
খোয়া উঠে সড়কের জায়গায় জায়গায় ছোট-বড় গর্ত। কোথাও কোথাও পিচঢালাইয়ের (কার্পেটিং) অস্তিত্ব পর্যন্ত নেই। সামান্য বৃষ্টি হলেই গর্তে জমে যাচ্ছে পানি। গর্ত ও ভাঙা অংশের ওপর দিয়ে চলার সময় রীতিমতো দুলতে হয় যানবাহনকে, গতিও অনেক ধীর। খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের অনেক স্থানেরই এখন এ রকম বেহাল দশা। ভাঙাচোরা সড়কে চলতে গিয়ে প্রতিদিন ভোগান্তির শিকার হচ্ছে যাত্রীরা।
খাগড়াছড়ি সড়ক ও জনপদ (সওজ) বিভাগ সূত্র জানায়, খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের দৈর্ঘ্য ১১০ কিলোমিটার। এর মধ্যে ৬২ কিলোমিটার পড়েছে খাগড়াছড়ির ভেতরে। বৃষ্টি ও অতিরিক্ত ওজনবাহী গাড়ি চলাচলের কারণে সড়কটির বিভিন্ন স্থানে খানাখন্দ সৃষ্টি হয়েছে বলে জানান সওজের কর্মকর্তারা।
খাগড়াছড়ির গুইমারা থেকে প্রতিদিন জেলা শহরে আসতে এই সড়কটি ব্যবহার করতে হয় শিক্ষক মো. ইউনুছ আলীর। তিনি বলেন, জেলার সঙ্গে যোগাযোগের একমাত্র সড়ক এটি। তাই বাধ্য হয়ে পাহাড়ি রাস্তায় দুর্ভোগ সহ্য করে প্রতিদিন চলাচল করতে হচ্ছে। যাতায়াতের সময় দুর্ঘটনা হয় কিনা এ আতঙ্কে থাকতে হয়।
অংগ্যজাই মারমা নামের এক বাসচালক বলেন, সড়কটি এই বর্ষায় বেশি ভেঙ্গে গেছে। খানাখন্দে ভরা সড়কে গাড়ি চালাতে গিয়ে প্রায়ই যন্ত্রাংশ নষ্ট হচ্ছে।
গত বৃহস্পতিবার সরেজমিনে দেখা যায়, খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের খাগড়াছড়ি বাস টার্মিনাল, জিরোমাইল, পুর্নবাসন, সাপমারা ও ব্যাঙমারা এলাকায় ছোট-বড় অসংখ্য খানাখন্দ রয়েছে। সবচেয়ে বেশি গর্ত দেখা গেছে সাপমারা ও ব্যাঙমারা এলাকায়। সড়কটির কিছু কিছু অংশ দেখে বোঝা দায়, সেখানে কখনো পিচঢালাই হয়েছিল। গর্ত এড়াতে ধীরগতিতে এঁকেবেঁকে চলছিল বিভিন্ন যানবাহন।
খাগড়াছড়ি সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক এস এম সফি বলেন, ভাঙাচোরা সড়কের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন যানবাহনের মালিকেরা। অনেক সময়ে সপ্তাহে তিন চারবারও গাড়ি মেরামত করতে হচ্ছে। সড়কটির ভাঙা অংশ স্থায়ীভাবে মেরামতের জন্য সওজ, জেলা প্রশাসকের কাছে বেশ কয়েকবার অনুরোধ করা হয়েছে। কিন্তু এখনো কাজ হয়নি।
সড়কের ভাঙা অংশ মেরামতের দাবি জানিয়েছেন খাগড়াছড়ি চেম্বার অব কর্মাসের সভাপতি সুদর্শন দত্তও। তিনি বলেন, মেরামতের পাশাপাশি খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কটি যদি আরও সম্প্রসারণ করা যায় তাহলে এই জেলার পর্যটন খাতের জন্যও সেটি লাভজনক হবে। আর যাঁরা এই রাস্তায় প্রতিদিন কাজের তাগিদে যাতায়াত করেন তাঁদের ভোগান্তি থেকে রেহাই পাবেন।
চলতি বর্ষায় সড়কের কতটুকু অংশ নতুন করে ভেঙেছে তার সঠিক হিসাব সওজের কাছে নেই। খাগড়াছড়ি সওজের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মোসলেহ্ উদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, তিন বছর আগে সড়কটির আলুটিলা ও ব্যাঙমারা অংশে ১০ কিলোমিটার রাস্তা স্থায়ীভাবে মেরামত করা হয়েছিল। এরপর থেকে ভাঙা অংশগুলোতে নিয়মিত বালু, ইটের খোয়া ফেলে অস্থায়ী মেরামতের কাজ করা হচ্ছে। সামনের শুষ্ক মৌসুমে সড়কের ভাঙা অংশ স্থায়ী মেরামতের পরিকল্পনা রয়েছে বলে তিনি জানান।