অব্যাহত ভাঙন ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশের পরও চাঁদপুরে মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন বন্ধ হয়নি। আশ্রয়ণ প্রকল্পের নামে আওয়ামী লীগের স্থানীয় এক নেতা বালু উত্তোলন করছেন।জানা যায়, চলতি বছর চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নে (সাখুয়া) চারটি আশ্রয়ণ প্রকল্পের কাজ শুরু হয়। প্রকল্পগুলো হচ্ছে: বঙ্গবন্ধু আশ্রয়ণ প্রকল্প-১, রামদাসদী বঙ্গমাতা বেগম ফজিলাতুননেছা আশ্রয়ণ প্রকল্প, লক্ষ্মীপুর শেখ রাসেল আশ্রয়ণ প্রকল্প ও রামদাসদী আশ্রয়ণ প্রকল্প।প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি সেলিম খান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ইউপি) ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। প্রকল্পে মাটি ও বালু ভরাটের কাজ পায় সেলিম খানের প্রতিষ্ঠান মেসার্স সেলিম এন্টারপ্রাইজ। প্রকল্পের জন্য মেঘনার পাড়ে ২৮ একর খাসজমিসহ ব্যক্তিমালিকানাধীন ফসলি জমি ভরাট করা হচ্ছে মেঘনার বালু ও মাটি দিয়ে। রামদাসদী আশ্রয়ণ প্রকল্পের বালু ফেলার কাজ শেষ হয়েছে।গত ২২ জানুয়ারি থেকে এ চারটি প্রকল্পে বালু ভরাটের জন্য বরাদ্দ দেওয়া হয় দুই হাজার ৫০০ মেট্রিক টন গম। সেলিম খান এরই মধ্যে পুরো গম উত্তোলন করে নিয়েছেন। পাশাপাশি প্রকল্পের নামে নদী থেকে বালু ও মাটি উত্তোলন করে বিক্রি করা হচ্ছে বলেও অভিযোগ করেছে স্থানীয় ব্যক্তিরা।স্থানীয় কয়েকজন বাসিন্দা ও সাবেক একজন জনপ্রতিনিধি অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে মেঘনা থেকে ব্যাপকহারে বালু উত্তোলনের কারণে লক্ষ্মীপুর ইউনিয়ন ও পাশের হানারচর ইউনিয়নে ব্যাপক নদীভাঙন চলছে। পাঁচ থেকে ছয় মাসে কয়েক শ পরিবার ভিটেমাটি হারিয়েছে। অনেক ফসলি জমি, ঘরবাড়ি, দোকানপাট, রাস্তাঘাট ও এর আগে সরকারিভাবে নির্মিত লক্ষ্মীপুর আশ্রয়ণ প্রকল্পের ১৬০টি ঘর বিলীন হয়ে গেছে।সম্প্রতি প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক সভায় মেঘনা নদী থেকে বালু ও মাটি উত্তোলনকারী সেলিম এন্টারপ্রাইজসহ কয়েকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলা হয়। এ ছাড়া অবৈধভাবে নদীর বালু ও মাটি ব্যবহার করায় লক্ষ্মীপুর ইউনিয়নের আশ্রয়ণ প্রকল্প তিনটি থেকে বঙ্গবন্ধু, বঙ্গমাতা ও শেখ রাসেলের নাম বাদ দেওয়ারও নির্দেশ দেওয়া হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) কবির বিন আনোয়ার স্বাক্ষরিত এ-সংক্রান্ত একটি ফ্যাক্সবার্তা ২২ নভেম্বর চাঁদপুরের জেলা প্রশাসকের কাছে আসে।ওই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) গত মঙ্গলবার দেশের সব জেলা প্রশাসক বরাবর এক আদেশ জারি করে। এ-সংক্রান্ত একটি চিঠি চাঁদপুর জেলা প্রশাসকের কাছে পৌঁছেছে। চিঠিতে বলা হয়েছে, চাঁদপুর নদীবন্দর এলাকায় মেসার্স সেলিম এন্টারপ্রাইজসহ নামে-বেনামে যেসব বালু ও মাটি উত্তোলনকারী প্রতিষ্ঠানকে যে অনুমতি দেওয়া হয়েছিল, তা বাতিল করা হলো।স্থানীয় বিভিন্ন সূত্র জানায়, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিদ্ধান্ত ও বিআইডব্লিউটিএর নির্দেশের পরও অনিয়ন্ত্রিত ও অপরিকল্পিতভাবে বালু উত্তোলন অব্যাহত রেখেছে সেলিম এন্টারপ্রাইজ। জানতে চাইলে সেলিম খান বলেন, ‘ভূমি মন্ত্রণালয় আমাকে বালু তোলার অনুমতি দিয়েছে। সুতরাং আমার বালু তোলা বন্ধ রাখার ক্ষমতা অন্য কেউই রাখে না।’