ভাঙনের হুমকিতে ভোলা শহর রক্ষা বাঁধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলা শহর রক্ষা বাঁধের পাশে নির্মিত ব্লক বাঁধ জোয়ারের কারণে ধসে যাচ্ছে। এ কারণে মূল বাঁধটি যেকোনো সময় ভাঙনের মুখে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তার পরও ধসে যাওয়া ব্লক বাঁধ সংস্কারে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কোনো ব্যবস্থাই নিচ্ছে না বলে অভিযোগ পাওয়া গেছে।ভোলা পাউবো সূত্রে জানা গেছে, সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের মুন্সিবাড়ি থেকে উত্তরে কাচিয়া ইউনিয়ন হয়ে পূর্ব ইলিশা ইউনিয়নের সোনাডুগি পর্যন্ত ভোলা শহর রক্ষা বাঁধ নির্মাণ করা হয়। এর দৈর্ঘ্য প্রায় নয় কিলোমিটার। এই বন্যানিয়ন্ত্রণ বাঁধের পাশে দুই দফায় তুলাতুলি মুন্সিবাড়ি থেকে উত্তরে বালিয়াকান্দি দফাদারবাড়ি পর্যন্ত তিন হাজার ৩০০ মিটার ব্লক বাঁধ নির্মাণ করা হয়েছে।গত শুক্রবার বিকেলে সরেজমিনে দেখা গেছে, তুলাতুলি লঞ্চঘাট থেকে উত্তরে বালিয়াকান্দি দফাদারবাড়ি পর্যন্ত প্রায় ৭০০ মিটার ব্লকের বেশির ভাগ ধসে গেছে। স্থানীয় বাসিন্দারা বলেন, গত দুই বছরে মেঘনার জোয়ারে ওই ব্লকগুলো ধসে পড়ে। চলতি বর্ষা মৌসুমে ভাঙন তীব্র আকার ধারণ করায় ব্লক দ্রুত ধসে পড়ছে। জোয়ারের সময় পানি ব্লক বাঁধ উপচে মূল বাঁধে আঘাত হানছে। এতে ডুবে যাচ্ছে বাঁধের বাইরে বাস করা পরিবারগুলোর ঘরবাড়ি।স্থানীয় বাসিন্দা নিজাম উদ্দিন গোলদার বলেন, ‘ভাঙনের মুহে পইর‌্যাও ব্লক থাকনে গত ১৫ বছর নিরাপদে আছিলাম। এহোন আমাবইস্যা-পূর্ণিমায় জোয়ারের সুম পানির দমায় (ঢেউ) বান্ধে গিয়া বারি দেয়। এক এক বারিতে মাডির বান খইয়্যা খইয়্যা যায়। আমরা এহোন আর নিরাপদে নাই। আর বান ছোটলে আমগো বাড়ির লগে ভোলা শহরও তলাইয়া যাইব।’ধনিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম গোলদার বলেন, ভোলা শহর রক্ষা বাঁধের পাশে নির্মিত ব্লক বাঁধ ছুটে যাচ্ছে। এ কারণে মূল বাঁধ ক্ষতিগ্রস্ত হচ্ছে। কিন্তু পাউবো কর্তৃপক্ষ এ ব্যাপারে কোনো উদ্যেগ নিচ্ছে না।ভোলা শহর রক্ষা বাঁধ এলাকার দায়িত্বে থাকা উপসহকারী প্রকৌশলী ফজলে এলাহী বলেন, শহর রক্ষা বাঁধের বালিয়াকান্দি অংশে ৩০০ মিটার বাঁধের গায়ে জিও টেক্সটাইল ব্যাগ ফেলার জন্য দরপত্র আহ্বান করা হয়। সম্প্রতি কয়েকজন ঠিকাদারকে কার্যাদেশও দেওয়া হয়। কিন্তু অর্থ বরাদ্দ না থাকায় কোনো ঠিকাদার কাজ করতে আগ্রহী হচ্ছেন না।