ভাঙা, স্যাঁতসেঁতে ভবনে চলছে চিকিৎসাসেবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভবনে ঢুকেই হাতের ডান দিকে একজন চিকিৎসকের কক্ষ। কক্ষে ঢুকতেই সবকিছু ছাপিয়ে প্রথমেই নজরে আসে ছাদটা। সেখান থেকে আস্তর খসে পড়ছে। নগ্ন হাড়-পাঁজরের মতো ছাদের কালো কালো রড বেরিয়ে আছে। ভবনের অন্যান্য কক্ষেরও একই অবস্থা। অনেক কক্ষের জানালাও নেই। অনেক দিন ধরেই এ রকম ভাঙাচোরা ও স্যাঁতসেঁতে ভবনটিতে চলছে মৌলভীবাজারের রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাসেবা।

ভবনের সমস্যার সঙ্গে সঙ্গে আছে চিকিৎসকের সংকট। অনেক দিন ধরেই হাসপাতালটির ১০টি পদের মধ্যে চারটি শূন্য। এই স্বল্পসংখ্যক চিকিৎসকের পক্ষে প্রতিদিন ৩০০ থেকে ৩৫০ জন রোগীকে স্বাভাবিক চিকিৎসা দেওয়া কঠিন হয়ে পড়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, ১৯৮২ সালে ৩১ শয্যাবিশিষ্ট এই স্বাস্থ্য কমপ্লেক্স স্থাপিত হয়। বর্তমানে এই উপজেলায় প্রায় আড়াই লাখ মানুষ বাস করে। হাসপাতালে চিকিৎসকের পদ আছে ১০টি। এর মধ্যে শল্যচিকিৎসক, গাইনি বিভাগের জুনিয়র কনসালটেন্ট, আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ও দন্ত চিকিৎসকের পদ অনেক দিন ধরে শূন্য। ছুটিতে আছেন চিকিৎসা বিশেষজ্ঞ। অপর দিকে একজন হোমিওপ্যাথিক চিকিৎসা কর্মকর্তাকে এই হাসপাতালে নিয়োগ দেওয়া হয়েছে। কিন্তু এখানে সরকারি কোনো ওষুধ সরবরাহ ও রোগী না থাকায় ওই চিকিৎসক প্রেষণে হবিগঞ্জ সদর হাসপাতালে কাজ করছেন। বর্তমানে দুজন চিকিৎসা কর্মকর্তা ও একজন অবেদনবিদ কর্মরত আছেন। চিকিৎসকের সংকট থাকায় উপজেলার পাঁচগাঁও উপস্বাস্থ্য কেন্দ্র ও মুন্সীবাজার ইউনিয়ন স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কল্যাণ কেন্দ্রের দুজন চিকিৎসককে প্রেষণে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়োগ দেওয়া হয়েছে। নার্স পদের ১৬টির মধ্যে ৩টি শূন্য। অন্যদিকে অপারেটর পদটি প্রায় আট বছর ধরে শূন্য আছে। এই আট বছর ধরেই অব্যবহৃত পড়ে আছে এক্স-রে যন্ত্রটি। এদিকে বর্তমানে বহির্বিভাগে রোগী দেখার জন্য টিকিট কাটার লোক নেই। একজন আয়াকে দিয়ে টিকিট কাটানো হচ্ছে। প্রতিদিন বহির্বিভাগে ৩৫০ জন রোগী দেখা হচ্ছে। আন্তবিভাগে ২৫ জনের মতো রোগী ভর্তি থাকে।

স্থানীয় ব্যক্তিদের অভিযোগ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে রোগী এলে তাদের জেলা সদর হাসপাতালে পাঠিয়ে (রেফার) দেওয়া হয়। জরুরি বিভাগে চিকিৎসক রোগী দেখেন না। চিকিৎসা সহকারীরা রোগী দেখেন।

স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত পরিবার পরিকল্পনা কর্মকর্তা সম্পা রানী পাল বলেন, ‘ইমার্জেন্সিতে যে সাপোর্ট আছে এবং তা দিয়ে যাদের চিকিৎসা দেওয়া সম্ভব, আমরা তা দিচ্ছি। যেসব রোগীকে সেবার আওতায় আনতে পারব না, শুধু তাদের রেফার্ড করা হচ্ছে। এ ছাড়া জরুরি চিকিৎসার বেলায় আরও কিছু সমস্যা হচ্ছিল। আমরা একপর্যায়ে সবাই নারী চিকিৎসক ছিলাম। এখন পুরুষ চিকিৎসক আছেন। এখন আর সমস্যা হচ্ছে না।’

তবে হাসপাতাল ভবনটির নাজুক পরিস্থিতি নিয়েও কথা বলেছেন চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীরা। সরেজমিনে দেখা গেছে, মেডিসিন বিভাগের চিকিৎসকের কক্ষের ছাদের আস্তর খসে রড বেরিয়ে গেছে। তার নিচে বসেই রোগী দেখার কাজ চলছে। গাইনি বিভাগের চিকিৎসকের কক্ষের জানালার কপাট নেই। কক্ষের ভেতরটা স্যাঁতসেঁতে। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার কক্ষের ছাদে পানি চুঁইয়ে শ্যাওলা জমেছে। আস্তর ফেটে ঝুলছে। ওয়ার্ডের জানালাগুলোরও একই দশা। মশার উপদ্রব বেশি বলে জানালেন কয়েকজন ভর্তি রোগী। রাতে নিজেদের উদ্যোগে কয়েল জ্বালাতে হয় মশার হাত থেকে বাঁচতে।

স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর মৌলভীবাজারের সহকারী প্রকৌশলী শফিকুর রহমান বলেন, ‘ভবনের অবস্থা জানি। দেখেছি। নিজেরাও মেরামতের চেষ্টা করছি। কিন্তু হাসপাতালটি ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত হওয়ার পরিকল্পনায় আছে। এ কারণে আলাদা করে রিপেয়ারিংয়ের জন্য কোনো বরাদ্দ দেওয়া হচ্ছে না। আগামী অর্থবছরেই ৫০ শয্যায় উন্নীত হওয়ার কথা রয়েছে। তখন একসঙ্গে সব কাজ হবে।’

মৌলভীবাজারের সিভিল সার্জন সত্যকাম চক্রবর্তী বলেন, নতুন একজন চিকিৎসক নিয়োগ দেওয়া হয়েছে। শিগগির চিকিৎসকের সংকট কেটে যাবে। আর হাসপাতালটি আগামী অর্থবছরে ৫০ শয্যায় উন্নীত হবে। তখন ভবনের কাজ হবে।