ভাঙনের ভয়ে পালা করে ঘুম
পানি কমে যাওয়ার সঙ্গে সঙ্গে তিস্তা নদীর ভাঙন ভয়াবহ রূপ নিয়েছে। গত কয়েক দিনে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কঞ্চিবাড়ি ইউনিয়নের ছয়ঘড়িয়া গ্রামের তিন শতাধিক ঘরবাড়ি, সাতটি পানের বরজ, প্রায় ৫০ একর আবাদি জমি ও গাছপালা বিলীন হয়ে গেছে বলে এলাকাবাসী জানিয়েছেন।
আশ্রয়হীন হয়ে পড়েছে চার শতাধিক মানুষ। তারা সরকারি জায়গা ও বন্যানিয়ন্ত্রণ বাঁধে আশ্রয় নিয়েছে। এদিকে ভাঙনের কারণে অসংখ্য ঘরবাড়ি হুমকির সম্মুখীন।
গত মঙ্গলবার ছয়ঘড়িয়া গ্রামে গিয়ে দেখা গেল নদীভাঙা মানুষের আতঙ্কিত মুখ। গাইবান্ধা শহর থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে এই গ্রাম। গ্রামে ঢুকতেই দেখা হলো বিয়াল্লিশোর্ধ্ব জহিরন নেছার সঙ্গে। ভাঙনের অবস্থা জানতে চাইলে তিনি বলেন, ‘ভাঙ্গার কতা কী কমো? দিনোত দিনোত এ বাড়িত-ও বাড়িত বেরেয়া সমায় কাটাই। কিন্তু আইতোত (রাতে) নদী ভাঙ্গার বয়ে হামারঘরে নিন্দ (ঘুম) ধরে না। ককন জানি ঘর সুদ্দাই ভাঙ্গি নদিত যাই। নিনদোত থাকলেও হামার কানোত নদি ভাঙ্গার সবদো আসি। হামরা কিচু চাইনে, ভাঙ্গার হাত থাকি হামারঘরোক বাঁচান।’
একই গ্রামের কৃষক আজিজল হক বলেন, ‘সাত দিনে হামার দুইট্যা পানের বোরজ, তিনট্যা ঘর, বসতভিটা নদিত চলি গেচে। বাদ্য হয়া মানসের বাড়িত থাকপ্যার নাগচি। কিন্তু যে বাড়িত থাকি সে বাড়ি নদীত ভাঙ্গি যাবার ধরচে। কখোন ভাঙ্গি যায় ঠিক নাই। তাই আইতোত হামরা পালাকরি নিন্দ পারি। অদ্দেক আইত হামরা জাগি থাকি, হামার ছোলগুল্যাক নিয়া হামার ইসত্রি (স্ত্রী) নিন্দ পারে। আবার ইসত্রি জাগি থাকে হামরা নিন্দ পারি। সাত দিন থাকি এ্যাংকা করি দিন কাটপ্যার নাগচি।’
লাল মিয়া নামে ছয়ঘড়িয়া গ্রামের এক কৃষক বলেন, ‘সাত দিন আগোত হামরা গেরেসতো আচিনো। হামার ঘরে জমাজমি, বাড়িভিটা সগি আচিলো। নদী ভাঙ্গি সাত দিন পরে হামরা ঘরে কিচুই নাই। কামলার কাম না করলে পেটোত ভাত যাবার নোয়ায়।’ এভাবে অনেকে দুঃখের কথা ও পালা করে ঘুমানোর কথা জানালেন।
কঞ্চিবাড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হাফিজার রহমান জানান, প্রতিদিন গড়ে চার-পাঁচ ফুট এলাকা বিলীন হচ্ছে। এভাবে ভাঙতে থাকলে অল্প দিনের মধ্যেই গোটা গ্রাম নিশ্চিহ্ন হয়ে যাবে। বিষয়টি পাউবোকে জানিয়েও কোনো কাজ হয়নি।
যোগাযোগ করা হলে গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী রেজাউল মোস্তফা আসাফুদদৌলা প্রথম আলোকে জানান, তিস্তার ভাঙনরোধে এই মুহূর্তে কোনো কর্মসূচি নেই। তবে ভাঙন রোধে প্রকল্প হাতে নেওয়া হয়েছে।