ভাঙা বেড়িবাঁধ, আতঙ্কে পেকুয়া ও আনোয়ারার লাখো মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাল ভয়াল ২৯ এপ্রিল। ১৯৯১ সালের এই দিনে চট্টগ্রাম ও কক্সবাজার জেলার উপকূলীয় এলাকার ওপর দিয়ে বয়ে যায় ভয়াবহ ঘূর্ণিঝড়। প্রাণ হারায় হাজারো মানুষ। ঘূর্ণিঝড়ের প্রভাবে জলোচ্ছ্বাসে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় গবাদি পশু ও ফসলের। ঝড়ে ঘরবাড়ি হারিয়ে ক্ষতিগ্রস্ত চট্টগ্রাম ও কক্সবাজার উপকূলের প্রায় লাখো মানুষ। ২৬ বছর পরও ঘূর্ণিঝড়ের সেই ক্ষত এখনো রয়ে গেছে উপকূলে। ভাঙা বেড়িবাঁধ আতঙ্কে দিন কাটাচ্ছে চট্টগ্রামের আনোয়ারা ও কক্সবাজারের পেকুয়া উপেজলার লাখো মানুষ।
প্রলয়ংকরী সেই ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে ভেসে গিয়েছিল কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের পশ্চিমকুল গ্রামের দিলফুরুজ বেগমের মেয়ে রিনা আক্তার (১০)। তাঁর আরও আটজন স্বজনকে ঝড়ে হারিয়েছেন তিনি। ঝড়ের পর পেকুয়ার উপকূলীয় এলাকায় ১২০ কিলোমিটার বেড়িবাঁধ নির্মাণ করা হয়েছিল। তবে ১৯৯৮ সালের বন্যায় ভেঙে যায় সেই বাঁধ। এরপর থেকেই চলছে জোড়াতালির সংস্কার।
দিলফুরুজের ছোট্ট ঘরটি পশ্চিমকুল গ্রামের বেড়িবাঁধের পাশে। বেড়িবাঁধের বিভিন্ন অংশ ভাঙা। বর্ষায় জোয়ারের সময় বেড়িবাঁধ উপচে মগনামা ইউনিয়নে এখনো পানি আছড়ে পড়ে।
দিলফুরুজ বেগম (৫৮) বলেন, ২৯ এপ্রিলের ঘূর্ণিঝড়ের সময় ৫০ ফুটের বেশি উঁচু সেই জলোচ্ছ্বাসে মগনামা ইউনিয়নের প্রায় দেড় হাজার মানুষের মৃত্যু হয়।
দিলফুরুজের প্রতিবেশী আবু তাহের (৫৬) বলেন, গত বছরের জলোচ্ছ্বাসে ভাঙা বেড়িবাঁধ দিয়ে জোয়ারের পানি ঢুকে গ্রামের ৪৫টির বেশি বসতবাড়ি বিলীন হয়েছে। বেড়িবাঁধ সংস্কার না হওয়ায় আসছে বর্ষায় আবারও সেসব ঘরবাড়ি বিলীন হতে পারে।
মগনামা ইউনিয়নের চেপ্টাখালী নাশি থেকে কাকপাড়া পয়েন্ট পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটারের মতো বেড়িবাঁধের কয়েকটি ভাঙা অংশে দুটি এক্সকাভেটর দিয়ে মাটি ভরাটের কাজ চলছে। আবার চেপ্টাখালী নাশি থেকে মগনামা লঞ্চঘাট পর্যন্ত প্রায় এক কিলোমিটার বেড়িবাঁধের বাইরের অংশে (সাগরের দিকে) ইট-সিমেন্ট দিয়ে তৈরি ব্লক বসানো হচ্ছে। কিন্তু কাকপাড়া বেড়িবাঁধের ভাঙা অংশ ও পাশের শরৎঘোনা এলাকার বেড়িবাঁধের ভাঙা অংশে কাজ শুরু হয়নি।
কাকপাড়ার লবণচাষি মো. ছরওয়ার (৫০) বলেন, শীত মৌসুমে সাগর যখন শান্ত থাকে, তখন পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ভাঙা বাঁধের সংস্কার করে না। বর্ষায় যখন সাগর উত্তাল হয়, তখন বাঁধের সংস্কার শুরু হয়।
