ভাঙা রাস্তায় তির্যক প্রশ্নের মুখে আনিসুল হক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোল্লা বস্তি থেকে নির্বাচনী প্রচার শেষে পল্লবী আবাসিক এলাকায় ঢুকে রিকশায় চড়লেন আনিসুল হক। পাশে স্থানীয় সাংসদ ও মিরপুরের প্রভাবশালী মোল্লা পরিবারের ইলিয়াস মোল্লা।
রিকশার সামনে ও পেছনে আওয়ামী লীগের নেতা-কর্মীরা। আনিসুল হকের নির্বাচনী প্রতীক টেবিল ঘড়ির পক্ষে মুহুর্মুহু স্লোগান। হঠাৎ রাস্তার বাঁ দিকের একটি ভবনের তৃতীয় তলা থেকে দুজন মধ্যবয়স্ক নারী বারান্দায় দাঁড়িয়ে বলতে থাকলেন, ‘আনিস ভাই, এবার আমাদের পল্লবীর রাস্তাটা একটু মেরামত করেন। সাত বছর ধরে এই রাস্তা মেরামত হচ্ছে না।’
স্লোগান ও মাইকের বিকট শব্দে তাঁদের আকুল দাবি প্রায় ধামাচাপাই পড়ে যাচ্ছিল। ওই ভোটারের আরজি শুনতে আনিসুল হক সবাইকে থামালেন। দাবিটি আবারও শোনার পর আনিসুল হক উত্তর দেওয়ার আগে ইলিয়াস মোল্লা ধমকের সুরে বললেন, ‘দাঁড়ান দাঁড়ান, কোন রাস্তার কথা কইতাছেন’। উত্তরে ওই নারী আবারও বললেন, ‘এই যে রাস্তা দিয়ে যাচ্ছেন, সেটাও তো ভালো না। পল্লবী থেকে বের হওয়ার রাস্তাটাও সাত বছর ধরে মেরামত হচ্ছে না।’
ইলিয়াস মোল্লা এবার কিছুটা মজা করার ভঙ্গিতে উত্তর দিলেন ‘নির্বাচনের আগে দিয়া রাস্তার কাজ ধরুমনে’। এই উত্তরে ওই দুই নারী ভোটার খুশি না বেজার হলেন তা বোঝা গেল না। তবে ইলিয়াস মোল্লার সমর্থকেরা হাততালি-স্লোগান আর হর্ষধ্বনি তুলে সামনে এগিয়ে গেলেন।
এক প্রশ্নের জবাবে আনিসুল হক খালেদা জিয়ার গাড়িবহর নিয়ে নির্বাচনী প্রচার চালানোর সমালোচনা করে বলেন, ‘ওনার গাড়িবহরে হামলা চালানোর নিন্দা প্রথম আমি করি।’
নির্বাচনে সেনাবাহিনী নামানোর সিদ্ধান্তকে ইতিবাচক উল্লেখ করে আনিসুল হক বলেন, ‘আমি এতে অনেক খুশি। কেননা, এর মাধ্যমে ভোটারদের মধ্যে আস্থা ও সাহস আসবে।’
মোল্লা ও ভোলা বস্তিতে যাওয়ার আগে আনিসুল হক মিরপুর মুসলিম বাজার আওয়ামী লীগ কার্যালয় থেকে তাঁর প্রচারকাজ শুরু করেন। আওয়ামী লীগ কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন তিন। এরপর তিনি লাল মাঠে শিশুদের সঙ্গে ক্রিকেট খেলেন।