ভাঙা কালভার্ট দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার মদন উপজেলার বটতলা-বারইবাজার সড়কের জাওলা গ্রামের কালভার্টটি পাঁচ মাস ধরে ভাঙা। কালভার্টের মাঝ বরাবর রাস্তাটি ভেঙে গর্ত হয়ে যাওয়ায় যান চলাচলে বিঘ্ন ঘটছে। প্রায়ই ঘটছে দুর্ঘটনা।উপজেলার কাইটাইল ইউনিয়নে অবস্থিত এই রাস্তা দিয়ে পিকআপ, ছোট ট্রাক, মোটরসাইকেল, রিকশা চলাচল করে। কালভার্টটি ভাঙার পর থেকে পিকআপ ও ট্রাক চলাচল বন্ধ রয়েছে। এ ছাড়া এই রাস্তা দিয়ে খাগড়িয়া বাজার, জাওলা চৌরাস্তা বাজার এবং বারইবাজারে প্রতিদিন লোকজন চলাচল করে। অথচ সেখানে সতর্কীকরণ কোনো সাইনবোর্ড নেই।সম্প্রতি জাওলা গ্রামে গিয়ে কথা হয় স্থানীয় বাসিন্দা ফারুক আকন্দের সঙ্গে। তিনি বলেন, ‘পাঁচ মাস ধইরা কালভার্টটি ভাইঙ্গা রইছে। কিন্তু চেয়ারম্যান এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নিতাছে না।’ জাওলা গ্রামের বকুল মিয়া বলেন, ‘কয়দিন আগে রাইতে এইখানও একটা টেম্পু পইড়া চার-পাঁচজন আহত অয়। এইডা তাড়াতাড়ি ঠিক করন দরকার।’ পথচারী কেন্দুয়া উপজেলার দেলোয়ারা বেগম বলেন, ‘আমার এইন্দা যাইতেও ভয় লাগতাছে। এই জায়গাডায় যেকোনো সময় বড় দুর্ঘটনা অইত পারে।’কাইটাইল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মজিবুর রহমান বলেন, ‘বিষয়টি স্থানীয় সাংসদ, ইউএনও ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উপজেলা প্রকৌশলীকে জানিয়েছি।’এলজিইডির নির্বাহী প্রকৌশলী কামরুল হাসান প্রথম আলোকে বলেন, ‘গত শুক্রবার আমরা কালভার্টটি দেখতে গিয়েছিলাম। হয় স্ল্যাব বসানো, নয়তো মাটি দিয়ে ভরাটের জন্য উপসহকারী প্রকৌশলীকে বলে এসেছি।’