চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানাসংলগ্ন সোহাগ কমিউনিটি সেন্টারের ভাঙা ভবনে চলছে দ্বিতীয় তলার নির্মাণকাজ। ফলে ভবনটি মানুষের মরণফাঁদে পরিণত হচ্ছে। এলাকাবাসী জানান, রাজা মিয়া নামের এক প্রভাবশালী ব্যক্তি ২০০৬ সালে কাপ্তাই সড়কের রাঙ্গুনিয়া থানাসংলগ্ন এলাকায় সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জায়গা দখল করে সোহাগ কমিউনিটি সেন্টার নামে তিনতলা ভবন গড়ে তোলেন। ২০০৮ সালে ভবনটি ভেঙে ফেলে সওজ। সেখানে জোড়াতালি দিয়ে তিন মাস ধরে পুনরায় নির্মাণ করা হচ্ছে ভবনটি। সরেজমিনে দেখা যায়, নিচতলার খুঁটি ও দেয়ালের সঙ্গে জোড়া লাগিয়ে ভবনটি নির্মাণ করা হচ্ছে। বর্তমানে দ্বিতীয় তলার নির্মাণকাজ চলছে। স্থানীয় রাজমিস্ত্রিরা এ ভবন নির্মাণ করছেন। এতে নির্মাণ প্রকৌশলীর কোনো নির্দেশনা নেই। রাজা মিয়ার ছেলে মো. হাছান মুঠোফোনে বলেন, ভবনটিতে এখন কমিউনিটি সেন্টার থাকবে না। গাড়ির গ্যারেজ করা হবে। ফলে ভবনটি ভেঙে ফেলার পর যে অবস্থায় ছিল, সেখান থেকে নির্মাণ করা হচ্ছে। এ জন্য প্রকৌশলীর প্রয়োজন নেই। নাম প্রকাশে অনিচ্ছুক রাঙ্গুনিয়া পৌরসভার এক প্রকৌশলী বলেন, ভবনটি নির্মাণে আগেও অনুমোদন ছিল না। এখনো অনুমোদন ছাড়াই নির্মাণ করা হচ্ছে। নির্মাণ প্রকৌশলীর পরামর্শ ছাড়া স্থানীয় রাজমিস্ত্রি দিয়েই ভবনটি নির্মাণ করা হচ্ছে। ফলে ভবনটি নড়বড়ে হচ্ছে। ভবনটি রানা প্লাজার মতো ধসে যেকোনো সময় প্রাণহানি ঘটতে পারে। বিষয়টি তিনি পৌর মেয়রকে জানিয়েছেন। পৌর মেয়র খলিলুর রহমান চৌধুরী বলেন, নিজ জায়গায় ভবন নির্মাণে অনুমোদন দেওয়ার নিয়ম রয়েছে। সওজ বিভাগের জায়গায় নির্মাণ করায় ভবনটি নির্মাণে অনুমোদন দেওয়ার সুযোগও নেই। সওজ বিভাগকেই এ ব্যাপারে ব্যবস্থা নিতে হবে। সওজ বিভাগের চট্টগ্রাম জেলা নির্বাহী প্রকৌশলী রানা প্রিয় বড়ুয়া বলেন, সওজের জায়গায় নির্মাণের কারণে ভবনটি ২০০৮ সালে ভেঙে ফেলা হয়। ভবনটি পুনরায় নির্মাণের ব্যাপারে খোঁজ নিয়ে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।