মগনামা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শরাফত উল্লাহ বলেন, কাকপাড়া ও শরৎঘোনা—এ দুই পয়েন্টে এখনো ভাঙা বেড়িবাঁধের সংস্কারকাজ শুরু হয়নি। ইউনিয়নের অন্যান্য এলাকার বেড়িবাঁধেরও কাজ হয়েছে মাত্র ৩০ শতাংশ। তাও হচ্ছে বালুর বাঁধ। ভরা বর্ষায় উত্তাল জোয়ারের ধাক্কায় এসব নড়বড়ে বালুর বাঁধ বিলীন হতে যেতে পারে বলে আশঙ্কা করছেন তিনি। তখন বেড়িবাঁধ নির্মাণের বিপরীতে সরকারের শত কোটি টাকা পানিতে যাবে।
মগনামার পাশের ইউনিয়ন উজানটিয়া। এই ইউনিয়নের চেয়ারম্যান এম শহিদুল ইসলাম চৌধুরী বলেন, প্রতি বর্ষায় কাকপাড়া বেড়িবাঁধ দিয়ে পানি ঢুকে উজানটিয়ার ৩০ হাজার মানুষ ভোগান্তির শিকার হয়।
পাউবো সূত্র জানায়, পেকুয়া উপজেলায় প্রায় ১২০ কিলোমিটার বেড়িবাঁধের মধ্যে সংস্কারকাজ চলছে ২০ কিলোমিটারে। এ জন্য বরাদ্দ পাওয়া গেছে প্রায় ১৯০ কোটি টাকা।
পেকুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শাফায়েত আজিজ বলেন, গত ৩০ মার্চের মধ্যে বেড়িবাঁধের সংস্কারকাজ শেষ করার দাবি ছিল মানুষের। কিন্তু কাজ শেষ হয়নি।
পেকুয়ার দায়িত্বে থাকা পাউবোর কর্মকর্তা গিয়াস উদ্দিন গতকাল বুধবার দুপুরে বলেন, সাগর উত্তাল হওয়ায় কাকপাড়া এলাকার ভাঙা বেড়িবাঁধের কাজ এখন শুরু করা সম্ভব হচ্ছে না। তবে কাকপাড়ায় ২ হাজার ৮০০ ফুটের রিং বাঁধের নির্মাণকাজ আগামী ২০ দিনের মধ্যে শেষ করা হবে।
কক্সবাজারের জেলা প্রশাসক মো. আলী হোসেন বলেন, জেলার পেকুয়া, কুতুবদিয়া, চকরিয়া, টেকনাফ, মহেশখালী উপজেলার উপকূলে ভাঙা বেড়িবাঁধ নিয়ে মানুষ সমস্যায় আছে। বেড়িবাঁধের ভাঙা অংশ জরুরি ভিত্তিতে সংস্কার করতে পাউবোর কর্মকর্তাদের বলা হয়েছে।
এদিকে কক্সবাজারের পেকুয়ার মতোই ভাঙা বেড়িবাঁধ নিয়ে কষ্টে আছে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার উপকূলের বাসিন্দারা। উপজেলার বার আউলিয়া এলাকার বাসিন্দা আবু বকর বলেন, ‘৯১ সালের দুর্যোগের কথা আমরা ভুলিনি। এত দিনেও আমরা নিরাপত্তা পাইনি, টেকসই বাঁধ হয়নি এ আক্ষেপ থেকে যাবে।’
রায়পুর ইউপির চেয়ারম্যান জানে আলম প্রথম আলোকে বলেন, আনোয়ারা উপকূলের মানুষের কষ্ট এখনো কমেনি। বাঁধ না থাকায় উপকূলের কিছু কিছু এলাকার জীবনযাত্রা এখনো অস্বাভাবিক। আগামী বর্ষায় দুর্ভোগ বাড়বে। শিগগিরই বেড়িবাঁধ সংস্কারের দাবি জানান তিনি।
পাউবো সূত্র জানায়, আনোয়ারা উপকূল রক্ষায় ২৮০ কোটি ৩০ লাখ টাকার প্রকল্প অনুমোদন দোওয়া হয়েছে।
পাউবোর উপসহকারী প্রকৌশলী ফরায়েজুল ইসলাম প্রথম আলোকে বলেন, আনোয়ারা উপকূলে বাঁধ নির্মাণের জন্য দরপত্র সম্পন্ন হয়েছে। ঠিকাদারেরাও কার্যাদেশ পেয়ে এলাকা পরিদর্শন করেছেন। বর্ষার পরে কাজ শুরু হবে।
[প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার, চকরিয়া প্রতিনিধি ও আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি]