ভাঙল লেখক-পাঠকের মিলনমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরীফ আতিক-উজ-জামানের বাড়ি খুলনায়। মোস্তাক আহমাদ দীনের সিলেটে। লেখক আতিক-উজ-জামান নিভৃতে থেকে প্রবন্ধ লেখেন, করেন অনুবাদ। আর মোস্তাক আহমাদের কবিতায় ফুটে ওঠে মাটি ও মানুষের কথা, ফুটিয়ে তোলেন প্রকৃতি ও জীবন। প্রচারবিমুখ এই দুই গুণী ব্যক্তিকে দেওয়া হলো এবারের ‘চিহ্ন পুরস্কার’।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গতকাল মঙ্গলবার ছোটকাগজের মেলার সমাপনী দিনে আতিক-উজ-জামান ও মোস্তাক আহমাদ দীনের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। আতিক-উজ-জামান পেয়েছেন মননশীল শাখায় ও মোস্তাক আহমাদ সৃজনশীল শাখায়। এ ছাড়া আটটি ছোটকাগজকে ‘চিহ্ন ছোটকাগজ সম্মাননা-২০১৬’ দেওয়া হয়।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছোটকাগজ চিহ্ন আয়োজিত ‘চিহ্নমেলা-বিশ্ববাঙলা’ শীর্ষক এ মেলার সমাপনী অধিবেশন গতকাল সন্ধ্যা সাড়ে ছয়টায় বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ কলা ভবনের সামনে আয়োজন করা হয়।
চিহ্ন ছোটকাগজ সম্মাননা পাওয়া ছোটকাগজগুলো হচ্ছে সিলেট বিভাগের রাজীব চৌধুরী সম্পাদিত চৈতন্য, রংপুরের জলিল আহমেদ সম্পাদিত প্রয়াসী, রাজশাহীর রুহুল আমিন প্রামাণিক সম্পাদিত কবিকুঞ্জ, চট্টগ্রামের হাফিজ রশিদ খানের পুষ্পকরথ ও ঢাকা থেকে প্রকাশিত গাজী লতিফ সম্পাদিত দূর্বা এবং ভারতের কোচবিহারের সঞ্চয় সাহা সম্পাদিত তিতির, কলকাতার তাপস ভৌমিক সম্পাদিত কোরক ও শিলিগুড়ির শুভময় সরকার সম্পাদিত মল্লার।
চিহ্নর নির্বাহী রহমান রাজু জানান, নিভৃত অঞ্চলে বসবাস করে যেসব কবি ও লেখক বাংলার সাহিত্যকে সমৃদ্ধ করে চলেছেন অথচ প্রচারবিমুখ, তাঁদের খুঁজে বের করে চিহ্ন প্রতিবছর এ পুরস্কার দিয়ে আসছে। এবারও এমন লেখকদের বেছে নেওয়া হয়েছে।
পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেখক নূহ-উল-আলম লেলিন, কথাসাহিত্যিক হাসান আজিজুল হক, লেখক সনৎকুমার সাহা, কবি জুলফিকার মতিন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন ও চিহ্নর প্রধান শহীদ ইকবাল। অনুষ্ঠান সঞ্চালনা করেন চিহ্নর নির্বাহী রহমান রাজু।
গতকাল মেলার শেষ দিনে সকাল সাড়ে নয়টায় আমিনুর রহমান সুলতানের সঞ্চালনায় ‘কথা প্রসঙ্গে: লেখক-সম্পাদকের অভিব্যক্তি’ শিরোনামে আড্ডা অনুষ্ঠিত হয়। দুপুর সাড়ে ১২টায় অনুষ্ঠিত হয় কবিকণ্ঠে ‘কবিতা পাঠ-২’। এর সঞ্চালনা করেন শামীম নওরোজ।