও বৃদ্ধি পেয়ে ১৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়।
তিস্তা নদীবেষ্টিত ডিমলা ও জলঢাকা উপজেলার ১৫টি গ্রামের ১৫ হাজার মানুষ চরম ভোগান্তিতে পড়েছে।
ডিমলা উপজেলার খালিশা চাপানী ইউপির ৪ নম্বর ওয়ার্ড সদস্য রমজান আলী বলেন, ‘ক্ষতিগ্রস্ত ৭০০ পরিবারের তালিকা জমা দিয়ে ১৬০ পরিবারের সহায়তা একবার পেয়েছি। যাঁরা বঞ্চিত হয়েছেন তাঁরা এখন আমাকে গালমন্দ করছেন।’
গাইবান্ধায় গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র নদের পানি ৪ সেন্টিমিটার কমেছে।
এদিকে জেলার সুন্দরগঞ্জ, গাইবান্ধা সদর, সাঘাটা ও ফুলছড়ি উপজেলার প্রায় ২৫ হাজার পরিবার এক সপ্তাহ ধরে পানিবন্দী রয়েছে। ত্রাণসামগ্রী অপ্রতুল। কেবল সুন্দরগঞ্জ উপজেলার বেলকা ইউনিয়নে দুটি বন্যা আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। এই দুটি কেন্দ্রে ২০০ মানুষ আশ্রয় নিয়েছে। জেলার বন্যাকবলিত এলাকার ১১টি প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে।
সিরাজগঞ্জ শহরসংলগ্ন যমুনার হার্ড পয়েন্টে গত ২৪ ঘণ্টায় ১ সেন্টিমিটার পানি বেড়েছে। সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, এ পর্যন্ত সিরাজগঞ্জে যমুনা নদীর বন্যানিয়ন্ত্রণ বাঁধ অভ্যন্তরের গ্রামসহ জেলার সদর, কাজীপুর, শাহজাদপুর, উল্লাপাড়া, তাড়াশ ও বেলকুচি উপজেলার চরাঞ্চলের প্রায় ৪৫টি ইউনিয়ন বন্যাকবলিত হয়েছে। এসব এলাকার প্রায় দেড় লক্ষাধিক মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে।
শেরপুর সদর উপজেলার ব্রহ্মপুত্র নদের ভাঙনে চরপক্ষীমারী ইউনিয়নের পাঁচটি গ্রামের শতাধিক বাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে। এসব গ্রামের মানুষ জেলা প্রশাসন থেকে কোনো ত্রাণ বা সাহায্য পায়নি। চরপক্ষীমারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আকবর আলী গতকাল বলেন, ‘বাড়িঘর তৈরির জন্য সরকারি সাহায্যের আবেদন করেছি।’ ভাঙনকবলিত এলাকা পরিদর্শন শেষে শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গতকাল প্রথম আলোকে বলেন, নদের ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর তালিকা তৈরি করা হচ্ছে।
পানি বেড়ে যাওয়ায় জামালপুরের সরিষাবাড়ীর তারাকান্দি-ভূঞাপুর সড়কবাঁধ হুমকির মুখে পড়েছে। বাঁধ রক্ষায় গত চার দিনেও প্রয়োজনীয় কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এ বাঁধ রক্ষা করা না হলে তারাকান্দির যমুনা সার কারখানা কোম্পানি থেকে উত্তরবঙ্গের ১৬ জেলায় সড়কপথে সার পরিবহন বন্ধ হয়ে যাবে।
জামালপুর সদর উপজেলার মিষ্টা ও কেন্দুয়া ইউনিয়নে ১৫টি গ্রাম প্লাবিত হয়েছে।
পদ্মা নদীর পানি বেড়ে যাওয়ায় গত ২৪ ঘণ্টায় দোহার ও নবাবগঞ্জের নয়টি ইউনিয়ন পানিতে ডুবে গেছে। দোহার-নবাবগঞ্জ-মানিকগঞ্জ শহর রক্ষা বাঁধের ধোয়াইর দেওয়ানবাড়ির মোড় এলাকায় বাঁধ ভেঙে প্লাবিত হচ্ছে ধোয়াইর এলাকা।
ঢাকার জেলা প্রশাসক তোফাজ্জল হোসেন মিয়া বলেন, ‘বানভাসি ও ভাঙনকবলিত পরিবারগুলোর জন্য ৫৫ টন চাল ও চার লাখ নগদ টাকা বরাদ্দ করেছি। বিতরণ করা হবে শিগগির।’
(প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন নিজস্ব প্রতিবেদক কুড়িগ্রাম, সিরাজগঞ্জ, বগুড়া অফিস, শেরপুর, গাইবান্ধা, নীলফামারী, জামালপুর, ধুনট (বগুড়া), সরিষাবাড়ী (জামালপুর) নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি)