ভাঙা বেড়িবাঁধ সংস্কারের আশ্বাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া
ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, ঘূর্ণিঝড় রোয়ানুর আঘাতে কক্সবাজারের উপকূলীয় বেড়িবাঁধের ক্ষতি হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলোচনা করে দ্রুত ভাঙা বেড়িবাঁধ সংস্কার করা হবে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি ও কর্মহীন লোকজনকে ভিজিএফ কর্মসূচির আওতায় চাল বিতরণ করা হবে।
গতকাল সোমবার রাতে কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির বিশেষ সভায় মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘ঘূর্ণিঝড় রোয়ানুর আঘাতে দেশের ১৪টি উপকূলীয় জেলা ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে চট্টগ্রাম, কক্সবাজার ও ভোলা জেলা। এত বড় দুর্যোগের ক্ষতি পুষিয়ে দেওয়া একটি মন্ত্রণালয়ের পক্ষে সম্ভব নয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলোচনা করে এই সমস্যা মোকাবিলা করা হবে।’
এর আগে মন্ত্রী চট্টগ্রামের বাঁশখালী, আনোয়ারা, কক্সবাজারের চকরিয়া ও সদর উপজেলার ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন।
কক্সবাজারের সভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী বলেন, ‘উপকূলের হাজার হাজার গৃহহীন মানুষ ত্রাণ চাচ্ছেন না। তাঁরা মাথা গোঁজার ঠাঁই হিসেবে গৃহনির্মাণসামগ্রী এবং বাঁচার জন্য স্থায়ী উপকূলীয় বেড়িবাঁধ চান।’
জেলা প্রশাসক মো. আলী হোসেনের সভাপতিত্বে এ সভায় বক্তব্য দেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রিয়াজ আহমদ, কক্সবাজারের চার সাংসদ আবদুর রহমান বদি, সাইমুম সরওয়ার কমল, আশেক উল্লাহ রফিক ও মুহাম্মদ ইলিয়াছ, পুলিশ সুপার শ্যামল কুমার নাথ, জেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, কক্সবাজার পৌরসভার মেয়র মাহবুবুর রহমান, রেড ক্রিসেন্ট সোসাইটির জেলা সভাপতি নুরুল আবছার, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের প্রমুখ।
সাংসদ বদি বলেন, বেড়িবাঁধ সমস্যার কারণে জেলার লাখো মানুষের চরম দুর্ভোগ যাচ্ছে। সরকার বেড়িবাঁধ সংস্কারের জন্য অর্থ বরাদ্দ দিলেও সংস্কার কাজ চলে জুন-জুলাই মাসে। তখন সাগর উত্তাল থাকায় ৬০ থেকে ৭০ শতাংশ টাকা নষ্ট হয়। বাঁধের কাজ টেকসই করতে হলে নির্মাণকাজ শুষ্ক মৌসুমের নভেম্বর-ডিসেম্বর মাসে করতে হবে।
জেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল মোস্তফা বলেন, মহেশখালীতে দেশের তাপবিদ্যুৎ প্রকল্পসহ পাঁচটি অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হলেও সেখানে বেড়িবাঁধ নেই। পুরো মহেশখালী অরক্ষিত। দ্রুত বেড়িবাঁধ সংস্কার না হলে লাখো মানুষের জীবন ও জীবিকা হুমকির মুখে পড়বে।
সভায় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সাবিবুর রহমান বলেন, ঘূর্ণিঝড়ে জেলার বিভিন্ন স্থানে ৬১ কিলোমিটার বেড়িবাঁধ ভেঙে গেছে।