ভাঙা বেড়িবাঁধ দিয়ে ঢুকছে জোয়ারের পানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) প্রায় ২১ কিলোমিটার ভাঙা বেড়িবাঁধ দিয়ে জোয়ারের পানি ঢুকে সাত উপজেলার ৪৪টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে হাজারো মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
গতকাল শুক্রবার সকালে কক্সবাজার শহরের মাঝিরঘাট ও পেশকারপাড়া ঘুরে দেখা যায়, শহররক্ষা বাঁধের বিলীন হয়ে যাওয়া প্রায় তিন কিলোমিটার অংশ দিয়ে জোয়ারের পানি ঢুকে পাঁচটি গ্রামের শতাধিক ঘরবাড়ি প্লাবিত হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, প্রায় তিন কিলোমিটার বেড়িবাঁধ বিলীন হয়ে যাওয়ায় রামুর রশিদনগর ও জোয়ারিয়ানালার আটটি গ্রামের দেড় শতাধিক ঘরবাড়ি প্লাবিত হয়েছে।
বাঁকখালী নদীর তীরে রামুর হাইটুপি, মিস্ত্রিপাড়া, মুক্তারকূল, রাজারকূল এলাকার দুই কিলোমিটার বাঁধ বিলীন হওয়ায় কয়েক শ একর ফসলি জমিসহ অসংখ্য ঘরবাড়ি প্লাবিত হয়েছে।
হাইটুপি গ্রামের কৃষক মনছুর আলম জানান, গত ২৪ জুন পাহাড় থেকে নেমে আসা ঢলের পানিতে এই এলাকার চারটি স্লুইসগেট বিলীন হয়। এরপর আরও চার কিলোমিটার বেড়িবাঁধ ভেঙে যায়। এখন ভাঙা বাঁধ দিয়ে জোয়ারের পানি ঢুকে ঘরবাড়ি প্লাবিত হচ্ছে। পবিত্র রমজান মাসে রান্নাবান্না বন্ধ থাকায় মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
রামু উপজেলা পরিষদের চেয়ারম্যান রিয়াজ উল আলম জানান, গত ২৩ জুন থেকে টানা সাত দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের পানিতে শুধু এই উপজেলার ১০ হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। হাজার হাজার মানুষ এখনো খোলা আকাশের নিচে মানবেতর জীবন কাটাচ্ছে। ভাঙা বেড়িবাঁধ দ্রুত সংস্কার করা না হলে মানুষের কষ্ট আরও বাড়বে।
পাউবোর কক্সবাজার কার্যালয় সূত্র জানায়, সাম্প্রতিক বন্যায় কক্সবাজার সদর, রামু, চকরিয়া, পেকুয়া, টেকনাফ ও মহেশখালী উপজেলায় প্রায় ৬৬ কিলোমিটার বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে সম্পূর্ণভাবে বিলীন হয়েছে প্রায় ২১ কিলোমিটার। বন্যার পানিতে ভেঙে গেছে ৪১টি স্লুইসগেট। ভাঙা বাঁধ দিয়ে জোয়ারের পানি ঢুকে সাত উপজেলার ৪৪টি গ্রাম প্লাবিত হয়েছে।
পাউবোর কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী মো. সবিবুর রহমান জানান, বন্যায় ক্ষতিগ্রস্ত ৬৬ কিলোমিটারের বেশি বেড়িবাঁধ ও ৪১টি স্লুইসগেট সংস্কারের জন্য প্রায় ৫৯ কোটি টাকা বরাদ্দ চাওয়া হয়েছে। তবে ডিসেম্বরের আগে ভাঙা বেড়িবাঁধ সংস্কার করা সম্ভব নয়। কারণ, বর্ষার এই সময় সমুদ্র প্রচণ্ড উত্তাল থাকে। এখন ভাঙা বাঁধ সংস্কার করলে যেকোনো মুহূর্তে তা সাগরে তলিয়ে যেতে পারে।