ভাঙনের মুখে ফেরিঘাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদ্মায় পানি বৃদ্ধি, নদীর স্রোত ও ঢেউয়ের আঘাতে রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়ার ৩ নম্বর ফেরিঘাট ভাঙনের হুমকিতে পড়েছে। যেকোনো সময় ঘাটটি নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে। ঘাটটি সংরক্ষণের জন্য বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষকে একাধিকবার জানানো হলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। সরেজমিনে ও বিআইডব্লিউটিসির দৌলতদিয়া কার্যালয় সূত্রে জানা গেছে, গত শুষ্ক মৌসুমে নাব্যতা ও ফেরিস্বল্পতার পাশাপাশি ঘাট সংকটের কারণে যানবাহন পারপারে বিআইডব্লিউটিসি নতুন ঘাট স্থাপনের জন্য বিআইডব্লিউটিএকে একাধিকবার অনুরোধ করে। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে বিআইডব্লিউটিএ দৌলতদিয়ায় লো-ওয়াটার লেভেলে দুই পকেট ও একটি র‌্যামবিশিষ্ট ৩ নম্বর ঘাটটি স্থাপন করে। কিন্তু ওই ঘাট দিয়ে চলতি বর্ষার শুরুতেই সামান্য বৃষ্টি ও পদ্মায় কয়েক দফা পানি বৃদ্ধির কারণে যানবাহন ফেরিতে ওঠানামায় সমস্যা দেখা দেয়। পরবর্তী সময়ে ঘাটটি মেরামত বা সংস্কার না করায় মে মাসে কয়েক দফা ভারিবর্ষণ ও নদীতে পানি বৃদ্ধির কারণে ঘাটের র‌্যামটি দুই দফা তলিয়ে যায়। এমনকি একবার টানা পাঁচ দিন ঘাটটি বন্ধ থাকে। বিআইডব্লিউটিএর দৌলতদিয়ায় কর্মরত উপসহকারী প্রকৌশলী আবু তালেব জানান, ভাঙনের বিষয়টি নির্বাহী প্রকৌশলীসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। দ্রুত ঘাটটি স্থানান্তর অথবা হাই-ওয়াটার লেভেলে উঠানোর জন্য চিন্তাভাবনা করা হচ্ছে।