ভাঙা সড়কে ঝাঁকুনিতে রোগীর বারোটা

ময়মনসিংহ শহরের চরপাড়ায় অবস্থিত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান ফটকের সামনের রাস্তার প্রায় এক কিলোমিটার এক বছর ধরেই কার্পেটিং উঠে যাচ্ছিল। কার্পেটিং উঠে গিয়ে হাসপাতালের প্রধান ফটকের সামনে অসংখ্য খানাখন্দের সৃষ্টি হয়েছে। খানাখন্দে ভরা ওই এক কিলোমিটার সড়কের বেহল দশার কারণে প্রতিদিন চরম ভোগান্তিতে পড়ছে হাসপাতালে সেবা নিতে আসা রোগী ও সাধারণ মানুষ।
সড়কটির ওই অংশ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চার লেন প্রকল্পের মধ্যে পড়ায় সংস্কারের দায় নিচ্ছে না সড়ক ও জনপথ বিভাগ (সওজ)। অন্যদিকে দ্রুত ওই অংশে চার লেনের কাজ শুরু করার আশায় আপাতত চার লেন প্রকল্পের আওতায়ও সড়কটি সংস্কারের কোনো সম্ভাবনা নেই বলে জানা গেছে। এ অবস্থায় চরম ভোগান্তিতে পড়েছে ময়মনসিংহ জেলাসহ আশপাশের বিভিন্ন জেলা থেকে চিকিৎসাসেবা নিতে এই হাসপাতালে আসা রোগীরা।
স্থানীয় সূত্রে জানা যায়, ময়মনসিংহ শহরের বাস টার্মিনাল থেকে হাসপাতাল পর্যন্ত আড়াই কিলোমিটার সড়ক গত পাঁচ থেকে সাত বছর ধরেই জোড়াতালি দিয়ে চলছিল। প্রায় প্রতিবছর বর্ষায় সড়কটির বেহালদশার সৃষ্টি হলে সওজের পক্ষ থেকে নামমাত্র সংস্কার করা হতো। কিন্তু ২০১০ সালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক চার লেনে উন্নীত করার কাজ শুরু হওয়ার পর চরপাড়া মেডিকেল কলেজ মোড় পর্যন্ত চার লেনের আওতায় চলে যায়। এরপর ২০১২ সালে ওই প্রকল্পের আওতায় রাস্তাটি একবার সংস্কার করা হয়।
গত রোববার (৩ আগস্ট) সরেজমিনে দেখা যায়, হাসপাতালের প্রধান ফটকের দুই দিকে প্রায় এক কিলোমিটার অংশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য খানাখন্দ। নানা স্থানে কার্পেটিং উঠে গিয়ে সড়কটির ওই অংশ যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। খানাখন্দের কারণে রোগী বহন করা অ্যাম্বুলেন্সগুলোকে খুবই মন্থর গতিতে চলতে দেখা যায়। নেত্রকোনার খালিয়াজুড়ি থেকে মাইক্রোবাস ভাড়া করে আসা এক রোগীর স্বজন অভিযোগ করেন, সড়কে খানাখন্দের কারণে রোগী নিয়ে হাসপাতালে ঢুকতে দেরি হয়েছে। ওই সড়ক দিয়ে চলছে ঢাকা থেকে ময়মনসিংহ, শেরপুর, নেত্রকোনাগামী বাস। খানাখন্দের কারণে মাঝেমধ্যে সৃষ্টি হচ্ছে যানজট। এতে রোগীদের দীর্ঘ সময় সড়কে আটকে থাকতে হচ্ছে। এক অ্যাম্বুলেন্সচালক মো. মাসুদ রানা বলেন, সড়কে গর্তের কারণে মাঝেমধ্যে অন্তঃসত্ত্বা রোগীদের খুব কষ্ট হয়।
সড়ক ও জনপথ বিভাগ (সওজ) ময়মনসিংহের নির্বাহী প্রকৌশলী শামীম আল মামুন বলেন, ‘চার লেন প্রকল্পের আওতায় থাকায় ওই অংশের সব দেখভাল করার দায়িত্ব প্রকল্পেরই। আমাদের কোনো দায়িত্ব এখানে নেই।’
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চার লেন প্রকল্পের ব্যবস্থাপক মনোয়ার-উজ-জামান বলেন, চার লেন প্রকল্পের অধীনে সংস্কার করার কথা না থাকলেও গুরুত্বপূর্ণ স্থানে সংস্কার করা হয়। তবে ওই অংশে দুই মাসের মধ্যে চার লেনের কাজ করার সম্ভাবনা থাকায় সংস্কারের বিষয়ে কিছু বলা যাচ্ছে না।