ভাঙনের মুখে বিদ্যালয় ভবন নিলামে
যমুনা নদীর ভাঙনে গত এক সপ্তাহে গাইবান্ধার সাঘাটা উপজেলার গোবিন্দপুর গ্রামের অর্ধশতাধিক ঘরবাড়ি, প্রায় ৪০ বিঘা আবাদি জমি এবং অসংখ্য গাছপালা বিলীন হয়েছে। ভাঙনের মুখে গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন গতকাল সোমবার নিলামে বিক্রি করা হয়েছে। এ ছাড়া গোবিন্দপুর উচ্চবিদ্যালয় ও গোবিন্দপুর দাখিল মাদ্রাসাও হুমকির মুখে।
গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্র জানায়, যমুনার পানি বাড়ায় ভাঙন দেখা দিয়েছে। তার ওপর দফায় দফায় বর্ষণে ভাঙন আরও ভয়াবহ রূপ নিয়েছে। ভাঙনে গত এক সপ্তাহে সাঘাটা উপজেলার হলদিয়া ইউনিয়নের অন্তর্গত গোবিন্দপুর গ্রামের অর্ধশতাধিক ঘরবাড়ি, প্রায় ৪০ বিঘা আবাদি জমি এবং অসংখ্য গাছপালা বিলীন হয়েছে। গৃহহীন হয়ে পড়েছে চার শতাধিক মানুষ। তারা বিভিন্ন বন্যানিয়ন্ত্রণ বাঁধে আশ্রয় নিয়েছে।
গতকাল সোমবার দুপুরে গোবিন্দপুর গ্রামে গিয়ে দেখা যায়, গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন থেকে যমুনা মাত্র পাঁচ ফুট দূরে রয়েছে। এ বিদ্যালয়-সংলগ্ন গোবিন্দপুর উচ্চবিদ্যালয় ও গোবিন্দপুর দাখিল মাদ্রাসাও হুমকির সম্মুখীন হয়ে পড়েছে।
প্রাথমিক বিদ্যালয়টির প্রধান শিক্ষক আবদুল হালিম বলেন, এক মাস আগে নদীর ভাঙন বিদ্যালয় ভবন থেকে অনেক দূরে ছিল। কিন্তু কয়েক দিনে ভাঙন তীব্র আকার ধারণ করে। এখন নদী বিদ্যালয় ভবন থেকে মাত্র পাঁচ ফুট দূরে। তাই গতকাল ১ লাখ ৩১ হাজার টাকায় ভবনটি নিলামে বিক্রি করা হয়েছে।