ভাঙা রাস্তার দুর্ভোগ থেকে মুক্তি চায় নগরবাসী

চট্টগ্রামের আরাকান সড়ক সংস্কারের দাবিতে গতকাল বুধবার বেলা ১১টায় নগরের কাপ্তাই রাস্তার মাথা এলাকায় মানববন্ধন ও সমাবেশ করেছেন সড়ক ব্যবহারকারী ক্ষুব্ধ জনগণ। ‘ক্ষুব্ধ সাধারণ জনগণ’ এর ব্যানারে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে ভুক্তভোগী এলাকার লোকজন ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে সড়ক সংস্কারের দাবি জানান।
সামাজিক যোগাযোগমাধ্যমে (ফেসবুক) একটি ইভেন্ট খুলে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এ মানববন্ধনে এসে সংহতি প্রকাশ করেন স্থানীয় সাংসদ মইন উদ্দিন খান বাদল ও চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক এ কে এম ফয়জুল্লাহ।
সাংসদ মইন উদ্দিন খান বাদল বলেন, ‘আমার নির্বাচনী এলাকার মধ্যে চলমান উন্নয়ন প্রকল্পের কারণে জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে। এর দায় আইনগতভাবে আমার না হলেও জনপ্রতিনিধি হিসেবে আমাকে জনগণের কাছে জবাব দিতে হয়। সে কারণে মানববন্ধনের খবর পেয়ে আমি এলাকায় অবস্থান করায় তরুণদের ডাকা এ মানববন্ধনে এসে সংহতি প্রকাশ করছি। সেই সাথে মেয়রের সঙ্গে ফোনে কথা বলে বিষয়টি তাঁকে অবগত করলাম। মেয়রও প্রতিশ্রুতি দিয়েছেন দুর্ভোগ থেকে পরিত্রাণের।’
ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক এ কে এম ফজলুল্লাহ বলেন, কাপ্তাই রাস্তার মাথা থেকে মদুনাঘাট অংশটি আগামী ডিসেম্বরের মধ্যেই চলমান কাজ শেষ করে যান চলাচলের উপযোগী করে দেওয়া হবে আর নগরের অংশটি নভেম্বরের মধ্যে কাজ শেষ হবে বলে তিনি জানান।
এ মানববন্ধন কর্মসূচিতে আরও বক্তব্য দেন মানববন্ধন আয়োজনের প্রধান সমন্বয়ক আলম দিদার, আসফাক হোসাইন খান, আইনজীবী হারিচ আহমেদ, আমিন মুন্না, ইয়াসির আরাফাত, তারিকুল ইসলাম প্রমুখ।