ভাঙা সড়কে চলাচলে ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেওড়াপাড়া বাসস্ট্যান্ড থেকে মধ্য পীরেরবাগ পর্যন্ত সড়কটি ভাঙাচোরা, এবড়োখেবড়ো। ভাঙা রাস্তায় চলতে গিয়ে দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীর। গত বছর সড়কটিতে পানিনিষ্কাশনের নতুন পাইপ বসানোর পর আর সংস্কার করা হয়নি।
পশ্চিম শেওড়াপাড়া থেকে মধ্য পীরেরবাগ পর্যন্ত সংযোগ স্থাপন করা সড়কটি ‘পীরেরবাগ সড়ক’ নামেই বেশি পরিচিত। এই সড়ক দিয়ে মধ্য পীরেরবাগ, দক্ষিণ পীরেরবাগ, পশ্চিম শেওড়াপাড়া, নতুন ৬০ ফুট রাস্তা ও আশপাশের এলাকার লোকজন চলাচল করে। শেওড়াপাড়া বাসস্ট্যান্ডে চলাচলের বিকল্প পথ না থাকায় এলাকাবাসীকে বাধ্য হয়েই এ সড়ক দিয়ে চলাচল করতে হয়। গতকাল শনিবার দেখা যায়, রাস্তাটির বেশির ভাগ অংশই চলাচলের অনুপযোগী। ফুলকি নার্সারি স্কুল ও নতুন কুঁড়ি কিন্ডারগার্টেনের সামনের অবস্থা খুব খারাপ। এই সড়কটির সঙ্গে যুক্ত আশপাশের সংযোগ সড়কগুলো ঘুরেও একই অবস্থা দেখা যায়।
স্থানীয় দোকানদার সোলায়মান মিয়া বলেন, ‘১২ বছর ধরে এখানে দোকানদারি করতেছি। একবার রাস্তা চওড়া করছে, একবার পাইপ বসাইছে। কিন্তু রাস্তা ঠিক করে নাই। শেওড়াপাড়া বাসস্ট্যান্ড থিকা অলি মিয়ার টেকের বাজার পর্যন্ত এমন ভাঙা।’
এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, সড়কটির প্রস্থ কয়েক বছর আগে ১২ ফুট ছিল, পরে বাড়িয়ে ২০ ফুট করা হয়। এই এলাকার দীর্ঘদিনের সমস্যা জলাবদ্ধতা। সামান্য বৃষ্টিতেই এই সড়কটি তলিয়ে যেত। গত বছর সিটি করপোরেশনের পক্ষ থেকে সড়কের ২৪ ইঞ্চি ব্যাসের পানির পাইপ তুলে ৩৬ ইঞ্চি ব্যাসের পাইপ বসানো হয়। পাইপ বসানোর পরে গর্ত ভরাট করতে মাটি ফেলা হয়। কিন্তু পিচ ঢালাইয়ের কাজ না করেই হঠাৎ কাজ বন্ধ করে দেওয়া হয়। এই পথের নিয়মিত যাত্রী মাঈনুদ্দিন বলেন, ‘সড়ক ভাঙা হলেও মেরামত হচ্ছে না বছরের পর বছর। গত বছর নতুন পাইপ বসানোর সময় কয়েক দিন পুরো রাস্তা বন্ধ ছিল। সবাই ভাবছিল এবার বুঝি ঠিক হবে। কিসের কী! মাটি ভরে দিয়ে গেছিল, এখন পুরো রাস্তা ভেঙেচুরে গেছে।’
সরেজমিনে দেখা যায়, সড়কের বিভিন্ন জায়গায় ছোট ছোট গর্তের সৃষ্টি হয়েছে। সড়কের অলি মিয়ার টেক বাজারের অংশে বেশি এবড়োখেবড়ো। সড়কটি শেষ কবে পিচ ঢালাই হয়েছিল তা দেখে বোঝার উপায় নেই। সংস্কারকাজ না হওয়ায় চলাচলে খুবই দুর্ভোগ পোহাতে হচ্ছে বলে অভিযোগ করেন স্থানীয় লোকজন।
এলাকাটি ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৪ নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর হুমায়ুন রশীদ দেশের বাইরে থাকায় তাঁর সঙ্গে যোগাযোগ করা যায়নি। এ বিষয়ে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা গুল্লাল সিংহ বলেন, সড়কটি সংস্কারের কাজ চলমান। এই অর্থবছরে সংস্কারের কাজ শেষ হবে।