ভাঙা সড়ক, কষ্টে লাখো মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রামগঞ্জের পশ্চিম করপাড়া নূরে মদিনা মাদ্রাসা সড়কের এখন এই হাল। গতকাল সকালে মাদ্রাসা–সংলগ্ন এলাকায় l প্রথম আলো
রামগঞ্জের পশ্চিম করপাড়া নূরে মদিনা মাদ্রাসা সড়কের এখন এই হাল। গতকাল সকালে মাদ্রাসা–সংলগ্ন এলাকায় l প্রথম আলো

সড়কজুড়ে ছোট-বড় অসংখ্য গর্ত। পিচ ঢালাইয়ের অস্তিত্বই নেই। ধুলাবালু উড়ছে সমানে। গাড়ি চলাচল তো দূরে, হেঁটে চলাচল করাও দুরূহ হয়ে পড়েছে। এই চিত্র লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার রামগঞ্জ-ওয়াপদা সড়কের। ছয় কিলোমিটারের এই সড়ক দিয়ে যাতায়াত লামচর, কাঞ্চনপুর, চণ্ডীপুর ও ইছাপুর ইউনিয়নের অর্ধলক্ষাধিক মানুষের।

শুধু এটি নয়, উপজেলার অভ্যন্তরীণ ১৫০টি সড়কের এখন করুণ হাল। সড়কের দুরবস্থার কারণে ১০টি ইউনিয়নের ৩ লক্ষাধিক মানুষ পাঁচ-ছয় বছর ধরে ভোগান্তি পোহাচ্ছে। এসব সড়কে যাত্রীবাহী বাস ছাড়া অন্য সব যানবাহন চলাচল করে।

বিষয়টি স্বীকারও করেছেন উপজেলা প্রকৌশলী অনুপম কুমার বড়ুয়া। তিনি প্রথম আলোকে বলেন, রামগঞ্জ উপজেলার আয়তন ৬৫ দশমিক ৩৭ বর্গকিলোমিটার। এলজিইডির আওতাধীন উপজেলার ১০টি ইউনিয়নে পাকা ৩০০টি সড়ক রয়েছে। এর মধ্যে গুরুত্বপূর্ণ ১৫০টি সড়কে গর্ত হয়ে এখন বেহাল। এ সড়কগুলো প্রায় ৩৫০ কিলোমিটার। গেল বর্ষা মৌসুমে কিছু সড়কে ইট বিছিয়ে যান চলাচলের জন্য গর্ত ভরাট করা হয়। কিন্তু সেগুলো বেশি দিন টেকেনি।

নাম প্রকাশ না করার শর্তে লক্ষ্মীপুর এলজিইডির প্রকৌশলী বিভাগের একজন কর্মকর্তা বলেন, দরপত্র হওয়ার পর কাজগুলো দুই থেকে তিনজন ঠিকাদারের হাতবদল হয়। বেচাকেনা হতে হতে দরপত্রের টাকার অঙ্ক অর্ধেকে চলে আসে। এতে কাজের মান ঠিক থাকে না।

গত এক সপ্তাহে সরেজমিনে চারটি সড়কের বেহাল অবস্থা দেখা গেছে। করপাড়া ইউনিয়নের পাঁচ কিলোমিটার দৈর্ঘ্যের পশ্চিম করপাড়া নূরে মদিনা দাখিল মাদ্রাসা সড়কে ধুলাবালুর অত্যাচারে পথচলা দায় হয়ে পড়েছে। ইউনিয়নের মধ্য করপাড়া-শাহপুর সড়কটিরও একই অবস্থা। এ ছাড়া দরবেশপুর ইউনিয়নের সমিতিরবাজার সড়ক ও দরবেশপুর উচ্চবিদ্যালয় সড়কের অবস্থাও নাজুক।

মধ্য করপাড়া গ্রামের সাইফুল আলম বলেন, গত আগস্ট মাসে মধ্য করপাড়া-শাহপুর সড়ক দিয়ে যাতায়াতের সময় রিকশা গর্তে পড়ে উল্টে যায়। এতে তাঁর বাম পা ভেঙে যায়। এখনো পায়ের চিকিৎসা চলছে।

চণ্ডীপুর গ্রামের বাসিন্দা আমির হোসেন বলেন, দীর্ঘ সময় ধরে গ্রামের রাস্তাঘাটের উন্নয়ন হয়নি। খারাপ রাস্তায় ভাড়া গুনতে হয় দ্বিগুণ। যাতায়াতে অতিরিক্ত সময়ও নষ্ট হচ্ছে।

করপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবুল হক বলেন, করপাড়া ইউনিয়নে ১০টি রাস্তা খুবই খারাপ। সড়কের পিচঢালাই উঠে সৃষ্টি হয়েছে অসংখ্য গর্তের। পথ চলতে গিয়ে প্রতিদিনই কেউ না কেউ দুর্ঘটনার শিকার হচ্ছে।

উপজেলা চেয়ারম্যান আ ক ম রুহুল আমিন বলেন, রাস্তাগুলো বেহাল। এ কারণে মানুষের ভোগান্তি হচ্ছে। ডিসেম্বর মাসেও জরুরিভাবে রাস্তা মেরামতের জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ে চিঠি দিয়েছেন তিনি।

এ ব্যাপারে গত মঙ্গলবার লক্ষ্মীপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী এ কে এম আবদুর রশিদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করে তাঁর বক্তব্য জানা যায়নি। তাঁর মুঠোফোনে রিং হলেও তিনি সাড়া দেননি।

জানতে চাইলে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সাংসদ এম এ আউয়াল প্রথম আলোকে বলেন, গত এক বছরে গুরুত্বপূর্ণ প্রায় ১৫টি সড়ক মেরামত করা হয়েছে। বাকি সড়কগুলো সংস্কার করতে এলজিইডির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।