ভাঙা ট্রলারের কাঠে ভেসে কূলে ফিরলেন ১২ জেলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিম্নচাপের প্রভাবে সাগরে ঝোড়ো হাওয়া। নিরাপদ আশ্রয়ের জন্য মাছ ধরার ট্রলার এফবি মায়ের দোয়া কূলে ফিরছিল। কিন্তু কূলের প্রায় এক কিলোমিটার আগে বিধ্বস্ত হয় ট্রলারটি। ভেঙে যাওয়া ট্রলারের বড় একটি কাঠের টুকরো ধরে ভেসে ছিলেন ১৪ জন জেলে। এভাবে রাত কাটে। ভোরে তাঁরা কূলের দেখা পান। কিন্তু এর মধ্যে ছিটকে যান দুজন জেলে, কূলে ফেরেন ১২ জন।

গত রোববার রাত ১০টায় বঙ্গোপসাগরের কক্সবাজার উপকূলের লাবণী সৈকতের পশ্চিমে প্রায় এক কিলোমিটার অদূরে ট্রলারডুবির এ ঘটনা ঘটে।

 জেলেরা জানান, সারা রাত সাগরে ভেসে সোমবার সকাল ৬ টায় ১২ জন জেলে কক্সবাজার শহরের নাজিরারটেক সৈকতে আসেন। এরপর তাঁদেরকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। তাঁদের মধ্যে ছয়জন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বাকি ছয়জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

গতকাল সকালে হাসপাতালে কথা হয় ওই ট্রলারের মাঝি (প্রধান) অভি দাসের (৬৫) সঙ্গে। তাঁর বাড়ি চকরিয়ায়। তিনি বলেন, ৬ জুন মায়ের দোয়া ট্রলারে করে তাঁরা ১৪ জন জেলে সাগরে মাছ ধরতে যান। হঠাৎ ঝোড়ো হাওয়া শুরু হওয়ায় তাঁরা কূলে ফেরার উদ্দেশ্যে রওনা দেন। এ সময় ঝোড়ো হাওয়ার ধাক্কায় ট্রলারটি ডুবে যায়। পরে সবাই মিলে ট্রলারের ভাঙা অংশ ধরে সাগরে ভেসে থাকার চেষ্টা করেন। ওই সময় বেলাল উদ্দিন ও লা মং রাখাইন নামে দুই জেলে সাগরে আলাদা হয়ে যায়। এরপর তাঁদের আর খোঁজ পাওয়া যায়নি।

ফিরে আসা আরেক জেলে মাহবুবুল আলম (৪৮) বলেন, ট্রলারের ভাঙা অংশটি না থাকলে সবাই ডুবে মারা যেত। মাহবুবুলের বাড়ি কক্সবাজার সদর উপজেলায়।

চকরিয়া উপজেলার নজরুল ইসলাম, সুধা দাস, রবি দাস, মাখন দাস, জগতানন্দ, তুফান চন্দ্র, কুতুবদিয়া উপজেলার নেপাল দাস ও চরণ দাস। বাকি দুজন জেলের নাম পাওয়া যায়নি।

কক্সবাজার সদর হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা মুবিনুল হক বলেন, সাগরের ভেসে থাকায় জেলেরা শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হয়েছেন। এর মধ্যে অভি দাস, মাহবুবুল আলম, সুধা দাস, রবি দাস ও মাখন দাস হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ডুবে যাওয়া ফিশিং ট্রলারের মালিক জসিম উদ্দিন। তিনি চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের বাসিন্দা। জসিম উদ্দিন বলেন, রোববার রাত ১০টার পর থেকে জেলেদের সঙ্গে মুঠোফোনের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে সোমবার সকালে নাজিরারটেকে ১২ জন জেলে ভেসে আসেন। তিনি নিখোঁজ দুই জেলের সন্ধান করছেন। এ ক্ষেত্রে তিনি নৌবাহিনী ও প্রশাসনের সহযোগিতা চেয়েছেন।

কক্সবাজার ফিশিং বোট মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ বলেন, গতকাল সকালে টেকনাফেও ১২ জেলে নিয়ে আরেকটি ট্রলারডুবির ঘটনা ঘটেছে। দুপুর পর্যন্ত ১১ জেলেকে উদ্ধার করা হলেও এক জেলে নিখোঁজ রয়েছে।