ভাঙন-আতঙ্কে গ্রাম ছাড়ছে মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ঢল্লা পাড়া গ্রামে ভাঙন দেখা দেওয়ায় সহায়–সম্বল নিয়ে অন্যত্র ছুটছে মানুষ। এর আগে অনেক পরিবার বাড়ির গাছ কেটে বিক্রি করে দিচ্ছে। ছবিটি গত শুক্রবার দুপুরে তোলা l প্রথম আলো
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ঢল্লা পাড়া গ্রামে ভাঙন দেখা দেওয়ায় সহায়–সম্বল নিয়ে অন্যত্র ছুটছে মানুষ। এর আগে অনেক পরিবার বাড়ির গাছ কেটে বিক্রি করে দিচ্ছে। ছবিটি গত শুক্রবার দুপুরে তোলা l প্রথম আলো

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের পদ্মা-তীরবর্তী ঢল্লাপাড়া গ্রামে প্রায় দুই সপ্তাহ ধরে নদীভাঙন দেখা দিয়েছে। ভাঙন-আতঙ্কে গ্রাম ছেড়ে অন্যত্র যাচ্ছে পরিবারগুলো। এক সপ্তাহে ঢল্লাপাড়া গ্রামের শতাধিক পরিবার গ্রাম ছেড়েছে।
গত শুক্র ও শনিবার সরেজমিনে ঢল্লাপাড়ায় দেখা গেছে, চারদিকে শুধু পানি আর পানি। পনিতে ঢল্লাপাড়া গ্রামটি ডুবে আছে। গ্রামের প্রায় সব বাড়ির সামনে ইঞ্জিনচালিত নৌকা ভেড়ানো রয়েছে। পরিবারের সদস্যরা ওই সব নৌকায় ঘরের মালামাল তুলছেন। কেউ এসেছেন স্বল্প দামে গাছপালা বা পশু কিনতে।
গ্রামের আফাজ উদ্দিন মোল্যা, তাঁর ছোট ভাই মফিজ উদ্দিন মোল্যা ও ছেলে রঞ্জু মোল্যা বাড়ির উঠানে লাগানো মেহগনি, নারকেল ও কাঁঠালগাছ কাটছিলেন। আফাজ উদ্দিন মোল্যা বলেন, ‘৭০-৭২ বছরের পুরোনো বাপ-দাদার ভিটে ছেড়ে চলে যাচ্ছি। জায়গা-জমি যা ছিল সবই নদীতে গেছে। আপাতত বাহির চর দৌলতদিয়ায় যাচ্ছি।’
রঞ্জু মোল্যা তাঁর পোষা দুটি রাজহাঁস ১ হাজার ৫০০ টাকায় বিক্রি করেছেন। তিনি বলেন, বন্যায় সব শেষ হয়ে গেছে। পানির দরে গাছপালা কেটে বিক্রি করছেন তাঁরা। তিনটি গরু ছিল, তাও নেই। বাড়িঘর ভেঙে অন্যত্র নিতে টাকা দরকার। এসব বিক্রি করা ছাড়া উপায় নেই।
দৌলতদিয়া আক্কাছ আলী উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক আবদুল আজিজ ট্রলারে ঘরের আসবাব তুলছেন। তিনি বলেন, ‘এক হাজার টাকা দিয়ে ট্রলার ভাড়া করেছি। এরপর ক্যানালঘাটে চারটি ঘোড়ার গাড়ি ঠিক রেখেছি। আপাতত বাহির চরের একজনের ১০ শতাংশ জমি নিয়ে সেখানে উঠছি।’
আবদুল আজিজ আরও বলেন, এক সপ্তাহে ঢল্লাপাড়া গ্রামের অন্তত ১০০ পরিবার ভাঙনের শিকার হয়েছে। আরও প্রায় ৩০০টি পরিবার ঝুঁকির মধ্যে আছে।
গ্রামের লাকি বেগমের অভিযোগ, এমন বিপদে কেউ তাঁদের খোঁজ নেয়নি।
দৌলতদিয়া ইউপির চেয়ারম্যান নুরুল ইসলাম মণ্ডল দেশের বাইরে থাকায় এ ব্যাপারে তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। ইউপি সদস্য আইয়ুব খানের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়।
ইউএনও পঙ্কজ ঘোষ বলেন, নদীভাঙন রোধ করা সম্ভব না। তবে তাঁদের পুনর্বাসন করা, জরুরি ত্রাণ দেওয়াসহ প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে।