ভাঙা বেড়িবাঁধ নির্মাণের দাবিতে কক্সবাজারের মহেশখালীতে মানববন্ধন ও সমাবেশ হয়েছে। গতকাল সোমবার বিকেলে উপজেলার মাতারবাড়ি ইউনিয়নের মগডেইল বাজার মাঠে এ সমাবেশ করা হয়। আগামী ১০ দিনের মধ্যে ভাঙা বেড়িবাঁধ সংস্কারের দাবি জানানো হয়েছে।
বক্তারা বলেন, গত বছর প্রাকৃতিক দুর্যোগে মাতারবাড়ি ইউনিয়নের দক্ষিণ পাশের এক কিলোমিটার বেড়িবাঁধ সাগরে বিলীন হয়ে গেছে। প্রতিনিয়ত জোয়ার-ভাটার কবলে পড়ে অন্তত ৪০ হাজার মানুষ নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ভাঙা বাঁধ সংস্কারের জন্য কোনো উদ্যোগ নেওয়া হয়নি। সম্প্রতি অমাবস্যায় জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে লবণ ও বোরো ধান তলিয়ে গেছে। সামনের বর্ষা মৌসুম নিয়ে মানুষ আতঙ্কিত হয়ে পড়েছে। আগামী ১০ দিনের মধ্যে ভাঙা বেড়িবাঁধ সংস্কারের দাবি জানান বক্তারা।
মাতারবাড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য সরওয়ার আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন দলিলুর রহমান, নুর আহমদ, আবুল হোছাইন, মোহাম্মদ হোছাইন, মো. আবু ছালেহ, নুর মোহাম্মদ, মোনাফ উল্লাহ, নুরুল আমিন, আলী আজগর প্রমুখ।