ভাঙা সেতু দিয়েই বাস চলাচল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশালের উজিরপুরের সানুহার–সাতলা সড়কের এই সেতুটি ছয় মাস ধরে ভেঙে পড়ে আছে। বিকল্প পথ না থাকায় সেতুর ওপর দিয়ে বাস, ট্রাকসহ বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করছে। ছবিটি গত রোববার তোলা l প্রথম আলো
বরিশালের উজিরপুরের সানুহার–সাতলা সড়কের এই সেতুটি ছয় মাস ধরে ভেঙে পড়ে আছে। বিকল্প পথ না থাকায় সেতুর ওপর দিয়ে বাস, ট্রাকসহ বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করছে। ছবিটি গত রোববার তোলা l প্রথম আলো

বরিশালের উজিরপুর উপজেলার সানুহার গ্রামে সেতুর মধ্যের অংশ ভেঙে পড়ায় ছয় মাস আগে সেতুটি যানবাহন চলাচলের অনুপযোগী ঘোষণা করা হয়। তবু জীবনের ঝুঁকি নিয়ে দূরপাল্লার বাস, ট্রাকসহ প্রতিদিন শতাধিক যানবাহন সেতুর ওপর দিয়ে চলাচল করেছে। এতে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয় লোকজন।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বরিশাল কার্যালয় ও স্থানীয় লোকজন জানান, উজিরপুরের সানুহার-সাতলা ভায়া ধামুরা সড়কের সানুহার জিরো পয়েন্টে স্বাধীনতার আগে জেলা পরিষদ প্রায় ১৫ মিটার একটি সেতু নির্মাণ করে। তখন সেতু দিয়ে রিকশা ছাড়া তেমন কোনো যানবাহন চলাচল করত না। ২০০০ সালে বরিশাল এলজিইডি কয়েক কোটি টাকা ব্যয়ে করে সানুহার থেকে সাতলা পর্যন্ত ২৫ কিলোমিটার সড়ক প্রশস্ত করে পিচঢালাই করে। কিন্তু সেতুটি নতুন করে নির্মাণ করেনি।
গত রোববার সরেজমিনে দেখা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কের সঙ্গে সংযোগ মুখে সানুহার-সাতলা সড়কটি শুরু হয়েছে। শুরুতেই সানুহার জিরো পয়েন্ট সেতু। সেতুর মধ্যের বিশাল অংশের ঢালাই পড়ে রড বের হয়ে গেছে। সেতুর পশ্চিম পাশের অংশ দেবে গেছে। সেতুর ওপর টেম্পোচালকেরা কিছু কলাগাছ ফেলে রেখেছেন। কিছুক্ষণ পর দেখা যায়, সাতলা থেকে ইয়াছিন নামের একটি যাত্রীবাহী বাস খুবই সতর্কতার সঙ্গে সেতুটি পার হচ্ছে।
ঝুঁকিপূর্ণ জেনেও চলাচলের কারণ জানতে চাইলে চালক বেলাল হোসেন বলেন, অন্য কোনো বিকল্প সড়ক না থাকায় জনসাধারণের প্রয়োজনে ঝুঁকি জেনেও চলাচল করতে হচ্ছে।
এ সময় বাসশ্রমিক ফরিদ মিয়া ও জাহাঙ্গীর আলম, টেম্পোশ্রমিক আরিফ হোসেন ক্ষোভ প্রকাশ করে বলেন, সেতুর ভাঙা অংশের বিষয়টি জানার পর কর্তৃপক্ষ ছয় মাস আগে যানবাহন চলাচলের অনুপযোগী ঘোষণা করে। কিন্তু যানবাহন চলাচলের বিকল্প কোনো ব্যবস্থা করেনি। তাঁরা জরুরি ভিত্তিতে সেতুটি নতুন করে নির্মাণের দাবি জানান।
উজিরপুরের ধামুরা বন্দরের ব্যবসায়ী বাবু মোল্লা (৫০), নান্টু মিয়া (৫১) ও আলাউদ্দিন চোকদার (৬৫) বলেন, দক্ষিণাঞ্চলের একটি বৃহৎ বন্দর ধামুরা। এ বন্দরের ব্যবসায়ীরা ঢাকাসহ বিভিন্ন ব্যবসাকেন্দ্র থেকে মালামাল পরিবহন করে থাকেন। সেতুটির অবস্থা নাজুক হওয়া সত্ত্বেও ট্রাক ও বাস চলাচল অব্যাহত রয়েছে।
যোগাযোগ করা হলে উজিরপুর উপজেলা এলজিইডির প্রকৌশলী সুলতান আহম্মেদ বলেন, আপাতত সেতুটির সংস্কার করে কোনো রকমে যানবাহন চলাচল করার ব্যবস্থা নেওয়া হচ্ছে। সেতুটি পুনর্নির্মাণের জন্য প্রাক্কলন করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। অনুমোদন পেলে সেতুর নির্মাণকাজ শুরু করা হবে।