পিরোজপুরের স্বরূপকাঠি পৌরসভা নাগরিক-সুবিধাবঞ্চিত। অধিকাংশ রাস্তাঘাট ভাঙা হওয়ায় দিনের বেলায়ও হাঁটা যায় না। রয়েছে বিশুদ্ধ পানির অভাব, নেই খেলার মাঠ ও বিনোদনের ব্যবস্থা। সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, শহরের মাগুরা-জগন্নাথকাঠ, গোনমান-সওজ ও পুরাতন গোনমান থেকে গোনমান পর্যন্ত সড়ক তিনটির অবস্থা খুবই খারাপ। এই সড়ক তিনটি দিয়ে কোনো ভারী যানবাহন চলাচল করতে পারে না।পৌরসভার প্রশাসনিক শাখা সূত্রে জানা গেছে, ১৯৯৮ সালে স্বরূপকাঠি পৌরসভা গঠিত হয়। এই পৌরসভার আয়তন ৪ দশমিক ৯৮ বর্গকিলোমিটার। জনসংখ্যা ২৬ হাজার ৫২৫ জন। কাঁচা নালা ১০ কিলোমিটার ও পাকা নালা রয়েছে ৩ দশমিক ৫ কিলোমিটার। আছে ৩৪ কিলোমিটার কাঁচা ও ৪৪ দশমিক ৫০ কিলোমিটার পাকা রাস্তা। কলেজ একটি, মাধ্যমিক বিদ্যালয় তিনটি, প্রাথমিক বিদ্যালয় আটটি, কিন্ডারগার্টেন চারটি, কামিল, আলিম, একাডেমি ও কওমি মাদ্রাসা একটি করে এবং মহিলা দাখিল মাদ্রাসা দুটি।স্বরূপকাঠি পৌরসভার জগৎপট্টি এলাকার বাসিন্দা মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম বলেন, পৌরসভা গঠিত হওয়ার পর কিছুদিন একজন সরকারি কর্মকর্তা প্রশাসকের দায়িত্ব পালন করেন। এরপর নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত দেলোয়ার হোসেন ফারুক চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি পৌরসভার বেশির ভাগ রাস্তাঘাট সংস্কার করেন। কিন্তু বিগত বিএনপি জোট সরকারের মেয়াদে অনুষ্ঠিত নির্বাচনে বিএনপি সমর্থিত মাহাবুব আহসান বিজয়ী হন। তাঁর আমলে পৌরসভার রাস্তাঘাট সংস্কারের নামে হরিলুট হয়েছে। এখন দিনের বেলায়ও রাস্তা দিয়ে ঠিকমতো হাঁটা যায় না।স্বরূপকাঠি বন্দরের হোটেল ব্যবসায়ী মো. মাহাবুবুর রহমান বলেন, ‘পৌরসভা এলাকায় বিশুদ্ধ পানি সরবরাহের ব্যবস্থা নেই। হোটেলের বাসনকোসন ধোয়ার ও পানের জন্য প্রতিদিন প্রায় দুই হাজার লিটার পানির প্রয়োজন। দূরের গ্রাম থেকে গভীর নলকূপের এক কলসি পানি ১০ টাকায় কিনে আনতে হয়। এতে প্রতিদিন প্রায় ২০০ টাকা পানির বিল গুনতে হয়। বিশুদ্ধ পানি সরবরাহের ব্যবস্থা থাকলে মাসে ২০০ টাকা বিল দিয়ে পারতাম।’ পৌরসভার বাসিন্দা সুশীলসমাজের প্রতিনিধি কাজী সাখাওয়াত হোসেন বলেন, ক্রীড়া, সাহিত্য ও সংস্কৃতিতে স্বরূপকাঠির সুনাম অনেক আগে থেকেই। কিন্তু এ পৌরসভায় খেলার মাঠও নেই, বিনোদনের কোনো ব্যবস্থা নেই। আমাদের দাবি, পৌরসভার উদ্যোগে দ্রুত একটি পার্ক ও খেলার মাঠ নির্মাণ করা হোক।’ বর্তমান পৌর মেয়র দেলোয়ার হোসেন ফারুক বলেন, ‘পৌরসভার রাস্তাঘাট উন্নয়ন ও বিশুদ্ধ পানি সরবরাহের বিষয়টি অগ্রাধিকার তালিকায় আছে। এরপর খেলার মাঠের জন্য স্টেডিয়াম নির্মাণ ও বিনোদনের জন্য পার্ক নির্মাণের চেষ্টা চালিয়ে যাব। আমার মেয়াদে পৌরসভাকে নাগরিকসুবিধা উপযোগী পৌরসভা হিসেবে গড়ে তুলব।’সাবেক মেয়র বিএনপি নেতা মাহাবুব আহসান বলেন, ‘আমার মেয়াদে স্বরূপকাঠি পৌরসভাকে দ্বিতীয় শ্রেণীতে উন্নীত করেছি। রাস্তাঘাটের জন্য যা বরাদ্দ পেয়েছি, তার সঠিক ব্যবহার করেছি। তবে উন্নয়নের নামে কোনো হরিলুট হয়নি।’