ভাঙনের হুমকিতে বিজিবি ক্যাম্প ও বন কার্যালয়
খোলপেটুয়া নদীর ভাঙনের কারণে হুমকির মুখে পড়েছে সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় অবস্থিত পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ কার্যালয় ও পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বেড়িবাঁধসহ আশপাশের বিভিন্ন স্থাপনা। এরই মধ্যে ওই রেঞ্জ কার্যালয়ের পুরোনো ভবন, তিনটি বনপ্রহরী ব্যারাক, একটি রেস্টহাউস ও বুড়িগোয়ালিনী স্টেশনের প্রধান কার্যালয় নদীতে বিলীন হয়ে গেছে।বন বিভাগ সূত্র জানিয়েছে, সাতক্ষীরা রেঞ্জ কার্যালয় থেকে বুড়িগোয়ালিনী বাজার পর্যন্ত ৪০০ মিটার এলাকা ভাঙনের কবল থেকে রক্ষায় প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার জন্য পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কর্তৃপক্ষের কাছে একাধিকবার জরুরি চিঠি পাঠানো হয়েছে। তার পরও কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।সরেজমিনে দেখা গেছে, শ্যামনগর উপজেলার ওপর দিয়ে প্রবাহিত সুন্দরবনসংলগ্ন খোলপেটুয়া নদীর পশ্চিম তীরের ভাঙন ভয়াবহ আকার ধারণ করেছে। সেখানে সাতক্ষীরা রেঞ্জ কার্যালয়সংলগ্ন পূর্ব পাশের প্রায় ৪০০ মিটার এলাকা এরই মধ্যে নদীতে বিলীন হয়ে গেছে। সতর্ক করার জন্য সেখানে বন বিভাগের পক্ষ থেকে লাল পতাকা টাঙিয়ে দেওয়া হয়েছে।বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা মাহাবুব হোসেন বলেন, ভাঙনে এরই মধ্যে সাতক্ষীরা রেঞ্জ কার্যালয়ের পুরাতন ভবন, বুড়িগোয়ালিনী স্টেশন ও স্টেশনের রেস্টহাউস ভবন নদীতে বিলীন হয়ে গেছে। কয়েক মাস আগে বন বিভাগের আরও তিনটি ব্যারাক ও কার্যালয়, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) লঞ্চঘাটের কিছু অংশ ও নীলডুমুর খেয়াঘাটটিও নদীতে বিলীন হয়ে যায়। সম্প্রতি সহকারী বনসংরক্ষকের বাসভবনের কয়েক গজের মধ্যেও ফাটল দেখা দিয়েছে। শিগগিরই কোনো ব্যবস্থা নেওয়া না হলে আগামী বর্ষা মৌসুমের আগেই গোটা রেঞ্জ কার্যালয় খোলপেটুয়া নদীতে বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের সহকারী বনসংরক্ষক মো. তৌফিকুল ইসলাম বলেন, সরকারি সম্পদ রক্ষায় ভাঙনকবলিত এলাকায় জরুরি ভিত্তিতে বাঁধ দেওয়ার জন্য পাউবোর সাতক্ষীরা বিভাগ-১-এর নির্বাহী প্রকৌশলীর দপ্তরে একাধিকবার চিঠি দেওয়া হয়েছে। কিন্তু তারা কোনো উদ্যোগ নিচ্ছে না।এ ব্যাপারে পাউবোর শ্যামনগর অঞ্চলের উপবিভাগীয় প্রকৌশলী নাসির উদ্দীন বলেন, খোলপেটুয়ার ভাঙন থেকে বিজিবি ক্যাম্প, বুড়িগোয়ালিনী বাজার, বন বিভাগের কার্যালয় রক্ষা করতে প্রায় ৮১০ মিটার এলাকাজুড়ে বাঁধ নির্মাণ করতে হবে। এ জন্য প্রায় ১১ কোটি ২৫ লাখ টাকার প্রয়োজন। প্রথম পর্যায়ে মাত্র পাঁচ কোটি ২৩ লাখ টাকা পাওয়া গেছে। ওই টাকা দিয়ে বিজিবি ক্যাম্প এলাকার কাজ করা হচ্ছে।