ভেঙে পড়ার দেড় মাস পর গতকাল শুক্রবার বিকেলে যান চলাচলের জন্য চট্টগ্রামের ফটিকছড়ির মন্দাকিনী খালের বেইলি সেতুটি খুলে দেওয়া হয়েছে। গত ১৫ জানুয়ারি উপজেলার নাজিরহাট-কাজীরহাট সড়কের (১৬ কিলোমিটার দীর্ঘ) এই বেইলি সেতুটি মালবোঝাই ট্রাকসহ ভেঙে খালে পড়ে যায়। সেতুটি উপজেলার সুয়াবিল ইউনিয়নের মধ্যে পড়েছে।
সেতুটি ভেঙে পড়ার পর উত্তর ফটিকছড়ির সঙ্গে চট্টগ্রাম নগরের সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ ছিল। সেতু ভেঙে যাওয়ায় উপজেলার সুয়াবিল, হারুয়ালছড়ি ও ভূজপুর ইউনিয়নের প্রায় এক লাখ মানুষকে চরম ভোগান্তি পোহাতে হয়। তাদের ১৫ থেকে ২০ কিলোমিটার ঘুরে চট্টগ্রাম জেলা শহরে যেতে হয়েছে। বিকল্প সড়ক ব্যবহার করে উপজেলার বৃন্দাবনহাট ও হাইদচকিয়া হয়ে খাগড়াছড়ি মহাসড়ক ধরে কমপক্ষে ২০ কিলোমিটার পথ ঘুরে চট্টগ্রামে যাতায়াত করতে হয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপক কুমার রায় প্রথম আলোকে বলেন, সেতুটি খুলে দিয়ে যান চলাচলের উপযোগী হওয়ায় এলাকাবাসীর দীর্ঘদিনের দুর্দশা লাঘব হয়েছে।
গতকাল শুক্রবার বিকেলে ফটিকছড়ি উপজেলা চেয়ারম্যান এম তৌহিদুল আলম, ইউএনও দীপক কুমার রায় এবং এলজিইডির কর্মকর্তারা সেতুটি আনুষ্ঠানিকভাবে যান চলাচলের জন্য উন্মুক্ত করেন। এ উপলক্ষে সেতু এলাকায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রকৌশলী ম. বিল্লাল হোসেন। বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুহাম্মদ মুজিবুল হক, সুয়াবিল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবু তালেব চৌধুরী, মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইসমাইল, তরিকত ফেডারেশন ফটিকছড়ি উপজেলা শাখার সভাপতি বেলাল উদ্দিন শাহ।
সুয়াবিল ইউপি চেয়ারম্যান আবু তালেব চৌধুরী বলেন, সেতুটি খুলে দেওয়ায় এলাকার লোকজনের মধ্যে আনন্দ বিরাজ করছে। এত দিন লোকজনকে অনেক দুর্ভোগ পোহাতে পেয়েছে।
ম. বিল্লাল হোসেন বলেন, এখন থেকে সেতুটির ওপর দিয়ে সর্বোচ্চ ১৫ টন ওজনের গাড়ি চলাচল করবে। বেইলি সেতুর পাশে আরেকটি সেতু নির্মাণের জন্য ইতিমধ্যে ২ কোটি ৩৫ লাখ টাকার চাহিদাপত্র ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।