ভাঙনের মুখে বন বিভাগ ও বিজিবির কার্যালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার শ্যামনগরে সুন্দরবনসংলগ্ন খোলপেটুয়া নদীর ভাঙন দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে। যেকোনো মুহূর্তে উপকূল রক্ষা বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা করছে এলাকাবাসী।ভাঙনের হুমকির মুখে রয়েছে নীল ডুমুরের ৩৪ বিজিবি ব্যাটালিয়ন কার্যালয়, বন বিভাগের বুড়িগোয়ালিনী রেঞ্জ ও স্টেশন কার্যালয়, জেলা পরিষদের রেস্টহাউস, নৌপুলিশ ফাঁড়িসহ গুরুত্বপূর্ণ একাধিক সরকারি-বেসরকারি স্থাপনা।নীল ডুমুর বাজারের ব্যবসায়ী আবদুল গফুর জানান, গত দুই বছরের ভাঙনে সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশন কার্যালয়, হরিণ সংরক্ষণের স্থাপনা ও নীল ডুমুর ঘাট বিলীন হয়ে গেছে। বর্তমানে নদীতে জোয়ারের পানি বাড়লেই তা রাস্তা ছুঁই ছুঁই হয়ে যায়। এখন ভাঙন ঠেকানোর ব্যবস্থা না নিলে যেকোনো মুহূর্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কার্যালয়ের পূর্ব পাশ ও নীল ডুমুর খেয়াঘাট এলাকার বাঁধ নদীতে বিলীন হয়ে যেতে পারে।আবদুল গফুর আরও জানান, এমন অবস্থার সৃষ্টি হলে উপকূল রক্ষা বাঁধসংলগ্ন এলাকায় বন বিভাগের সাতক্ষীরা রেঞ্জ কার্যালয়, বুড়িগোয়ালিনী স্টেশন কার্যালয়, জেলা পরিষদের সার্কিট হাউস, বুড়িগোয়ালিনী ফরেস্ট মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়, ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রসহ আশপাশের অসংখ্য স্থাপনা নদীতে বিলীন হবে।বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য শহিদুল ইসলাম অভিযোগ করেন, অজ্ঞাত কারণে কার্যাদেশ পাওয়া ঠিকাদার শুধু বিজিবি কার্যালয় এলাকায় বালুভর্তি কিছু জিও ও প্লাস্টিকের ব্যাগ ফেলে কাজ বন্ধ করে দেয়।পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরার সহকারী বন সংরক্ষক কেরামত আলী মল্লিক বলেন, ভাঙনের কারণে ইতিমধ্যে বুড়িগোয়ালিনী স্টেশন কার্যালয় দুই দফা ও রেঞ্জ কার্যালয় একবার সরিয়ে নেওয়া হয়েছে। পাউবোকে বারবার বলা হলেও কোনো কাজ হচ্ছে না।বাঁধ মেরামতের দায়িত্ব পাওয়া প্রতিষ্ঠান আর্সেনাল গ্রুপের তত্ত্বাবধায়ক আল মামুন জানান, ভাঙনকবলিত ৮৫০ মিটার অংশে কাজের জন্য ১১ কোটি টাকা প্রয়োজন। কিন্তু ভামিয়া এলাকা থেকে বিজিবি কার্যালয় হয়ে বন বিভাগের সাতক্ষীরা রেঞ্জ কার্যালয় পর্যন্ত পাঁচ কোটি টাকা ব্যয়ে ৩৮২ দশমিক ৫০ মিটার বাঁধের কাজের অনুমোদন পাওয়া গেছে। ২০১১ সালের ডিসেম্বরে কার্যাদেশ পাওয়ার পর প্রায় এক কোটি টাকার কাজ করা হয়েছে। এ ছাড়া ভাঙনকবলিত এলাকায় আরও এক কোটি টাকার মালামাল সেই থেকে পড়ে আছে। ৯৪ লাখ টাকার বিল অনুমোদন হওয়ার পর দেওয়া হয়েছে মাত্র ১০ লাখ টাকা। বরাদ্দ না থাকায় ২০১২ সালের জুন মাস থেকে কাজ বন্ধ রয়েছে।পাউবো শ্যামনগরের শাখা কর্মকর্তা নিখিল চন্দ্র মণ্ডল জানান, খোলপেটুয়ার ভাঙন নীল ডুমুর ও আশপাশে ভয়ংকর পর্যায়ে পৌঁছেছে। তবে ভাঙন ঠেকাতে দুই বছর আগেই ঠিকাদার নিয়োগ করা হয়েছিল। বরাদ্দ না থাকায় তাঁরা সামান্য কিছু কাজ করে তা আবার বন্ধ করে দিয়েছেন।