ভাঙা সেতুর ওপর বাঁশ ফেলে পারাপার
সিলেট নগরের চালিবন্দর এলাকার গোয়ালিছড়া খালের বেইলি সেতুটি আট মাস ধরে ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। সংস্কার-প্রক্রিয়া নিয়ে জটিলতা তৈরি হওয়ায় এটি মেরামত করা হচ্ছে না। এ পরিস্থিতিতে স্থানীয় ব্যক্তিরা পারাপারের সুবিধার জন্য ভাঙা সেতুর ওপর বাঁশ ফেলে বিকল্প ব্যবস্থা তৈরি করেছেন।
এদিকে সেতুর সংস্কার-প্রক্রিয়া নিয়ে সিলেটের সড়ক ও জনপথ বিভাগ (সওজ), সিলেটের জেলা পরিষদ এবং সিলেট সিটি করপোরেশন কর্তৃপক্ষ একে অপরকে দোষারোপ করছে। তবে কেউই সেতুটি সংস্কারের দায়িত্ব নিচ্ছে না।
কয়েকজন এলাকাবাসী জানান, সড়কে চালিবন্দর ও সোবহানীঘাট এলাকার সংযোগ ঘটাতে গোয়ালিছড়ার ওপর বেইলি সেতুর আদলে সেতুটি নির্মাণ করা হয়েছিল। সেতু দিয়ে পণ্যবাহী যান চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ ছিল। জানুয়ারি মাসের শুরুর দিকে একটি পণ্যবাহী ট্রাক পার হওয়ার সময় সেতুটি ধসে পড়ে। এর পর থেকে এটি সংস্কারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো উদ্যোগ নেয়নি।
সরেজমিনে দেখা গেছে, ধসে পড়া সেতুর ওপর বাঁশের বানানো সাঁকো দিয়ে লোকজন চলাচল করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, এই সাঁকো দিয়ে নগরের চালিবন্দর, সোবহানীঘাট, উপশহর ও শাহজালাল সেতুর পাশের বিভিন্ন এলাকার মানুষ নগরে প্রবেশ করে।
সওজ জানায়, সেতুটি নির্মাণ করে সড়ক ও জনপথ বিভাগ (সওজ)। পরে চালিবন্দর-সোবাহনীঘাট সড়কটি জেলা পরিষদের রাস্তা নির্ধারিত হওয়ায় সওজ সেতুর নিয়মিত সংস্কার-প্রক্রিয়া থেকে সরে দাঁড়ায়। সওজ সিলেটের নির্বাহী প্রকৌশলী আবু এহতেশাম রাশেদ বলেন, ‘সেতুটি আমরা নির্মাণ করেছিলাম। কিন্তু এটি জেলা পরিষদের রাস্তা। তাই মেরামতের দায়িত্ব সংশ্লিষ্ট প্রতিষ্ঠানেরই।’
অন্যদিকে জেলা পরিষদ কর্তৃপক্ষের দাবি, ২০০১ সালে সিলেট সিটি করপোরেশন প্রতিষ্ঠার পর সেতুটির সংস্কারকাজ সিটি কর্তৃপক্ষের ওপরই বর্তায়।
সিলেট সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান প্রথম আলোকে জানান, সম্প্রতি সিটি করপোরেশনের পক্ষ থেকে স্থানীয় সওজ কর্তৃপক্ষকে সেতু সংস্কারে একটি চিঠি পাঠানো হয়েছে। সেই চিঠির পরিপ্রেক্ষিতে সওজ জেলা পরিষদকেও একটি চিঠি দিয়েছে। এখন তিন প্রতিষ্ঠান মিলে সংস্কার করা যায় কি না, সেটা দেখা হচ্ছে।