ভাঙা সেতু নিয়ে দুর্ভোগে ভোলার রাজাপুরবাসী

ভোলা সদর উপজেলার রাজাপুর-শ্যামপুর সংযোগ সেতুটি চার বছর ধরে অকেজো হয়ে পড়ে আছে। স্থানীয় বাসিন্দারা চাঁদা তুলে স্বেচ্ছাশ্রমে পাঁচবার সংস্কার করলেও সেটি আবার ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। বাধ্য হয়ে এলাকাবাসী সেতুটি ব্যবহার করতে গিয়ে প্রায় দুর্ঘটনার কবলে পড়ছে।
একই সঙ্গে সেতুর এক পাশের সংযোগ সড়কের ২০০ মিটার পর্যন্ত কাঁচা। এই ভাঙা সেতু ও কাঁচা সড়ক ব্যবহার করা মানুষের দুর্ভোগের শেষ নেই।
সরেজমিনে দেখা যায়, রাজাপুর ইউনিয়নের দক্ষিণ রাজাপুর-শান্তিরহাট-রৌদ্রেরহাট সড়কের শহীদ শরীফের বাড়ির সামনে শ্যামপুর গরুভাঙা খালের ওপর রাজাপুর-শ্যামপুর সংযোগ সেতুটি ভাঙা। লোহার খুঁটির ওপর পলেস্তারা ও ঢালাই খসে পড়ায় রড বেরিয়ে পড়েছে। পাশের রেলিংও ভাঙা।
এলাকাবাসী সূত্র জানায়, প্রতিদিন মানুষ বাইসাইকেল, রিকশা ও মোটরসাইকেল নিয়ে সেতুটি পার হতে চরম দুর্ভোগ পোহাচ্ছে। এ সড়কটি ব্যবহার না করলে এলাকাবাসীকে কয়েক কিলোমিটার ঘুরে ভোলা শহরে যেতে হচ্ছে। প্রায়ই সেতুর লোহার খাঁচার মধ্যে শিশুদের পা আটকে দুর্ঘটনার শিকার হচ্ছে। সেতুটি ভাঙা শুধু তা-ই নয়, সেতুর শ্যামপুর পাশের সংযোগ সড়কের প্রায় ২০০ মিটার মাটির। বর্ষা হলে কাঁদা হয়ে যায়।
শ্যামপুরের বাসিন্দা হাবিবুর রহমান, আবুল হোসেন, হারুন খাঁ, রতন ব্যাপারী, মহিম মাতব্বর; রাজাপুরের আল-মামুন, জামালউদ্দিন, মফিজুর রহমানসহ শতাধিক গ্রামবাসী জানান, সর্বশেষ বিএনপির সময়ে নির্মাণ করা সেতুটি চার বছর ধরে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। সেতুটি ব্যবহার করেন ইউনিয়নের কয়েক হাজার ছাত্রছাত্রী, শিক্ষক, জেলেসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তাঁদের কথা চিন্তা করে চাঁদা তুলে স্বেচ্ছাশ্রমে লোহার খাঁচার ওপর কাঠ বসিয়ে কোনোমতে চলাচলের ব্যবস্থা করা হয়েছে। এ পর্যন্ত পাঁচবার ওই সেতুর ওপর কাঠের পাটাতন বসানো হয়েছে। আবার তা ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। প্রতিদিন দুর্ঘটনার শিকার হলেও বাধ্য হয়ে সেতুটি গ্রামবাসী ব্যবহার করছে।
রাজাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য হেলাল হাওলাদার বলেন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কর্মকর্তারা কয়েকবার সেতুটি নতুন করে নির্মাণের জন্য মাপজোখ করে গেছেন। শুনেছি, এবার সেতুটি নির্মাণ হলে দুপাশের সংযোগ সড়কও পাকা করবে। তবে সেতুটি নির্মাণ না হওয়ায় মানুষ দুর্ভোগ পোহাচ্ছে।
ভোলা স্থানীয় সরকার প্রকৌশল কার্যালয়ের জ্যেষ্ঠ প্রকৌশলী আবদুস সালাম বলেন, সেতুটি ভোলা উন্নয়ন প্রকল্পে তালিকাভুক্ত, পাস হয়ে এলে দরপত্র আহ্বান করা হবে।