ভাঙনের মুখে স্কুল, জোয়ারে পানি ঢোকে শ্রেণীকক্ষে
খুলনার দীঘলিয়া উপজেলার বাতিভিটা গ্রামের বাতিভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয় নদীভাঙনের কবলে পড়েছে। জোয়ারের সময় বিদ্যালয়ের মাঠ ও শ্রেণীকক্ষে পানি ওঠে। এ কারণে অত্যন্ত ঝুঁকি নিয়ে ক্লাস করছে শিক্ষার্থীরা। বিদ্যালয় সূত্র জানায়, ১৯৪০ সালে প্রতিষ্ঠিত এ বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা ২২০ জন। দুই বছর ধরে আতাই নদীর ভাঙনে বিদ্যালয়ের আড়াই একর জমির অধিকাংশই বিলীন হয়ে গেছে। দুবার বিদ্যালয়ের সামনে বাঁধ দিয়েও ভাঙন ঠেকানো যায়নি। চলতি ভাঙনে বিদ্যালয় ভবনের পূর্ব পাশের একটি শ্রেণীকক্ষ নদীতে বিলীন হওয়ার উপক্রম হয়েছে। সূত্র আরও জানায়, জোয়ারের সময় শ্রেণীকক্ষে পানি ওঠে। সে সময় শিক্ষক-শিক্ষার্থীদের বেশ কষ্ট করে ক্লাস করতে হয়।গত বৃহস্পতিবার সরেজমিনে গিয়ে দেখা যায়, জোয়ারের সময় বিদ্যালয়ের মাঠ এবং একটি শ্রেণীকক্ষে পানি ঢুকছে। নদীর ভাঙন শ্রেণীকক্ষের কাছাকাছি চলে এসেছে। যেকোনো সময় একটি শ্রেণীকক্ষ নদীতে চলে যেতে পারে। এ ছাড়া শ্রেণীকক্ষগুলোতে বড় বড় ফাটল দেখা দিয়েছে। চতুর্থ শ্রেণীর ছাত্র রিয়াজ মোল্লা বলে, ‘জোয়ারের সময় পানি চইলে আসে ক্লাসের মধ্যি। সে সময় অনেক কষ্ট করে ক্লাস করতে হয়। প্যান্ট ও বই ভিজে যায়।’ তৃতীয় শ্রেণীর ছাত্র রনি গাজী বলে, ‘মাঠে পানি চইলে আসার কারণে খেলতি পারিনে। খেলতি গেলি ভয় করে, যদি নদীতি পইড়ে যাই। তাই আর খেলা হয় না।’ শিক্ষক হায়দার আলী মোল্লা বলেন, ‘বিদ্যালয়ের যে অবস্থা, তাতে অভিভাবকেরা সন্তানদের বিদ্যালয়ে পাঠাতে ভয় পান।’প্রধান শিক্ষক সেকেন্দার আলী বলেন, ‘আমরা স্কুলটাকে অন্যত্র সরিয়ে নেওয়ার চেষ্টা করছি। কিন্তু জায়গার খুব অভাব।’ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অশোক কুমার সমাদ্দারের মুঠোফোনে গতকাল শনিবার যোগাযোগ করে তাঁকে পাওয়া যায়নি। পানি উন্নয়ন বোর্ড খুলনার নির্বাহী পরিচালক আবদুল রব হাওলাদার বলেন, ‘সেখানে বেড়িবাঁধের জন্য জলবায়ু পরিবর্তন ট্রাস্টের কাছে দুই লাখ টাকা চাওয়া হয়েছে। টাকা পেলে আমরা কাজ শুরু করব।’