ভাঙা সেতুতে ঝুঁকিপূর্ণ চলাচল

ঢাকার কেরানীগঞ্জ উপজেলার খোলামোড়া আটি সড়কের দুটি সেতুর রেলিং ভেঙে পড়েছে।ঝুঁকিপূর্ণ জেনেও সেতুটি দিয়ে যানবাহন চলাচল করছে।
সেতু দুটির একটির অবস্থান সড়কের পূর্ব বামনশুর জামে মসজিদের পাশে।আরেকটি পড়েছে বাবুর গ্রামে।
খোলামোড়া এলাকার অটোরিকশার চালক সোবাহান মিয়া (৪৫) বলেন, ‘পূর্ব বামনশুর এলাকায় সেতুর দুই পাশের রেলিং কয়েক বছর আগেই ভেঙে গেছে। বছর দুয়েক আগে কর্তৃপক্ষ সেতুর রেলিংয়ের দুই পাশে বাঁশ দিয়ে বেঁধে দেয়। এর পরই তাদের দায়িত্ব শেষ। সেতুটির রেলিং না থাকায় আমরা ঝুঁকি নিয়ে এ সেতু দিয়ে গাড়ি চালাচ্ছি। ফলে মাঝেমধ্যে যানজট সৃষ্টি হচ্ছে। বড় ধরনের দুর্ঘটনা এড়াতে সেতুটির দ্রুত সংস্কার করা প্রয়োজন।’
বামনশুরের বাসিন্দা মোবারক আলী (৩৮) বলেন, বামনশুর সেতুর বাঁশের রেলিং ভেঙে বছর খানেক আগে এক স্কুলছাত্র নিচে পড়ে আহত হয়।
আটিবাজার এলাকার ট্রাকচালক মো. সিরাজ মিয়া বলেন, ‘খোলামোড়া আটি সড়কের বাবুর গ্রাম এলাকার সেতুটি ঝুঁকিপূর্ণ হওয়ায় কর্তৃপক্ষই প্রায় দুই বছর আগে সতর্কীকরণ সাইনবোর্ড লাগিয়ে সেতুতে ভারী যানবাহন চলাচল নিষিদ্ধ করে। আমরা চাই অনতিবিলম্বে সেতুটি ভেঙে নতুন একটি সেতু নির্মাণ করা হোক।’
দুটি সেতুর ব্যাপারে জানতে চাইলে সড়ক ও জনপথ (সওজ) ঢাকা বিভাগের নির্বাহী প্রকৌশলী আহ্সান উদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, ‘সেতু সংস্কারের জন্য বরাদ্দ পেলে সংস্কারকাজ শুরু করা হবে। আপাতত চলাচলের উপযোগী করার ব্যবস্থা নেওয়া হয়েছে।’