কুমিল্লা-সিলেট মহাসড়কের কুমিল্লা থেকে ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত ৮২ কিলোমিটার অংশ আগামী ৪ থেকে ৮ জানুয়ারি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিকল্প হিসেবে ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ। ওই সড়কের ব্রাহ্মণবাড়িয়া অংশে রয়েছে অন্তত পাঁচটি ঝুঁকিপূর্ণ (ইস্পাতের তালি দেওয়া) সেতু। এ ছাড়া স্থানে স্থানে খানাখন্দসহ কিনারা ভেঙে পড়ায় সড়কের স্থায়িত্ব নিয়ে দুশ্চিন্তায় পড়েছে এলাকার বাসিন্দারা। ব্রাহ্মণবাড়িয়া সড়ক ও জনপথ (সওজ) বিভাগ জানায়, ৪ থেকে ৮ জানুয়ারি মেঘনা ও মেঘনা-গোমতী সেতু মেরামত করা হবে। এ জন্য ঢাকা-চট্টগ্রামের যানবাহন ব্রাহ্মণবাড়িয়ার সরাইল বিশ্বরোড মোড় থেকে কুমিল্লার ময়নামতি এলাকা দিয়ে চলাচল করবে। এতে নিয়মিত ১০ হাজার যানবাহনের পাশাপাশি সড়কে অতিরিক্ত প্রায় ২৫ হাজার যানবাহন চলাচল করবে। এ অবস্থায় সড়ক ও এর নাজুক সেতুগুলোর স্থায়িত্ব নিয়ে দুশ্চিন্তার কথা জানিয়েছেন সওজের কর্মকর্তারাও। তবে সেতুগুলোতে কোনো গাড়ি আটকে গেলে তা উদ্ধারের কোনো প্রস্তুতির কথা জানাননি তাঁরা।সরেজমিনে গিয়ে দেখা গেছে, ব্রাহ্মণবাড়িয়া শহর থেকে পাঁচ কিলোমিটার দূরের রামরাইল, সদর উপজেলার মহিউদ্দিননগর, কসবার তিনলাখপীর, সৈয়দাবাদ ও কুটি এলাকার সেতু অত্যন্ত ঝুঁকিপূর্ণ। সেতুগুলোর দুই পাশে ঝুলছে ‘বিপজ্জনক’ লেখা সাইনবোর্ড। প্রায় ১০ বছর আগে পরিত্যক্ত ঘোষণা করা এসব সেতুর পাশে তৈরি করা বিকল্প রাস্তা এবং বেইলি সেতুও এখন জরাজীর্ণ। এগুলোতে পাঁচ টনের অধিক ভারী যান চলাচল নিষিদ্ধ রয়েছে।গত শনিবার সদর উপজেলার মহিউদ্দিননগর সেতু এলাকায় গিয়ে দেখা যায়, ঝুঁকি নিয়ে বাস ও ট্রাক সেতুতে উঠছে। সেতু পার হওয়ার জন্য অপেক্ষমাণ সিমেন্টবোঝাই ট্রাকের চালক মিল্লাত হোসেন বলেন, ‘রাস্তা খারাপ হওয়ায় এবং সেতুর গোড়ায় অপেক্ষা করায় সিলেটে যেতে ঘণ্টা দুয়েক সময় বেশি লাগে। ভাঙা সেতুতে ওঠার সময় আল্লাহর নাম জপতে শুরু করি।’এদিকে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, সারা বছরই সওজের লোকেরা সড়ক মেরামত করছেন। কিন্তু কিছুদিন না যেতেই পিচ-খোয়া উঠে সড়ক আগের চেহারায় ফিরে যায়। ভাঙা সড়কে অতিরিক্ত যানবাহন চলাচলের কারণে এর স্থায়িত্ব হুমকির মুখে পড়বে বলে মনে করছেন তাঁরা।এ অবস্থায় সড়কটিতে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে গত শনিবার ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এক মতবিনিময় সভায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান মো. আইয়ুবুর রহমান খান বলেন, চলাচল স্বাভাবিক রাখতে প্রয়োজনে সেনাবাহিনীর সহায়তা নেওয়া হবে।