কিশোরগঞ্জ-পাকুন্দিয়া-মির্জাপুর-টোক-ঢাকা আঞ্চলিক মহাসড়কের পাকুন্দিয়া উপজেলা সদর বাজারের দক্ষিণ পাশে পাইক লক্ষ্মীয়া এলাকার কালভার্টটি এক বছর ধরে ভাঙা। কালভার্টের মাঝ বরাবর রাস্তাটি ভেঙে গর্ত হয়ে যাওয়ায় যান চলাচলে বিঘ্ন ঘটছে। ঘটছে প্রায়ই দুর্ঘটনা।ওই আঞ্চলিক মহাসড়ক দিয়ে প্রতিদিন কয়েক হাজার যাত্রীবাহী বাস, ট্রাক, পিকআপ, অটোরিকশা, টমটম, মোটরসাইকেল, রিকশাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ গাড়ি চলাচল করে থাকে। এ ছাড়া নেত্রকোনা জেলাসহ ময়মনসিংহ জেলার নান্দাইল ও ঈশ্বরগঞ্জের লোকজন প্রতিদিন এই সড়ক দিয়ে ঢাকায় চলাচল করে। অথচ সেখানে সতর্কীকরণ কোনো সাইনবোর্ড নেই। গতকাল রোববার সকালে ওই এলাকায় গিয়ে কথা হয় কালভার্টের পাশে মার্কেটের মনিহারি দোকানের মালিক আল-আমিন ও সাইকেল মেরামতকারী নজরুল ইসলামের সঙ্গে। তাঁরা বলেন, ‘এক বছর ধইর্যা কালভার্টটি ভাইঙ্গা রইছে। প্রতিদিনই গর্তের ভিতরে পইর্যা দুই-একজন আহত অইতাছে। বিশেষ কইর্যা রাইতে বেশি এক্সিডেন্ট ঘটে।’ওই এলাকার পথচারী মোস্তফা, নজরুল, হেলাল, নয়ন, আপন, মঞ্জু ও বাচ্চু বলেন, ‘কয়েক দিন আগে এই গর্তে একটি মোটরসাইকেল পইর্যা দুইজন লোক মারাত্মক আহত হইছিল। যেকোনো মুহূর্তে আরও বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। ইহা তাড়াতাড়ি ঠিক করা দরকার।’টমটমচালক মনির ও রাসেল বলেন, ‘এইহানদিয়া গাড়ি চালাইতে খুব ডর লাগে। এই জায়গাডা তাড়াতাড়ি ঠিক না করলে অনেক বড় এক্সিডেন্ট অইত ফারে।’পাকুন্দিয়া পৌরসভার মেয়র আইনজীবী মো. জালাল উদ্দিন বলেন, বিষয়টি পৌরসভার এখতিয়ারের মধ্যে নয়। এটি সড়ক ও জনপথ বিভাগের কাজ। কালভার্টসহ এই রাস্তাটি মেরামত করার জন্য জেলা সমন্বয় উন্নয়ন কমিটির সভায় একাধিকবার উত্থাপন করা হয়েছে। কিন্তু কোনো কাজ হচ্ছে না।সড়ক ও জনপথ বিভাগের (সওজ) উপসহকারী প্রকৌশলী সিদ্দিকুর রহমান প্রথম আলোকে বলেন, ‘কালভার্টটি ভেঙেছে খবর পেয়েছি। গর্তের মাঝখানে লাল কাপড় টানিয়ে দেওয়া হয়েছে। রাজমিস্ত্রি খোঁজা হচ্ছে। গর্তটি ভরাট করে দেওয়া হবে।’