ভাঙনের মুখে বড়মাছুয়া স্টিমার ও লঞ্চঘাট
বলেশ্বর নদের ভাঙনের কবলে পড়েছে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বড়মাছুয়া স্টিমার ও লঞ্চঘাট। ইতিমধ্যে স্টিমার ঘাটের পন্টুনের যাতায়াতের বেইলি সেতুটি ভেঙে গেছে। লঞ্চঘাট এলাকায় ভাঙনের ঝুঁকির মধ্যে রয়েছে ২০ থেকে ২৫টি ব্যবসাপ্রতিষ্ঠান।
গতকাল শনিবার সরেজমিনে দেখা গেছে, বড়মাছুয়া ইউনিয়নের বলেশ্বর তীরবর্তী খেজুরবাড়িয়া স্টিমার ঘাট থেকে চরভোলমারা পর্যন্ত নদী ভাঙন চলছে। দক্ষিণ বড়মাছুয়া থেকে চরভোলমারা পর্যন্ত প্রায় দুই কিলোমিটার বেড়িবাঁধ বলেশ্বরে বিলীন হয়ে গেছে। স্টিমার ও লঞ্চঘাট এলাকার আট থেকে ১০টি ব্যবসাপ্রতিষ্ঠানও বিলীন হয়ে গেছে। এ ছাড়া লঞ্চঘাট এলাকার সড়কের কিছু অংশ ভেঙে গেছে। স্টিমার ঘাট এলাকার উত্তর ও দক্ষিণের তিন কিলোমিটারজুড়ে ভাঙনের ফলে দুটি বাজারসহ বেড়িবাঁধ বিলীন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে৷
স্টিমার ঘাট এলাকার চা-বিক্রেতা বেল্লাল হোসেন বলেন, ‘গত ছয় মাসে ঘাট এলাকার চারটি দোকান নদীতে বিলীন হয়ে গেছে। আমার দোকানসহ পাঁচ থেকে সাতটি দোকান ভাঙনের ঝুঁকিতে রয়েছে।’ স্টিমার ঘাটের শ্রমিক নুরু মিয়া বলেন, গত ২০ বছরে বলেশ্বর নদে কয়েক হাজার একর ফসলিজমি ও কয়েকটি স্থানের বেড়িবাঁধ বিলীন হয়ে গেছে। ভাঙনের কারণে স্টিমার ঘাটটি সরাতে হয়েছে কয়েকবার।
বড়মাছুয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুর রহমান খান বলেন, ভাঙনরোধে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মকর্তারা কয়েকবার জরিপ করে গেলেও এখন পর্যন্ত কার্যকর কোনো ব্যবস্থা নেননি।
পাউবো মঠবাড়িয়া কার্যালয়ের উপবিভাগীয় প্রকৌশলী মো. উজ্জল হোসেন বলেন, ‘ভাঙনরোধে আমরা কারিগরি প্রতিবেদন ও নকশা প্রণয়ন করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছি। প্রকল্পটি অনুমোদন না হওয়ায় কাজ শুরু করা যাচ্ছে না।’