ভাঙা সংযোগ সড়ক ঠিক হয়নি দুই বছরেও

রংপুরের কাউনিয়ায় মানাস নদের ওপর নির্মিত সেতুটির ভেঙে যাওয়া সংযোগ সড়ক গত দুই বছরেও নির্মাণ করা হয়নি। স্থানীয় উদ্যোগে সেতুর সঙ্গে সংযোগ সড়কের ভাঙা অংশে বাঁশের খুঁটি ও চাটাই দিয়ে কোনোমতে একটি সাঁকো বানানো হয়েছে। ঝুঁকিপূর্ণ ওই সাঁকোর ওপর দিয়ে চলাচল করতে বাধ্য হচ্ছে ছয় গ্রামের মানুষ।
সংযোগ সড়কটি ভেঙে যাওয়ার পর স্থানীয় লোকজনের উদ্যোগে সেতুর সঙ্গে লাগোয়া করে প্রায় ৫০ ফুট দৈর্ঘে৵র ওই সাঁকোটি বানানো হয়। বাঁশের এই সাঁকোর ওপর দিয়েই সেতুতে চড়তে হয়। আর এভাবেই ছয় গ্রামের কয়েক হাজার মানুষ ঝুঁকি নিয়ে যাতায়াত করছে। এ ছয় গ্রাম হলো উপজেলার বালাপাড়া ইউনিয়নের গোপীডাংগা, আরাজি হরিশ্বর, খলাইঘাট, কিশামত, চাংড়া ও প্রাণনাথচর। এই গ্রামগুলো থেকে উপজেলা বন্দরে যাওয়ার একমাত্র পথ এটি।
উপজেলা প্রকৌশল বিভাগ সূত্র জানায়, উপজেলার মৌলভীবাজার এলাকায় মানাস নদের ওপর ২০১৪ সালে ৩৭ লাখ ২৪ হাজার টাকা ব্যয়ে তপিকল হাট-আরাজি হরিশ্বর সড়কের ওপর একটি সেতু নির্মিত হয়। নির্মাণের এক বছরের মধ্যে ২০১৫ সালের আগস্টে বন্যার পানির তোড়ে সেতুর উত্তর দিকের সংযোগ সড়কটি ভেঙে যায়।
এলাকাবাসীর অভিযোগ, সংযোগ সড়কটি দুই বছর আগে ভেঙে গেলেও এখন পর্যন্ত তা নির্মাণ করা হয়নি। বিকল্প কোনো উপায় না থাকায় এবং কর্তৃপক্ষ ভেঙে যাওয়া অংশটুকু মেরামতের উদ্যোগ না নেওয়ায় এলাকাবাসী বাঁশ ও চাটাই দিয়ে সাঁকোর মতো বানিয়ে চলাচল করছেন।
সরেজমিনে গত মঙ্গলবার দেখা যায়, সংযোগ সড়কের জায়গায় নির্মিত বাঁশের সাঁকোটির খুঁটিগুলো দুর্বল হয়ে পড়ছে। একসঙ্গে তিন-চারজন উঠলেই তা দুলতে থাকে। এ ছাড়া সাঁকোটির এক প্রান্ত দেবেও গেছে। গ্রামবাসী জানান, হাটের দিন সমস্যা আরও প্রকট হয়। সংযোগ সড়কের ওই ভাঙা অংশের কারণে এই পথে রিকশাভ্যান, অটোরিকশায় চলাচল করা যায় না। ফলে হাতে বা মাথায় করে কৃষকদের উৎপাদিত পণ্য হাটে নিতে হয়।
আরাজি হরিশ্বর গ্রামের কৃষক আমির আলী বলেন, ‘ব্রিজটার (সেতু) জন্য হামারগুলার ধান হাটোত নিয়া যাওয়া-আসা খুব কষ্ট হইছে।’
গোপীডাংগা গ্রামের ব্যবসায়ী তশুর আলী বলেন, ‘বাজারঘাট করা লাগে কাউনিয়া বন্দরোত। ব্রিজটার সঙ্গে সড়কটি ভাঙি গেইছে দুই বছর আগোত। কিন্তু সেটি আর হইল না।’
বালাপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান নূরুল হক বলেন, ‘সেতুটি আমার সময় নির্মাণ করা। বন্যায় সেতুর সংযোগ সড়ক ভেঙে যাওয়ার পর আমার সময়ই সেতুটি আরও ১৫ থেকে ২০ ফুট লম্বা করার প্রস্তাব দিয়েছিলাম। কিন্তু তা এখনো হলো না।’
বর্তমান চেয়ারম্যান আনছার আলী মুঠোফোনে বলেন, এ ব্যাপারে মাস তিনেক আগে সেতুর সঙ্গে লাগোয়া আরও একটি নতুন সেতু কিংবা পুরোনো সেতু ভেঙে নতুন একটি সেতু নির্মাণের প্রস্তাব দেওয়া হয়েছে। উপজেলা প্রকৌশলী মাহমুদ আহমেদ বলেন, ওই সেতুর সঙ্গে লাগোয়া করে নতুন আরেকটি সেতু নির্মাণের কাজ প্রক্রিয়াধীন। কিন্তু কবে নাগাদ হবে, তা জানাতে পারেননি তিনি।