ভাঙনের মুখে শতবর্ষী মন্দির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার সরকারি ব্রজলাল (বিএল) কলেজ-সংলগ্ন ভৈরব নদের প্রায় আধা কিলোমিটারজুড়ে ভাঙন চলছে। এতে হুমকির মুখে পড়েছে ১০৮ বছরের পুরোনো কলেজের মন্দির। দ্রুত ব্যবস্থা না নিলে স্থাপনাটি নদীগর্ভে চলে যাওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

>কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে এই আশঙ্কার পেছনে অন্তত তিনটি কারণ জানা গেছে। এগুলো হলো একটি কার্গো জাহাজডুবি, মন্দিরের পাশেই বালু ব্যবসা ও কলেজ প্রাঙ্গণে ড্রেনেজ ব্যবস্থা না থাকা।

কলেজের উপাধ্যক্ষ দর্প নারায়ণ সাহা বলেন, ‘নদীভাঙনের বিষয়টি আমরা একাধিকবার পাউবোকে জানিয়েছি। তাদের কাজ করার প্রক্রিয়া দীর্ঘমেয়াদি। কলেজের উদ্যোগে তাই যতটুকু পারছি করছি। ১৫ দিনও হয়নি আমরা ৩৫ হাজার টাকা খরচ করে ইট-খোয়া-বালু ফেলেছি। কিন্তু জায়গাটিতে ঘূর্ণি থাকায় এসব ফেলেও কাজ হচ্ছে না।’
১৯০২ সালে কলেজটি প্রতিষ্ঠিত হয়। আর কলেজের দধি বামন দেব মন্দিরটি স্থাপন করা হয় ১৯০৭ সালে। প্রায় এক যুগ ধরে এই জায়গায় ভাঙন চলছে।
শিক্ষক-শিক্ষার্থীরা বলেন, বছর দুয়েক আগে কলেজের উত্তর পাশে নদীতে একটি কয়লাবাহী কার্গো ডুবে যায়। তখন কার্গোটির এক-তৃতীয়াংশ নদীর ওপর ছিল। ওই সময় থেকে কার্গোতে স্রোতের গতি বাধা পেয়ে কলেজের পাড়ে ধাক্কা লেগে ভাঙনের পরিধি বাড়তে থাকে। এক বছর আগে কার্গোটি সরিয়ে নেওয়া হয়।
মন্দির কমপ্লেক্স থেকে ২০০ গজ দূরে বালুর ব্যবসা করছেন একজন ব্যবসায়ী। তিনি বিভিন্ন অঞ্চল থেকে কার্গোতে করে বালু এনে কার্গোর ভেতর পানি দিয়ে পাইপের সাহায্যে মন্দিরের কিছু দূরে তাঁর নিজের জায়গায় বালু মজুত করেন। ওই পানি পাড় বেয়ে নামার কারণেও ভাঙন বাড়ছে।
এ ছাড়া কলেজের ওই অংশে ড্রেনেজ ব্যবস্থা নেই। এর ফলে বৃষ্টির পানি পাড় বেয়ে নেমে নদীতে ভাঙন ধরাচ্ছে।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ১৯৯৪ সালে নদীর পাশে একটি পাকা দেয়াল নির্মাণ করেছিল। কিন্তু স্রোতের তোড়ে সেটি বিলীন হয়ে গেছে। এরপর আর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি ভাঙনরোধে।
গত সোমবার সরেজমিনে দেখা যায়, কলেজের মন্দির থেকে ২০-২৫ গজ দূরেই ভাঙন চলছে। স্থানে স্থানে বড় বড় ফাটল। পাড়ের ভেতর থেকে মাটি ক্ষয়ে বড় গর্ত হয়েছে। পাউবোর দেওয়া পাকা দেয়াল বিলীনের পথে।
শিক্ষার্থীরা জানান, ভাঙনের কারণে মন্দিরের পেছনের কিছু অংশ দেবে গেছে। ছাদ ও দেয়ালের বিভিন্ন অংশেও ফাটল ধরেছে। বেজমেন্ট ও সামনের চাতালেও একই অবস্থা। দধি বামন দেব মন্দির কমপ্লেক্সের ভেতরেই আরেকটি মন্দিরও (পূজামণ্ডপ) রয়েছে। সেখানেও ফাটল ধরেছে।
পাউবো (রক্ষণাবেক্ষণ ও পরিচালনা)-১ খুলনা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মুজিবুর রহমান বলেন, ‘বিএল কলেজের ভাঙনরোধের নিরাপত্তা দেয়াল ভেঙে গেছে কি না, তা আমার জানা নেই। আমার জানামতে, কলেজ কর্তৃপক্ষ আমাদের কিছুই জানায়নি। তারা জানালে আমরা জায়গাটি দেখে ব্যবস্থা নেব।’
কলেজের উপাধ্যক্ষ বলেন, বালু মজুত করা জায়গা থেকে পানি পাইপের মাধ্যমে সরাসরি নদীতে ফেললে ওই অংশের ভাঙন কিছুটা রোধ করা যেত।
যোগাযোগ করলে বালু ব্যবসায়ী মিজানুর রহমান তরফদার বলেন, ‘কলেজ কর্তৃপক্ষ কোনো রকম প্রোটেকশন না নেওয়ায় ভাঙন বাড়ছে। যাতে নদীর পাড় না ভাঙে, সে জন্য বালুর পানি ইটের ওপর ফেলি। এখন যেহেতু বিষয়টা শুনলাম, তাই মানবিক দিক বিবেচনা করে আরও ভালোভাবে পানি ফেলার চেষ্টা করব।’