
আগে ছিল শুধু ভাঙনের ধকল। এবার ‘মড়ার উপর খাঁড়ার ঘা’ হিসেবে যুক্ত হয়েছে বন্যা। কেউ আশ্রয় নিয়েছে স্কুল ও চিকিৎসাকেন্দ্রে। বাকিদের দিন-রাত কাটছে জলমগ্ন অবস্থায়। কেউ কেউ নৌকার ওপরেই তুলে নিয়েছে পুরো পরিবার।
এ অবস্থা রাজশাহীর পবা উপজেলার চরখিদিরপুরের। পদ্মাপারের ছোট্ট এ ভূখণ্ডটি অব্যাহত ভাঙনের কবলে পড়ে দেশের মানচিত্র থেকে মুছে যাওয়ার উপক্রম। এর তিন দিকে ভারত; শুধু উত্তরে বাংলাদেশ। সেদিকে শুধুই পদ্মার অথই পানি। নদীভাঙন ঠেকাতে কার্যকর উদ্যোগ না নিলে ভূখণ্ডটির শেষ রক্ষা হবে না বলে মনে করেন এর বাসিন্দারা।
চরখিদিরপুরের ভাঙন ঠেকাতে গত বছর দুই কোটি টাকা ব্যয় করা হয়। এরপরও ভাঙন থেকে রেহাই পাচ্ছিল না গ্রামবাসী। এ নিয়ে গত ৩০ জুলাই প্রথম আলোয় ‘শেষ রক্ষা হচ্ছে না পদ্মাপারের ভূখণ্ডটির’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর প্রশাসনের উদ্যোগ দৌড়ঝাঁপের মধ্যেই সীমাবদ্ধ ছিল।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, সপ্তাহ খানেক আগে চরখিদিরপুর গ্রামে ঢুকে পড়ে বন্যার পানি। এর আগে ভাঙনের শিকার দেড় শতাধিক পরিবার পাশের মধ্যচরে গিয়ে আশ্রয় নিয়েছিল। এখন সেখানকার অবস্থাও করুণ। মধ্যচরে এখন কোমরপানি।
গত বৃহস্পতিবার চরখিদিরপুর গিয়ে দেখা যায়, দু-একটি উঁচু ভিটা ছাড়া গ্রামের সব জায়গা পানিতে তলিয়ে আছে। অনেকে ঘরবাড়ি ছেড়ে গ্রামের দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও একটি চিকিৎসাকেন্দ্রে আশ্রয় নিয়েছে। ৮-১০টি পরিবার ঠাঁই নিয়েছে এ গ্রামে অবস্থিত প্রথম আলো ট্রাস্ট পরিচালিত আলোর পাঠশালায়। সেখানকার বারান্দায় চুলা জ্বেলে চলছে রান্নাবান্না।
শফিকুলের স্ত্রী নিলুফা বেগম (২৮) বলেন, তিনি পরিবারের মালামাল নিয়ে এ পাঠশালায় উঠেছেন। এমনকি পোষা কবুতরও নিয়ে এসেছেন।
গ্রামের রজব আলী (৬০) বলেন, তাঁরা মাচা অথবা চালার ওপরে উঠে থাকতে পারবেন। কিন্তু গরু-মহিষগুলো নিয়ে বিপদে পড়েছেন। অথচ গবাদিপশু পালনই তাঁর জীবিকার একমাত্র অবলম্বন। গ্রামের ভেতরে ঢুকে দেখা যায়, এখানে-ওখানে বড় বড় নৌকায় মালামাল সাজানো হচ্ছে। রাজশাহী শহর বা পবা উপজেলার বিভিন্ন এলাকায় আত্মীয়স্বজনের বাড়িতে চলে যাবে তারা। কিন্তু যাওয়ার এমন কোনো জায়গা নেই হাফাজুল ইসলামের। তিনি বললেন, ভাঙন তাঁর ঘরের কাছে চলে এসেছে। এখানে আর থাকার উপায় নেই। পরিবার নিয়ে প্রথম আলোর পাঠশালায় গিয়ে উঠবেন।
মধ্যচরে গিয়ে দেখা যায়, বাড়িঘর ফেলে বেশির ভাগ মানুষ এলাকা ছেড়েছে। যাদের একেবারেই যাওয়ার জায়গা নেই, তাদের কেউ ঘরের মধ্যে মাচা করে আছে, কেউ পরিবার নিয়ে নৌকায় বাস করছে। নৌকার ওপরে ঠাঁই হয়েছে গ্রামের নুর ইসলাম চৌকিদারেরও। বাড়ি ছাড়তে হয়েছে এ গ্রামের বাসিন্দা ইউপি সদস্য গোলাম মোস্তফাকেও। তিনি বললেন, রাসেল ভাইপার সাপ এসে তাঁর লাকড়ির ঘরে আশ্রয় নিয়েছে। ঘরের মেঝেতেও পানি। বাধ্য হয়ে অন্যত্র আশ্রয় নিতে হয়েছে।
ইউপি চেয়ারম্যান মফিদুল ইসলাম বলেন, ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে প্রথম দিকে তাঁরা কম-বেশি ত্রাণসামগ্রী দিয়েছিলেন। কিন্তু মড়ার উপর খাঁড়ার ঘা হয়ে এসেছে বন্যা। এ অবস্থায় নতুন করে ত্রাণসামগ্রীর বরাদ্দ দরকার। এ জন্য প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছেন তিনি।