রংপুরের গঙ্গাচড়ায় তিস্তা নদীর ভাঙনের মুখে পড়েছে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়। বালুর বস্তা দিয়ে ভাঙন ঠেকানোর চেষ্টা চলছে।
বিদ্যালয় সূত্র জানায়, উপজেলার কোলকোন্দ ইউনিয়নের চিলাখাল সরকারি প্রাথমিক বিদ্যালয় ১৯৩৮ সালে স্থাপিত হয়। নদী ভাঙতে ভাঙতে এবার একেবারে বিদ্যালয়ের কিনারে এসে ঠেকেছে। বিদ্যালয়ে দুই পালায় ১৫৩ জন শিক্ষার্থী রয়েছে।
গতকাল বুধবার দুপুরে সরেজমিনে স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, নদীর ভাঙন থেকে রক্ষা পেতে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে ঠিকাদারের মাধ্যমে জরুরি ভিত্তিতে গত সোমবার থেকে বালুর বস্তা ফেলাহচ্ছে। নদী থেকে ২০-২৫ হাত দূরে ভাঙনের মুখে দাঁড়িয়ে আছে বিদ্যালয়টি। বালুর বস্তা দিয়ে এই ভাঙন ঠেকানোর চেষ্টা চলছে।
বিদ্যালয় থেকে বাড়ি ফিরছে, এমন কয়েকজন কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা হয়। পঞ্চম শ্রেণির শিক্ষার্থী আজমাইন বেগম বলে, ‘স্কুলে যাওয়া-আসা কইরবার গেইলে খুব ভয় লাগে। ভাঙার জন্য যে বস্তা ফেলাইছে, তারে ওপর দিয়া ভয়ে ভয়ে যাই।’
এক শিক্ষার্থীর অভিভাবক আতিয়ার রহমান বলেন, ‘আশপাশোত কোনো স্কুল নাই। তাই বাধ্য হয়া এই স্কুলোত ছাওয়াক পাঠে দেওয়া লাগে।’
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহেদুজ্জামান বলেন, শিক্ষার্থীদের উপস্থিতির হার খুব কম। কোলকোন্দ ইউপির চেয়ারম্যান সোহরাব আলী বলেন, বিদ্যালয়টি রক্ষার জন্য ইতিমধ্যে বালুর বস্তা ফেলা হয়েছে।