ভাঙা বেইলি সেতু দিয়ে ৩০ হাজার লোকের চলাচল

সাতক্ষীরার আশাশুনি উপজেলার মরিচ্চাপ নদের ওপর নির্মিত বেইলি সেতুটির পাটাতন জায়গায় জায়গায় ভেঙে গেছে। ভাঙা পাটাতনে আটকে যাচ্ছে যানবাহন। জেলা শহরে সহজে যাতায়াত করতে পারায় প্রতিদিন প্রায় ৩০ হাজার মানুষ ঝুঁকিপূর্ণ এই সেতু দিয়ে চলাচল করছে।
১১ ইউনিয়নের ২০ জন বাসিন্দা বলেন, তাঁরা অনেকবার এই সেতুটি মেরামতের জন্য অনুরোধ করেছেন। কিন্তু কোনো লাভ হয়নি। ঈদ আসছে। এখন এই সেতু দিয়ে লোকজনের চলাচল বাড়বে। তাই তাঁরা দ্রুত বেইলি সেতুটি মেরামত করার দাবি জানান।
জেলা সড়ক ও জনপথ বিভাগের (সওজ) কার্যালয়ের দেওয়া তথ্যমতে, আশাশুনির মরিচ্চাপ নদের ওপর সেতুটি প্রায় ২১৮ মিটার লম্বা। এটি নির্মাণ করা হয় ১৯৯০ সালে। এ জন্য ৮৫ লাখ ৮৮ হাজার টাকা ব্যয় হয়। এই সেতু নির্মাণের ফলে নদের দক্ষিণ পাশের আশাশুনি সদর, প্রতাপনগর, বড়দল, খাজরা, আশুলিয়া, শ্রীউলা ও শোভনালি ইউনিয়ন এবং উত্তর পাশের দরগাহপুর, কাদাকাটি, কুল্যা ও বুধহাটা ইউনিয়নের সঙ্গে সাতক্ষীরা শহরের সরাসরি যোগাযোগ স্থাপিত হয়।
সরেজমিনে দেখা যায়, সেতুর লোহার পাটাতনগুলো মরিচা পড়ে নষ্ট ও নড়বড়ে হয়ে গেছে। পাটাতনগুলো জায়গায় জায়গায় ভেঙে গেছে। সেখানে আটকে যাচ্ছে যানবাহনের চাকা। এই সেতু দিয়ে এখন মোটরচালিত ভ্যান, ইজিবাইক ও মোটরসাইকেল চলাচল করছে। সেগুলোর চাপে পাটাতনগুলো আরও ফেটে যাচ্ছে। সেতুর রেলিংয়ের অবস্থাও খারাপ।
স্থানীয় বাসিন্দাদের সূত্র জানায়, উপজেলার ১১টি ইউনিয়নের ২৫-৩০ হাজার মানুষ প্রতিদিন এই সেতুর ওপর দিয়ে চলাচল করে। দীর্ঘদিন ধরে সেতুটির পাটাতনগুলো নষ্ট। পাঁচ বছর আগে সওজ বিভাগ সাইনবোর্ড ঝুলিয়ে এই সেতু দিয়ে বাস, ট্রাকসহ ভারী যানবাহন চলাচল নিষিদ্ধ করে দেয়। কিন্তু তারপরও মাঝেমধ্যে ভারী যানবাহন সেতুতে উঠে যায়। গত মাসে একটি ইটবোঝাই ট্রলির চাকা সেতুর পাটাতন ভেঙে আটকে যায়। তখন কয়েক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
চিংড়িচাষি আবুল হোসেন ও আবুল কালাম আজাদ বলেন, তাঁরা এখন ভ্যানে করে কোনো রকমে মালামাল ওপারে নিয়ে যান। প্রায়ই সেতুর পাটাতন ভেঙে যোগাযোগ বন্ধ হয়ে যায়। মেরামত করে চালু হতে দু-তিন দিনেরও বেশি সময় লেগে যায়। সেতু বন্ধ থাকলে চিংড়ি ও অন্যান্য মাছ দেশের বিভিন্ন স্থানে পাঠাতে দুর্ভোগে পড়তে হয়।
বাসচালক আবদুর রহমান ও ট্রাকচালক আবু হাসান বলেন, পাটাতন নষ্ট হয়ে যাওয়ায় দীর্ঘদিন ধরে এই সেতু দিয়ে বাস ও ট্রাক চলাচল করে না। এই সেতু দিয়ে চলাচল করতে না পারায় কালীগঞ্জ ও দেবহাটা উপজেলা ঘুরে মরিচ্চাপ নদের ওপারে যেতে হয়।
সাতক্ষীরা সওজ বিভাগের এক কর্মকর্তা বলেন, সেতুটিতে নতুন পাটাতন বসানোর জন্য সওজ বিভাগের সাতক্ষীরার তৎকালীন নির্বাহী প্রকৌশলী মো. মনিরুজ্জামান ২০১৩ সালের ফেব্রুয়ারি মাসে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি লেখেন। সাতক্ষীরার পুলিশ সুপার মোল্লা জাহাঙ্গীর হোসেন ২০১৩ সালে জেলা প্রশাসককে চিঠি দেন। জেলা প্রশাসক নাজমুল আহসান ২০১৪ সালে সাতক্ষীরা সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলীকে চিঠি দেন। তারপরও সেতুটি চলাচলের উপযোগী করা হয়নি।
জেলার সওজ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী সৈয়দ গিয়াসউদ্দিন বলেন, সেতুর পাটাতন পরিবর্তনের জন্য ৩ কোটি ৫৪ লাখ টাকা লাগবে। ইতিমধ্যে ২ কোটি টাকা যোগাযোগ মন্ত্রণালয় থেকে বরাদ্দ পাওয়া গেছে। দ্রুত সময়ের মধ্যে সেতুর পাটাতন পরিবর্তনের কাজ শুরু করা যাবে।