ভাঙনের সঙ্গে চলছে মাটি কাটা
নদীভাঙনকবলিত পিরোজপুর পৌরসভার কুমিরমারা ফেরিঘাট এলাকা থেকে একদল লোক মাটি কেটে নিয়ে যাচ্ছে। এখনই মাটি কাটা বন্ধ না করলে ওই এলাকায় পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধটি ভেঙে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে। সরেজমিনে দেখা গেছে, ভাঙনের কারণে পিরোজপুর-বরিশাল সড়কের পাশের কুমিরমারা ফেরিঘাট এলাকা বিলীন হয়ে যাচ্ছে। একদল লোক এই এলাকার কাছ থেকে মাটি কেটে নৌকায় তুলে অন্যত্র নিয়ে যাচ্ছে। মাটি কাটার সঙ্গে জড়িত আ. হানিফ (৭০) জানান, তিনি জমি থেকে মাটি কেটে নেওয়ার জন্য জমির মালিককে কাঠাপ্রতি এক হাজার টাকা করে দিয়েছেন। তিনি এ মাটি কুমারদের কাছে বিক্রি করবেন।কুমিরমারা এলাকার বাসিন্দা কবির জানান, ভাঙনকবলিত এলাকা থেকে ২০০ গজ দূরেই পাউবোর বেড়িবাঁধ। যেভাবে মাটি কাটা হচ্ছে তাতে অল্প কিছু দিনের মধ্যে বেড়িবাঁধও ভাঙনের মুখে পড়বে। ফেরিঘাট এলাকার ব্যবসায়ী জাহিদুল ইসলাম জানান, শুকনো মৌসুমে ভাঙনকবলিত এলাকার জমির মালিকেরা মাটি বিক্রি করেন। সরকার ভাঙনকবিলত এলাকায় সিসি ব্লক ফেললে ভাঙন প্রতিরোধ করা সম্ভব হতো। পিরোজপুর পৌরসভার উপসহকারী প্রকৌশলী মহসিন মিয়া জানান, পৌরসভার মধ্যে পুকুর খনন ও মাটি কাটার বিষয়ে পৌরসভা থেকে অনুমতি নিতে হয়। কিন্তু অনেকেই অনুমতি নেয় না। মাটি কাটার কারণে কুমিরমারা এলাকায় নদীভাঙন বেড়ে যাবে। স্থানীয় পৌর কাউন্সিলর জালাল ফকির বলেন, ‘যারা মাটি বিক্রি করছে আর যারা কিনছে তাদের সবাইকে নিষেধ করব যাতে ভাঙনকবলিত এলাকা থেকে মাটি কেনাবেচা না করে, ক্ষতি তো আমাদেরই হবে।’ পিরোজপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. রফিকুল ইসলাম জানান, ভাঙনকবলিত এলাকা থেকে মাটি কাটার বিষয়ে তিনি খোঁজ নিয়ে ব্যবস্থা নেবেন।