ভাঙনের মুখে প্রাচীন বৌদ্ধমন্দির
খরস্রোতা চেংগী নদীর অব্যাহত ভাঙনের কবলে খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ঐতিহ্যবাহী বৌদ্ধমন্দির। ভাঙনরোধের জন্য পানি উন্নয়ন বোর্ড (পাউবো) চট্টগ্রাম অঞ্চলে বহুবার আবেদন করলেও কাজ হয়নি।সরেজমিনে দেখা গেছে, উপজেলার কলেজগেট এলাকায় মন্দিরটি অবস্থিত। মূল মন্দিরের পেছনে থাকা মন্দিরটি সবচেয়ে ভাঙনের কবলে রয়েছে। এর পাশে রয়েছে একটি বটগাছ। ছোট মন্দিরের পেছনের অংশ বিলীন হয়ে গেছে। ভাঙন অব্যাহত থাকলে কয়েক বছরের মধ্যে মূল মন্দিরটিও বিলীন হয়ে যেতে পারে। এর ফলে কলেজগেটপাড়া, পানছড়ির ঐতিহ্যবাহী পানছড়ি উচ্চবিদ্যালয়টিও নদীগর্ভে বিলীন হয়ে যাবে।শিক্ষাবিদ সুবেশ কুমার চাকমা বলেন, মন্দিরটি রক্ষার জন্য পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যানের সুপারিশসহ ২০০২ সালে পাউবোয় আবেদন করা হয়। এরপর পাউবো থেকে দু-তিনবার সরেজমিনে পরিদর্শন করা হয়েছে। কিন্তু এখন পর্যন্ত কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।পাউবো চট্টগ্রাম অঞ্চলের নির্বাহী প্রকৌশলী স্বপন বড়ুয়া মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ভাঙনরোধের ব্যাপারে ইউপি চেয়ারম্যান বা উপজেলা চেয়ারম্যানের প্রতিবেদন পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।