ভাঙা সাঁকোয় ভাঙছে হাত-পা
‘সড়কডা দিয়্যে খালি চার উপজেলার লোকজন কালাই সদরে যাতায়াতই করে না, চিয়ারমিন-মেম্বার থেকে শুরু করে ইউএনও-উপজেলা চিয়ারমিন; সরকারি কর্মকর্তা সব্বাই এ আস্তা দিয়ে যাতায়াত করেন। কিন্ত এক-দেড় বছর ধরে সাঁকোটা ভাঙ্গে বেহাল হয়্যা থাকলেও তা কারওরই চোখে পড়ে না। অথচ এ ভাঙ্গা সাঁকোর গর্তত পড়ে কত লোকের যে হাত-পা ভাঙল তার হিসাব নাই। সাঁকোডার যেন মা-বাপই নাই।’দেশের অন্যতম বৃহৎ দুটি চালের মোকাম জয়পুরহাটের কালাই শহরের পাঁচশিরা বাজার এবং বগুড়ার দুপচাঁচিয়া-তালোড়া বাজারের সঙ্গে যোগাযোগ রক্ষাকারী একমাত্র আঞ্চলিক সড়ক পাঁচশিরা-দুপচাঁচিয়া ভায়া মোলামগাড়িহাট সড়কটি। এ সড়কটির কালাই উপজেলা সদরের অদূরে বাণিজ্যিক কলেজসংলগ্ন স্থানে একটি কালভার্ট ভেঙে ভারী যানবাহন চলাচল বন্ধ এবং সব ধরনের যানচলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়ালেও তা সংস্কারে কেউ উদ্যোগ না নেওয়ায় এভাবেই ক্ষোভের সুরে কথাগুলো বলছিলেন এ সড়কে নিয়মিত যাতায়াতকারী উপজেলার বাদাউচ্চ গ্রামের আতাউর রহমান। এ ক্ষোভ শুধু আতাউর রহমানের একার নয়, প্রায় এক-দেড় বছর ধরে কালভার্টটি ভেঙে এ সড়কটিতে সব ধরনের যান চলাচল ঝুঁকিপূর্ণ হওয়ায় এ ধরনের ক্ষোভ ও আক্ষেপ এলাকার অনেকেরই।সরেজমিনে এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, জয়পুরহাট ও বগুড়ার বৃহৎ দুটি চালের পাইকারি মোকামের সঙ্গে যোগাযোগ রক্ষা ছাড়াও পাঁচশিরা-দুপচাঁচিয়া ভায়া মোলামগাড়িহাট সড়কটি দিয়ে কালাই উপজেলার জিন্দারপুর ইউনিয়ন এবং পুনট ইউনিয়নের আংশিক অংশের লোকজন উপজেলা সদরে যাতায়াত করেন। নানা কারণে এ সড়ক দিয়েই যাতায়াত করতে হয় পার্শ্ববর্তী ক্ষেতলাল, শিবগঞ্জ ও দুপচাঁচিয়া উপজেলার লোকজনকে। কালভার্টসংলগ্ন এলাকার চাতাল ব্যবসায়ী কামরুজ্জামান বলেন, ভাঙা কালভার্টটির কারণে রাতে চলাচলকারী ধান-চাল ও মালবোঝাই ট্রাক প্রায়ই আকস্মিক গর্তে পড়ে উল্টে যাচ্ছে। গত এক বছরে ভাঙা কালভাটর্টির কারণে দুর্ঘটনায় অর্ধশত লোক আহত হয়েছে। অনেকেরই হাত পা ভেঙেছে।কালাই উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও উপজেলার বেগুনগ্রামের বাসিন্দা আহসান হাবিব চৌধুরী বলেন, ‘গত এক- দেড় বছর ধরে ছোট্ট একটি কালভার্ট এভাবে ভাঙাচোরা অবস্থায় পড়ে রয়েছে। এতে করে শুধু এলাকাবাসীরই ভোগান্তি পোহাতে হচ্ছে না; গুরুত্বপূর্ণ এ সড়কে যান চলাচলও কার্যত বন্ধ হয়ে পড়েছে।কালাই উপজেলা জিন্দারপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুস সোবহান বলেন, ওই ভাঙা কালভার্ট সংস্কারের বিষয়টি উপজেলা সমন্বয় কমিটিতেও তোলা হয়েছে, কিন্ত সমাধান হয়নি।সড়কটির তদারকি সংস্থা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কালাই উপজেলা কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন বলেন, সড়ক সংস্কারে আপাতত কোনো বরাদ্দ না থাকায় কালভার্টটি সংস্কার করা সম্ভব হচ্ছে না। বরাদ্দ এলেই কালভার্টটি সংস্কার করা হবে। কালাই উপজেলা চেয়ারম্যান মিনফুজুর রহমান বলেন, ‘সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও এলজিইডির অধীন হওয়ায় অন্য কোনো তহবিল থেকে ভাঙা কালভার্টটি সংস্কার করার উপায় নেই। তা ছাড়া পৌর এলাকার মধ্যে হওয়ায় উপজেলা পরিষদ থেকেও কোনো প্রকার অর্থ বরাদ্দ দেওয়া সম্ভব হচ্ছে না। ভাঙা কালভার্টটি জরুরি ভিত্তিতে মেরামতের জন্য এলজিইডির জেলা নির্বাহী প্রকৌশলীর সঙ্গে কথাও বলেছি। তারপরও সমস্যার সমাধান হচ্ছে না।’