রাজবাড়ীর হাবাসপুর কে রাজ উচ্চবিদ্যালয়ের শতবর্ষপূর্তির মিলন মেলা শেষ হয়েছে। নবীন-প্রবীণ শিক্ষার্থীদের দুই দিনের এই মিলনমেলায় সতীর্থদের পেয়ে আবেগে আপ্লুত হয়েছেন, অনেকে হেসেছেন, কেঁদেছেন, উচ্ছ্বাসে মেতেছেন।
রাজবাড়ী জেলা থেকে পাংশা উপজেলার দূরত্ব প্রায় ২২ কিলোমিটার। পাংশা শহর থেকে আরও প্রায় ১০ কিলোমিটার দূরে হাবাসপুর ইউনিয়নের নিভৃত পল্লিতে অবস্থিত হাবাসপুর কে রাজ (কাশিম বাজার) উচ্চবিদ্যালয়। তৎকালীন কাশিমবাজার এস্টেটের মহারাজা মণীন্দ্র চন্দ্র নন্দী বাহাদুর ১৯১৮ সালের ২ জানুয়ারি হাবাসপুর ও পার্শ্ববর্তী গ্রামসমূহের অধিবাসীদের মধ্যে ইংরেজি শিক্ষার জন্য প্রায় ১ একর ৬১ শতাংশ জমির ওপর বিদ্যালয়টি স্থাপন করেন। শতবর্ষপূর্তিতে বিদ্যালয়ে গতকাল শনিবার ও গত শুক্রবার দুই দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উৎসবকে ঘিরে বিদ্যালয়ের কাছাকাছি হাবাসপুর বাজার ও রাস্তা আলোকসজ্জা ও বর্ণিল সাজে সাজানো হয়। এ উপলক্ষে বসেছে গ্রামীণ মেলা। বিদ্যালয় থেকে বের করা হয় ‘শতবর্ষ ২০১৭’ নামক স্মরণিকা। স্মরণিকার ওপর স্লোগান দেওয়া হয়েছে ‘আমার স্কুল আমার গর্ব, এখনই ঋণ শোধের পর্ব’। স্মরণিকাটি উৎসর্গ করা হয়েছে ‘যাঁদের অক্লান্ত প্রচেষ্টায় প্রতিষ্ঠিত হাবাসপুর কে রাজ উচ্চবিদ্যালয় ও মহান স্বাধীনতাযুদ্ধে বিদ্যালয়ের শহীদ ছাত্রদের উদ্দেশে’।
শুক্রবার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। জাতীয় পতাকা উত্তোলন, পায়রা ও বেলুন উড়িয়ে দুই দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। অতিথিদের ফুল ছিটিয়ে ও নৃত্যের মাধ্যমে বরণ করে নেয় একঝাঁক খুদে নৃত্যশিল্পী। বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক ও ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য কে এম মোহসীনের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন আরেক ছাত্র, সাবেক সচিব, রাষ্ট্রদূত ও প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ আবু হেনা, রাজবাড়ী-২ আসনের সাংসদ মো. জিল্লুল হাকিম প্রমুখ। সভায় স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক ও উদ্যাপন পর্ষদের সদস্যসচিব নির্মল কুমার সাহা।
অনুভূতি প্রকাশ করতে গিয়ে মোহাম্মদ আবু হেনা বলেন, ‘১৯৪৯ সালে বিদ্যালয়ের সপ্তম শ্রেণিতে ভর্তি হয়ে ১৯৫২ সালে ম্যাট্রিকুলেশন পাস করি। তখন ফরিদপুর জেলায় হাতে গোনা গুটি কয়েক হাইস্কুল ছিল। ১৯১৮ সালে বিদ্যালয়টি নিভৃত পল্লিতে স্থাপিত হলেও এক দশকের মধ্যে খ্যাতি সমগ্র ফরিদপুর জেলায় ছড়িয়ে পড়ে। সাফল্যের মূলে ছিলেন কয়েকজন নিবেদিতপ্রাণ ও আদর্শবান শিক্ষক। বিশেষ করে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা কাসিম বাজারের মহারাজা মণীন্দ্র চন্দ্র নন্দী ও প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ভোলানাথ সাহা। শত বাধা-বিপত্তি অতিক্রম করে আজ বিদ্যালয় শতবর্ষে পদার্পণ করেছে, প্রাক্তন ছাত্র হিসেবে আমাদের আনন্দ গভীর ও গর্বের। আমি কামনা করি, বিদ্যালয়টি যেন আলোকিত মানুষ গড়ার দৃঢ় প্রত্যয় নিয়ে সামনের দিকে এগিয়ে যায়।’
