ভাঙা রাস্তায় জলাবদ্ধতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর আর কে মিশন রোডের (গোপীবাগ) জজ গলির বাসিন্দা নূরুন্নবী যখন মসজিদে ঢুকছিলেন, তখন সামনের ভাঙাচোরা রাস্তাটিতে খানিকটা কাদা জমে ছিল। তারপরও কষ্টেসৃষ্টে চলাফেরা করা যাচ্ছিল। কিন্তু নামাজ আদায় শেষে বেরিয়ে তিনি ও অন্য মুসল্লিরা দেখলেন, চলার উপায় নেই। কারণ, রাস্তায় প্রায় হাঁটুপানি জমে গেছে। নামাজের মাঝের সময়টার এক পশলা ভারী বৃষ্টিতেই এই দশা। পানি কখন নামবে—এই চিন্তায় অনেকে নোংরা পানি মাড়িয়েই বাসার উদ্দেশে যাত্রা করলেন।
গত বুধবার ফজরের নামাজের পরের ঘটনা এটি। নূরুন্নবী প্রথম আলোকে বলেন, বাসার পাশেই মসজিদ। তাই জামাতে নামাজ আদায় করার চেষ্টা করেন। কিন্তু যাতায়াতের সময় ভাঙা রাস্তা ও জলাবদ্ধতা তাঁর মতো অনেকের কাছে বড় অশান্তির কারণ হয়ে উঠেছে।
মসজিদের পাশেই হোমিওপ্যাথি চিকিৎসালয়। সেখানে রোগীর সংখ্যাও অনেক। ডাক্তার দেখিয়ে অথবা ওষুধ কিনে চিকিৎসালয়ের বারান্দাতেই দাঁড়িয়ে থাকলেন অনেকে। লোকমান হোসেন নামের এক রোগী তাঁর পাশের ব্যক্তিকে একটু জোর গলাতেই বললেন, ‘পাঁচড়া (চর্মরোগ) ভালো করতে ডাক্তারের কাছে এসেছি। ময়লা পানিতে নেমে অসুখ বাড়াব নাকি।’
প্রায় ১৫ মিনিট ওভাবে দাঁড়িয়ে অগত্যা লোকমান হোসেন নেমে পড়লেন সেই পানিতেই। তাঁর মতো অনেকেই নোংরা পানি মাড়িয়েই ছুটলেন।
ওই হোমিও চিকিৎসালয়ের ডাক্তার এম এ কাদের প্রথম আলোকে বলেন, স্থানীয় মসজিদ কমিটি এলাকার জলাবদ্ধতা দূর করার জন্য নিয়মিতই সংশ্লিষ্টদের কাছে অনুরোধ জানান। কিন্তু কোনো কাজের কাজ হয়নি। তিনি বলেন, চিকিৎসা নিতে আসা রোগীরা জলাবদ্ধতা ও ভাঙা রাস্তার জন্য বড় ধরনের সমস্যায় পড়েন। এ জন্য তিনিও বিব্রতবোধ করেন।
জলাবদ্ধতার মধ্যেই কিছু খালি রিকশা পাওয়া যাচ্ছে, কিন্তু চালক যাবেন না। যাঁরা যেতে রাজি হচ্ছেন, তাঁরা সামনের গলিতে যেতেও ২০ টাকা দাবি করছেন।
এলাকার একমাত্র মিষ্টির দোকানটির সামনের সিঁড়িতে পানি ছুঁই ছুঁই। কর্মচারী রকিবুল বললেন, বছরের পর বছর ধরে রাস্তাটির অবস্থা খারাপ। চোখের সামনে রিকশা উল্টে অনেক যাত্রীকে আহত হতে দেখেছেন। আর পানি জমলে তো কথাই নেই, সিএনজিচালিত অটোরিকশাও উল্টে যায়।
শুধু এই রাস্তা নয়, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৮ নম্বর ওয়ার্ডের বেশির ভাগ রাস্তারই এখন ভগ্নদশা। আগে থেকেই খারাপ ছিল, এবারের বর্ষায় সড়ককে বলতে গেলে আর সড়ক বলে চেনাই যায় না।
বৃষ্টি হলেই গোপীবাগের বিভিন্ন গলি, আর কে মিশন রোডের মসজিদ-সংলগ্ন এলাকায় জলাবদ্ধতা হয়—এমন অভিযোগ করেছেন বাসিন্দা ও স্থানীয় দোকানমালিকেরা।
বিষয়টি অনুসন্ধানে নেমে জানা যায়, শুধু বৃষ্টি নয়, বক্স কালভার্টের ফুটো লাইন থেকেও এখানে পানি জমা হয়। যার জন্য শুকনো মৌসুমেও পানি জমে থাকে। রমনা মৎস্য ভবন থেকে কমলাপুর পর্যন্ত প্রায় সাড়ে ছয় কিলোমিটারের বক্স কালভার্টটি নির্মিত হয়েছে, তা পার্শ্ববর্তী বালুর মাঠ দিয়ে গেছে। সেখানে ঠিক কোন অংশে লাইন ফুটো হয়েছে, তা এখনো শনাক্ত করা হয়নি। শনাক্ত করতে হলে কালভার্টের অংশ ভাঙতে হবে।
সিটি করপোরেশন নির্বাচনের আগে গত ১৩ এপ্রিল ওয়ার্ডের আওয়ামী লীগ-সমর্থিত কাউন্সিলর প্রার্থী মো. সুলতান মিয়া প্রথম আলোকে বলেছিলেন, নির্বাচিত হলে তিনি এলাকার রাস্তাঘাট মেরামত ও জলাবদ্ধতা নিরসনের বিষয়ে গুরুত্ব দেবেন। পর্যায়ক্রমে পুরো এলাকার জলাবদ্ধতা দূর করার ব্যবস্থা নেওয়া হবে। প্রধানত মসজিদের সামনের রাস্তা সংস্কার ও জলাবদ্ধতা দূর করার বিষয়ে তিনি দ্রুত উদ্যোগ নেবেন।
সুলতান মিয়া নির্বাচিত হয়েছেন। গত বুধবার প্রথম আলোকে তিনি বলেন, ব্রাদার্স ক্লাব মোড় থেকে গোপীবাগ রেলগেট পর্যন্ত পুরো রাস্তা মেরামতের জন্য সিটি করপোরেশনের প্রকৌশল বিভাগকে ‘নোট’ দেওয়া হয়েছে। বিভাগ জানিয়েছে, বর্ষা মৌসুম শেষ হলে কাজ ধরা হবে।
সাময়িকভাবে কী উদ্যোগ নেওয়া হচ্ছে—এমন প্রশ্নে কাউন্সিলর বলেন, ‘সিটি করপোরেশনের আঞ্চলিক কার্যালয়ে আলাপ করেছি। দেখি ইটের সলিং দেওয়া যায় কি না।’
জলাবদ্ধতা দূর করতে বক্স কালভার্টজনিত সমস্যা নিয়ে ঢাকা ওয়াসার সঙ্গে আলোচনা করা হবে বলে জানান তিনি। এ ছাড়া এলাকার ড্রেনেজ ব্যবস্থা ঠিক করার বিষয়েও জোর দিচ্ছেন তিনি।