ভাঙা সংসারে শিশুর মানসিক বিকাশ হয় না: হাইকোর্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাইকোর্ট বলেছেন, ‘ভাঙা সংসারে শিশুর শারীরিক বৃদ্ধি হয়; তবে মানসিক বিকাশ ঘটে না। মামলা দিয়ে সংসার করা যায় না।’ বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক মামলার শুনানিকালে আজ মঙ্গলবার এসব কথা বলেন। আট বছর বয়সী এক কন্যাশিশুকে হেফাজতে নিতে বাবার করা ওই মামলার শুনানিতে শিশুটির বাবা ও মায়ের উদ্দেশে আদালত এ কথা বলেন।

আইনজীবী সূত্র বলেছে, ২০০৮ সালে ওই শিশুর মা-বাবার বিয়ে হয়। মা ও বাবার বাড়ি নওগাঁয়। দাম্পত্য জীবনে মনোমালিন্যের জেরে গত বছরের ১৮ ডিসেম্বর ওই ব্যক্তি তাঁর স্ত্রীকে তালাকের নোটিশ পাঠান। শিশুটি তার মায়ের কাছেই ছিল। এ অবস্থায় শিশুকে বেআইনিভাবে আটক রাখা হয়েছে দাবি করে হাইকোর্ট রিট করেন শিশুটির বাবা। এর শুনানি নিয়ে ৩০ মে হাইকোর্ট রুল দেন এবং শিশুটিকে ২৭ জুন আদালতে হাজির করতে সংশ্লিষ্ট পুলিশ ও শিশুর মাকে নির্দেশ দেন। ধার্য তারিখে নওগাঁ সদর থানা-পুলিশ শিশুটিকে আদালতে হাজির করে। সেদিন শুনানি নিয়ে আদালত আদেশ দেন। আদেশে বলা হয়, শিশুটি চার সপ্তাহ তার মায়ের কাছে থাকবে। বাবা সপ্তাহে কমপক্ষে এক দিন যেকোনো সময় শিশুটির সঙ্গে দেখা করে নিজের কাছে রাখার সুযোগ পাবেন। ২৪ জুলাই পরবর্তী দিন রেখে সেদিন শিশুর বাবা-মাকে আদালতে উপস্থিত হতে বলা হয়।

এরই ধারাবাহিকতায় আজ মায়ের সঙ্গে শিশুটি আদালতে হাজির হয়। শিশুর বাবার পক্ষে শুনানি করেন আইনজীবী এ এস এম শাহরিয়ার কবির। শিশুটির মাকে আইনি সহায়তা দিচ্ছে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটি। মায়ের পক্ষে শুনানি করেন কমিটির প্যানেল আইনজীবী অমিত দাশগুপ্ত।

পরে আইনজীবী অমিত দাশগুপ্ত প্রথম আলোকে বলেন, এর আগে দেওয়া আদেশ অনুসারে বাবা দুবার শিশুটির সঙ্গে দেখা করেছেন। বাবা শিশুর ভরণপোষণের জন্য পাঁচ হাজার টাকা করে দিতে প্রস্তুত বলে জানানো হয়। উভয় পক্ষের আইনজীবীর সময় আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত শিশুটির মা-বাবার পারস্পরিক বোঝাপড়ার জন্য আরও সময় দিয়ে ৫ আগস্ট পরবর্তী আদেশের জন্য দিন রেখেছেন। বিবাহবিচ্ছেদের পর শিশুটির মা তার বাবার বিরুদ্ধে দুটি মামলা করেন। শুনানিকালে আদালত এ-ও বলেন, মামলা করে সংসার করা যায় না। শিশুটি ৫ আগস্ট পর্যন্ত মায়ের কাছেই থাকবে।