ভাঙা ও পরিবর্তনের ওপরে নিষেধাজ্ঞা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকার আরমানিটোলায় অবস্থিত ‘নিকি সাহেবের বাড়ি’ হিসেবে পরিচিত ভবনটি ভাঙা ও পরিবর্তনের ওপর নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট। আজ বৃহস্পতিবার বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি মো. ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে রুলসহ এ আদেশ দেন।

‘নিকি সাহেবের বাড়িটি ভেঙে ফেলা হচ্ছে’ শিরোনামে আজ প্রথম আলোতে একটি প্রতিবেদন ছাপা হয়। এটি আদালতের নজরে আনেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ ওসমান চৌধুরী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এস এম মনিরুজ্জামান।

আদেশের বিষয়টি নিশ্চিত করে পরে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এস এম মনিরুজ্জামান প্রথম আলোকে বলেন, প্রকাশিত ওই প্রতিবেদন বিবেচনায় নিয়ে আদালত স্বতঃপ্রণোদিত রুলসহ ওই নিষেধাজ্ঞা দেন। নিষেধাজ্ঞার আদেশ যাতে যথাযথভাবে প্রতিপালন হয়, তা নিশ্চিত করতে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), ঢাকার পুলিশ কমিশনার ও সংশ্লিষ্ট বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে বিবাদী স্বরাষ্ট্রসচিব, সংস্কৃতি সচিব, আইজিপি, ঢাকার জেলা প্রশাসক, রাজউক চেয়ারম্যান, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালককে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

আইনজীবী মোহাম্মদ ওসমান চৌধুরী প্রথম আলোকে বলেন, ওই ভবন ভাঙা ও যেকোনো ধরনের পরিবর্তনের ওপর নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। ওই ভবনটির ঐতিহ্যগত দিক বিবেচনায় সংরক্ষণ ও তালিকাভুক্ত করতে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল দেওয়া হয়েছে। রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ভবন মালিক, দখলদার অথবা ভবনটির সঙ্গে স্বার্থ সংশ্লিষ্ট পক্ষের প্রতি ওই নিষেধাজ্ঞা দেওয়া হয়। ফলে রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ভবনটি যেভাবে আছে, সেভাবে সংরক্ষণ করতে হবে।

প্রথম আলোর প্রতিবেদনে বলা হয়, পুরান ঢাকার আরমানিটোলায় ১৯ শতক জায়গায় নির্মিত একটি বাড়িতে বাস করতেন আর্মেনীয় বংশোদ্ভূত জমিদার নিকোলাস পোগজ। তার বাড়িটি মহল্লার মানুষের কাছে ‘নিকি সাহেবের বাড়ি’ নামে পরিচিত ছিল। অথচ ঐতিহ্যবাহী বাড়িটি সংরক্ষিত ভবনের তালিকায় নেই। অনিন্দ্য সুন্দর সেই দ্বিতল ভবনের বর্তমান মালিকেরা ভেঙে ফেলছেন। কয়েক সপ্তাহ ধরে ভাঙার কাজ চলছে। ইতিমধ্যে ভবনটির সামনের এক-তৃতীয়াংশ গুঁড়িয়ে ফেলা হয়েছে। ভবনটি সংরক্ষণের দাবিতে বুধবার আরমানিটোলার আর্মেনিয়ান স্ট্রিটে মানববন্ধন করেছে ঐতিহ্য নিয়ে কাজ করা সংগঠন আরবান স্টাডি গ্রুপ।

প্রতিবেদনে আরও বলা হয়, এলাকায় দেখা যায়, আর্মেনিয়ান স্ট্রিটের ৮/১ ও ৮/২ নম্বর হোল্ডিংয়ে আছে নিকোলাস পোগজের বাড়ি। দ্বিতল ভবনটির ভেতরের এক-তৃতীয়াংশ ভেঙে ফেলা হয়েছে। ইট-সুরকি অপসারণে কাজ করছেন কয়েকজন শ্রমিক। সামনের দেয়ালের একাংশও ভাঙা।