
‘সকল সময় আতঙ্কে থাকতে হয় কখন কী হয়, এ ভয়ে। পাঁচবার আমার ঘর ভেঙে চলে গেছে নদীতে। এখন নিঃস্বপ্রায়। এবার ভাঙলে ভূমিহীনে পরিণত হয়ে যাব। কোথাও যাওয়ার জায়গা থাকবে না। এখন এ বাঁধ মেরামত না করলে যেকোনো সময় ভেঙে শুধু আমার বাড়ি নয়, পুরো গ্রাম তলিয়ে যাবে খোলপেটুয়া নদীর পানিতে।’ সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের দেবেন্দ্র নাথ মণ্ডল (৮৫) এভাবেই খোলপেটুয়া নদীর জরাজীর্ণ বেড়িবাঁধের বর্ণনা দেন।
সরেজমিনে দেখা গেছে, পদ্মপুকুর ইউনিয়নের ঝাপা, কামালকাটি, চাউলখোলা, চণ্ডীপুর, বন্যতলা, পাতাখালীসহ কয়েকটি গ্রামে খোলপেটুয়া নদীর বেড়িবাঁধে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। এসব এলাকার অধিকাংশ স্থানে বেড়িবাঁধ ভেঙে আর ৩-৪ ফুট অবশিষ্ট রয়েছে; যা জোয়ারের তোড়ে যেকোনো সময় ভেঙে গোটা ইউনিয়ন প্লাবিত হতে পারে। ভাঙন-আতঙ্কে দিন কাটাচ্ছে গোটা এলাকার মানুষ।
ঝাপা গ্রামের রণজিৎ মণ্ডল ও কিশোর কুমার মণ্ডল বলেন, আইলার পর সাত বছর পেরিয়ে গেছে। কিন্তু স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ করা হয়নি। বেড়িবাঁধ ভাঙলেই যেনতেনভাবে সংস্কার করা হয়।
কামালকাটি গ্রামের শিক্ষক অসীম কুমার মণ্ডল বলেন, বেড়িবাঁধ ভাঙলে ইউনিয়নের স্কুল-কলেজ-মাদ্রাসাসহ সব ভেসে যায়। নষ্ট হয়ে যায় সব অবকাঠামো।
এ ব্যাপারে স্কুল শিক্ষার্থী আসাদুল ইসলাম জানায়, পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বাঁধ ভাঙলে স্কুল বন্ধ হয়ে যায়। ছাত্রছাত্রী ও শিক্ষক কেউ বিদ্যালয়ে যেতে পারে না। বন্যতলা গ্রামের কয়েকটি স্থানে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। এখনই সংস্কার না করলে এলাকা ত্যাগ করা ছাড়া উপায় থাকবে না।
পদ্মপুকুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আতাউর রহমান বলেন, ২০০৯ সালের আইলায় লন্ডভন্ড হয়ে যায় গোটা উপকূলীয় এলাকা। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল কপোতাক্ষ ও খোলপেটুয়ার ৩৪ কিলোমিটার পাউবোর বেড়িবাঁধবেষ্টিত পদ্মপুকুর ইউনিয়ন। বাঁধ ভেঙে এ ইউনিয়নের ১৫টি গ্রামই প্লাবিত হয়। পরে কোনোমতে বাঁধ সংস্কার করা হয়। কিন্তু প্রায় ভাঙনের কবলে বাঁধ জরাজীর্ণ হয়ে পড়ে। স্থানীয় ইউপির অর্থায়নে দু-তিন স্থানে বালুর বস্তা ফেলে কোনোমতে ঠেকিয়ে রাখা হয়েছে। বারবার পাউবোকে বলা সত্ত্বেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। বর্তমানে ইউনিয়নের ৩০ হাজার মানুষ ভাঙন-আতঙ্কে রয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে সাতক্ষীরা পাউবো-২-এর শাখা কর্মকর্তা আ ন ম গোলাম সারওয়ার প্রথম আলোকে বলেন, পদ্মপুকুর ইউনিয়ন পোল্ডার ৭/১-এর আওতাভুক্ত। ভাঙনকবলিত ঝাপা, কামালকাটি, চণ্ডীপুর ও চাউলখোলা এলাকা সম্পর্কে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। দেড় কিলোমিটার বাঁধ বেশি ঝুঁকিপূর্ণ। বর্তমানে বাজেটের স্বল্পতা রয়েছে। বাজেট পেলে সংস্কার কাজ শুরু করা হবে।