ভাঙা সেতু দিয়েই চলছে গাড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিলার দেবে যাওয়ায় সেতুর এই হাল। এরপরও ঝুঁকি নিয়ে চলছে গাড়ি। রাউজানের ডাবুয়া খালের ওপর নির্মিত আলীখীল সেতু। গতকাল বিকেলের ছবি l প্রথম আলো
পিলার দেবে যাওয়ায় সেতুর এই হাল। এরপরও ঝুঁকি নিয়ে চলছে গাড়ি। রাউজানের ডাবুয়া খালের ওপর নির্মিত আলীখীল সেতু। গতকাল বিকেলের ছবি l প্রথম আলো

পাকা সেতুর মাঝখানে ভেঙে পড়েছে। কাত হয়ে আছে মধ্যের পিলারটিও। তবু বন্ধ নেই গাড়ি চলাচল। ঝুঁকি নিয়েই প্রতিদিন চলাচল করছে রিকশা, অটোরিকশা ও মোটরসাইকেল। এ চিত্র চট্টগ্রামের রাউজানের ডাবুয়া খালের ওপর নির্মিত আলীখীল সেতুর। গত মে মাসের শেষের দিকে অতিবৃষ্টিতে সৃষ্ট বন্যায় সেতু গোড়ার মাটি সরে মাঝখানে ভেঙে পড়ে।

সেতুটির অবস্থান উপজেলার হলদিয়া ইউনিয়নের আলীখীল সড়কে। ইট বিছানো পাঁচ কিলোমিটারের সড়কটি উপজেলা সদরে যাতায়াতের জন্য সাত গ্রামের মানুষের একমাত্র ভরসা।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) রাউজান উপজেলা কার্যালয় সূত্র জানায়, ১৪৫ ফুট দৈর্ঘ্য ও ৮ ফুট প্রস্থের সেতুটি নির্মাণ করা হয় ২০০১ সালের শেষের দিকে। এতে ব্যয় হয় ৬০ লাখ টাকা। বর্তমানে সেতুর প্রায় ৭০ ফুটের মতো ভেঙে পড়েছে। দুটি পিলারের গোড়া থেকে মাটি সরে কাত হয়ে যাওয়ায় এই অবস্থার সৃষ্টি হয়েছে।

গতকাল মঙ্গলবার দুপুরে সরেজমিনে দেখা গেছে, সেতুর ভাঙা অংশটি প্রায় ১০ ফুটের মতো দেবে গেছে। ওই অংশ পার হওয়ার সময় যাত্রীদের নামিয়ে দেওয়া হচ্ছে। এরপর পার হচ্ছে রিকশা ও অটোরিকশা। যেকোনো গাড়ি উঠলেই কাঁপতে থাকে।

স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, আলীখীল, বালুখালী, বৃক্ষবানপুর, পোড়াবাজার, কুলালপাড়া, কচুপাড়া ও খদ্দের বাড়ি গ্রামের ১৫ হাজার বাসিন্দা চলাচল করে। এ ছাড়া আলীখীল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ইয়াছিন নগর আদর্শ উচ্চবিদ্যালয়, হজরত ইয়াছিন শাহ স্কুল অ্যান্ড কলেজ ও রাউজান কলেজের হাজারো শিক্ষার্থীর নিয়মিত যাতায়াত রয়েছে। কৃষকেরাও দুর্ভোগ পোহাচ্ছেন সবজি ও ফসল পরিবহনে। ডাবুয়া খালের পাড়ের শত শত একর জমিতে বিভিন্ন মৌসুমে ধান ও সবজির চাষ হয়।

গতকাল সেতু এলাকায় কথা হয় আলীখীল গ্রামের বাসিন্দা জাহানারা বেগমের (৫০) সঙ্গে। তিনি ছোট্ট দুই নাতিকে নিয়ে আট কিলোমিটার দূরের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরছিলেন। অটোরিকশা থেকে নেমে সেতুটি পার হচ্ছিলেন তাঁরা। তিনি বলেন, সেতুটি ভেঙে পড়ার কারণে খুব কষ্টে আছেন। ভয়ে ভয়ে সেতুটি পার হতে হয়। কিন্তু বিকল্প কোনো সড়ক না থাকায় বাধ্য হয়ে চলাচল করছেন।

অটোরিকশাচালক মোহাম্মদ লোকমান বলেন, সাত গ্রাম থেকে উপজেলা সদরে যাতায়াতের জন্য এই সেতু ব্যবহার করতে হয়। প্রতিদিন চলাচল করে ৪০ থেকে ৫০টি অটোরিকশা। যাত্রী নামিয়ে দিয়ে খালি অটোরিকশা পার করানোর সময়ও সেতুটি কাঁপে।

স্থানীয় ইউনিয়ন পরিষদের আলীখীল ওয়ার্ডের সদস্য মোহাম্মদ শাহাজাহান বলেন, সেতুটি যানবাহন চলাচলের উপযোগী না হলেও প্রচণ্ড ঝুঁকি নিয়ে এলাকার বাসিন্দারা চলাচল করছে। স্থানীয় সাংসদ, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা প্রকৌশলী সেতুটি পরিদর্শন করেছেন। তাঁরা নতুন সেতু নির্মাণের আশ্বাস দিয়েছিলেন।

এ ব্যপারে এলজিইডির রাউজান উপজেলা প্রকৌশলী আনোয়ার হোসেন বলেন, ভাঙা সেতুটি তিনি পরিদর্শন করেছেন। সেতুটি নির্মাণের জন্য মন্ত্রণালয়ে ৪ কোটি টাকা বরাদ্দ চাওয়া হয়েছে। বরাদ্দ না পাওয়ায় এখনো কিছু করা যাচ্ছে না। বরাদ্দটি এলে নতুন সেতু নির্মাণ করা হবে।