অনুষ্ঠানের সভাপতি কে এম মোহসীন বলেন, ‘১৯৫০ সালে সপ্তম শ্রেণিতে ভর্তি হয়ে ১৯৫৩ সালে ম্যাট্রিকুলেশন পাস করে ফরিদপুর রাজেন্দ্র কলেজে ভর্তি হই। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস বিষয়ে অনার্স ও এমএ পাস করি। ১৯৬২ সালে লন্ডন থেকে উচ্চ ডিগ্রি লাভ করে ১৯৬৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতায় নিয়োজিত হই। বর্তমানে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য হিসেবে আছি। ঢাকায় থাকায় অনেক দিন পর গ্রামে আসি। অনুষ্ঠানে আসতে পেরে এবং ওই সময়কার বন্ধুদের কাছে পেয়ে কী আনন্দ লাগছে ভাষায় বোঝাতে পারব না।’ প্রায় একই ধরনের অনুভূতি ব্যক্ত করেন ১৯৬৪ সালে বিদ্যালয় থেকে এসএসসি পাস করা রাজবাড়ী ’৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি খান আবদুল হাই; ১৯৬৫ সালে এসএসসি পাস করা ঢাকা অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সাবেক জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার রাতুল কৃষ্ণ হালদার প্রমুখ।
গতকাল শনিবার দ্বিতীয় দিন আলোচনা সভা, স্মৃতিচারণা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়। বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র অর্থ মন্ত্রণালয়ের সাবেক সচিব হাবিবুর রহমানের সভাপতিত্বে প্রথম পর্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন ডিডিসির ব্যবস্থাপনা পরিচালক এ কে এম রফিক উদ্দিন, সাবেক পরমাণুবিজ্ঞানী সানাউল্লাহ, যোগাযোগ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবদুল হামিদ প্রমুখ। অনুষ্ঠানে এই বিদ্যালয় থেকে মহান মুক্তিযুদ্ধে অংশ নেওয়া দেড় শতাধিক শিক্ষার্থীর সঙ্গে শহীদ হওয়া ৬ ছাত্রকে স্মরণ করা হয়। তাঁদের উদ্দেশে ১৯৭১ সালের ছাত্রছাত্রীদের উদ্যোগে অনুষ্ঠানস্থলের এক পাশে তৈরি করা হয়েছে ‘হৃদয় উজাড় করা শ্রদ্ধাঞ্জলি’ নামের গ্যালারি। সেখানে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মহারাজা মণীন্দ্র চন্দ্র নন্দী, প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ভোলানাথ সাহাসহ প্রয়াত প্রধান শিক্ষকদের পাশাপাশি মুক্তিযুদ্ধে শহীদ হওয়া ৬ শিক্ষার্থীর ছবি। আরেক পাশে বড় ব্যানারে লেখা ‘শতবর্ষ উঁচু করে মাথা, আজও আছ মাতা। হৃদয় ছোঁয়া শ্রদ্ধাঞ্জলি তোমায় দিলাম তুলে, ১৯৭০-এর সন্তানদের যেও নাকো ভুলে’।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক নির্মল কুমার সাহা বলেন, বর্তমানে বিদ্যালয়ে সাত শতাধিক শিক্ষার্থী রয়েছে। এত বড় প্রতিষ্ঠানেও রয়েছে নানা সমস্যা। পুরোনো জরাজীর্ণ ভবনে দীর্ঘদিন ধরে শ্রেণি পাঠদান বন্ধ রয়েছে। বর্তমানে ভবন দুটির আটটি কক্ষে চলছে বিদ্যালয়ের পাঠদান। এর মধ্যে একটি একতলা ভবনের তিনটি কক্ষ দিয়ে বৃষ্টির সময় পানি পড়ায় পড়াশোনায় বিঘ্ন সৃষ্টি হয়।