ভাঙা সড়কে ভাঙছে গাড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী-তানোর সড়কের হাটদো এলাকার ছবিটি গত সোমবার তোলা l শহীদুল ইসলাম
রাজশাহী-তানোর সড়কের হাটদো এলাকার ছবিটি গত সোমবার তোলা l শহীদুল ইসলাম

সড়কের গর্তে পড়ে গাড়ির এক্সেল ভেঙে চাকা খুলে গেছে। ফাঁকা মাঠের মধ্যে গাড়ি নিয়ে বিপাকে পড়েছেন চালক আমিনুল ইসলাম। খানাখন্দে ভরা রাজশাহী-তানোর সড়কে প্রায়ই গাড়িচালকদের আমিনুলের মতো অবস্থার শিকার হতে হচ্ছে।
এলাকার কয়েকজন বাসিন্দা জানান, রাজশাহীর পবা উপজেলার বায়া থেকে তানোর পর্যন্ত রাজশাহী-তানোর ২৫ কিলোমিটার সড়কের বেশির ভাগ অংশ ভাঙাচোরা ও খানাখন্দে ভরা। এর মধ্যে পবার বাগধানী সেতু থেকে তানোরের চান্দুড়িয়া পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার সড়ক একেবারে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এক বছরের বেশি সময় ধরে সড়কটির এই অবস্থা। কিন্তু কর্তৃপক্ষ সড়কটি সংস্কারের উদ্যোগ নেয়নি। জরুরি মেরামতকাজও করেনি।
তানোর উপজেলা প্রকৌশলীর কার্যালয়ের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, তানোর ও নাচোল উপজেলার মাটিতে আঠালো ভাবটা কম। এ জন্য মাটি কমপ্যাক্ট থাকে না। ফলে সড়ক যত ভালো করেই করা হোক, বেশি দিন টেকে না।
সম্প্রতি সরেজমিনে দেখা যায়, তানোরের হাটদোর বিল এলাকায় রাস্তার ওপরের কার্পেট উঠে গিয়ে নিচের মাটি বের হয়ে গেছে। বৃষ্টির পরে ভাঙা জায়গাগুলো কাদায় পরিণত হয়েছে। সেখানে জুঁই বেকারির একটি গাড়ি সড়কের গর্তে পড়ে সামনের এক্সেল ভেঙে চাকা বের হয়ে গেছে।
চালক আমিনুল ইসলাম বলেন, এই রাস্তায় এসে প্রায়ই এ ধরনের ঝামেলা হয়। তিনি এখন গাড়িটি নিয়ে কীভাবে যাবেন বুঝতে পারছেন না।
পিকআপ ভ্যানের চালক বিকাশ আলী গাড়ি থেকে নেমে টেনে গর্ত পার করছিলেন। তিনি বলেন, এই রাস্তায় এলেই গাড়ির শুটার নাট কেটে যায়, পাতি ভেঙে যায়। রাস্তাটি ঠিক না হলে চলাচল খুবই কষ্টকর।
ব্যাটারিচালিত অটোরিকশা মিশুকচালক মফিজ সরকার যাত্রীদের গাড়ি থেকে নামিয়ে একটি গর্ত পার করছিলেন। তিনি বলেন, এই রাস্তা দিয়ে একই গতিতে গাড়ি চালিয়ে যাওয়া যায় না। প্রায় এক বছরের বেশি সময় ধরে এ দুর্ভোগ পোহাতে হচ্ছে।
পথচারী রতন আলী বলেন, এই সড়ক দেখার কোনো লোক নেই। রাস্তাটি দিয়ে তানোর-গোদাগাড়ীর সাংসদ ওমর ফারুক চৌধুরী বাড়িতে যাওয়া-আসা করেন। তাঁর গাড়িও এইভাবে পার করতে হয়। তারপরও রাস্তাটির কোনো গতি হয় না।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী গোলাম মোস্তফা বলেন, তাঁরা জরুরি সংস্কারকাজ কম করেন। এতে ভালো ফল পাওয়া যায় না। ওই রাস্তার খারাপ অংশটি সংস্কারের জন্য দরপত্র আহ্বান করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। আগামী ডিসেম্বরের দিকে এ রাস্তার কাজ শুরু হতে পারে।