ভাঙা সেতু দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভাঙা কাঠের সেতুতে কাঠের পাটাতন বিছিয়ে কোনোরকম মেরামত করে চলাচল উপযোগী করা হয়েছে। তবু সেতুটি দোল খায়, আর এর ওপর দিয়েই জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে সাত গ্রামের হাজারো মানুষ। দিনাজপুরের পার্বতীপুর উপজেলার হাবড়া ইউনিয়নের রামরায়পুর গ্রামে তিলাই নদের ওপর নির্মিত ওই সেতু। সেতুটি দিয়ে পশ্চিম প্রান্তের সাত গ্রামের মানুষ চলাচল করে।
সেতুটির ওপারে দিনাজপুর বন বিভাগের ভবানীপুর বিট কার্যালয়। বিট কর্মকর্তা হারুন-অর-রশীদ বলেন, তিন মাস আগে সেতুটির মাঝামাঝি কিছু পাটাতন খসে পড়ে। তারপর থেকেই এর ওপর দিয়ে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। সেতুর ওপর দিয়ে কোনো যানবাহন চলাচল করতে পারে না। ফলে তাঁকে নদের পূর্ব প্রান্তে মোটরসাইকেল রেখে কার্যালয় যেতে হয়। নদের ওপারে রয়েছে উলিপুর, উলিপুর উত্তর, আমতরলী, ধাপেরহাট, ভবানীপুর, রামরায়পুর ও ভবানীপুর বিট কার্যালয়।
রামরায়পুর গ্রামের বাসিন্দা জহির আলী (৪০) বলেন, ‘সেতু ভাঙ্গি একজোড়া কলেজ পড়া চ্যাংড়া-চেংড়ি (ছেলে-মেয়ে) আহত হইছে। হামরা কাঠ আনি ভাঙ্গাটা মেরামত করছি। অ্যালা মানুষ পার হয় কোনো রকম। ইকশা (রিকশা), গাড়ি চলির পায় না।’
গত রোববার সরেজমিনে কথা হয় কলেজছাত্রী রেবেকা সুলতানার সঙ্গে। তিনি বলেন, সেতুটি দোল খায়, তাই ভয় হয়। তবুও প্রতিদিন ২০ কিলোমিটার দূরের পার্বতীপুর শহরে যেতে হয় লেখাপড়ার প্রয়োজনে। সেতুটি অবিলম্বে মেরামতের দাবি করেন তিনি।
হাবড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আনিছুজ্জামান সরকার বলেন, ‘নিজস্ব তহবিল থেকে সেতু নির্মাণের সামর্থ্য আমাদের নেই। কাঠের পরিবর্তে সেখানে কংক্রিটের সেতু নির্মাণের জন্য স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরকে চিঠি দিয়েছি। বিষয়টি স্থানীয় সাংসদ তথা প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমানকেও অবহিত করা হয়েছে। আশা করছি, শিগগির সেতুটি নির্মাণে দরপত্র দেওয়া হবে।
এ ব্যাপারে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের পার্বতীপুর উপজেলা প্রকৌশলী এস এম রায়হানুল ইসলাম বলেন, ‘বিষয়টি সম্পর্কে আমি কিছুই জানি না। সরেজমিনে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’